বারিধারার জালে বিজেএমসির গোল উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারিধারার জালে বিজেএমসির গোল উত্সব
বারিধারার জালে বিজেএমসির গোল উত্সব

ম্যাচ তখনো শেষ হয়নি। অথচ বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেস বক্সে শুরু হয়ে গেছে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ব্যবধানে জয়ের পরিসংখ্যান নিয়ে ঘাঁটাঘাঁটি। বিজেএমসি যেভাবে উত্তর বারিধারার জালে গোল দেওয়া শুরু করেছিল, তাতে শেষ পর্যন্ত কোথায় গিয়ে তারা থামে সেটাই ছিল দেখার।

দুর্বল উত্তর বারিধারার নাকের জল, চোখের জল এক করে ছেড়েছে বিজেএমসি। আজ ম্যাচ শেষ যখন উত্তর বারিধারার ফুটবলাররা মাথা নিচু করে মাঠ ছাড়ছিলেন, স্কোর লাইনে তখন জ্বলজ্বল করছিল ৭-০!

পেশাদার ফুটবল যুগ শুরু হওয়ার পর ৭ গোল হজম করার রেকর্ড অবশ্য এই প্রথম নয়। এর আগে সাতবার এমন দৃশ্য দেখেছে বাংলাদেশের ফুটবল দর্শকেরা। ২০০৭ সালেই যেটা ছিল তিনবার। আবাহনী ৭-০ গোলে রহমতগঞ্জকে, মোহামেডান ৭-১ গোলে রহমতগঞ্জকে, মোহামেডান ৭-০ গোলে চট্টগ্রাম মোহামেডানকে হারিয়েছিল। ২০০৮ সালে ফরাশগঞ্জ ৭-০ গোলে জিতেছিল খুলনা আবাহনীর বিপক্ষে। আর ২০১০ সালে মোহামেডান শুকতারাকে এবং আরামবাগের জালে ৭ গোল করে দিয়েছিল।

গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে রানার্স আপ হওয়ার সুবাদে এবার প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছে উত্তর বারিধারা। কিন্তু দেশের সর্বোচ্চ পর্যায়ের খেলার নিষ্ঠুরতা এতদিন টের পায়নি। অবশ্য প্রথম ম্যাচে তারা ৪-০ গোলে হেরেছিল শেখ রাসেলের কাছে। এরপর মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে করে গোলশূন্য ড্র। কিন্তু আজ তাদের একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে বিজেএমসি।

বিজেএমসির আবদুল্লাহ পারভেজকে অবৈধভাবে ট্যাকল করে ১৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার সাইদুর। বাকি ৭১ মিনিট ১০ জনের দল হয়ে পড়ে উত্তর বারিধারা। মূলত এর পর থেকেই রক্ষণ ভাগ একেবারে এলোমেলো হয়ে পড়ে বারিধারার। সেই সুযোগে যে যেভাবে পেরেছেন গোল দিয়েছেন।
২৮ মিনিটে প্রথম গোল উত্সব শুরু করেন স্যামসান ইলিয়াসু। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল বাঙ্গুরা। এর পরের মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে শট করে তৃতীয় গোলটি করেন আবদুল্লাহ পারভেজ। ৩৯ মিনিটে স্কোর ৪-০ হয় সজীবের দুর্দান্ত এক হেডে। দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলানোর বদলে আরও এলোমেলো হয়ে পড়ে বারিধারা। এই সুযোগে ৬৭ মিনিটে বাঙ্গুরা করেন পঞ্চম গোল। ম্যাচের শেষ দুই মিনিটে পর পর দুটি গোল করেন স্যামসান ইলিয়াসু ও সজীব।
এত বড় জয়ে ম্যাচ শেষে তৃপ্তির ঢেকুর তুললেন বিজেএমসির কোচ আলী আসগর নাসির, ‘এত দিন দলের কর্মকর্তারা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। এখন তাঁরা এই দিকে নজর দিয়েছেন। এতেই দলের মধ্যে শৃঙ্খলা ফিরেছে। আর এসবেরই ফল আজ পেলাম।’
হতাশ উত্তর বারিধারার সহকারী কোচ মাহবুব আলী ভুলে যেতে চাইলেন এই দিনটাকেই, ‘আসলে আজ দিনটাই আমাদের ছিল না। সাইদের লাল কার্ড খাওয়ার পর গোলরক্ষক গনি মাঠে অসুস্থ হয়ে পড়ে। বদলি সানিকে নামিয়েও লাভ হয়নি। এই দিনটা ভুলে যেতে চাই আমরা।’