বারিধারার দুঃস্বপ্নের সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষ না হতেই প্রেসবক্সে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ব্যবধানে জয়ের পরিসংখ্যান নিয়ে ঘাঁটাঘাঁটি। বিজেএমসি যেভাবে উত্তর বারিধারার জালে গোল দেওয়া শুরু করেছিল, তাতে এই তৎপরতা শুরু হওয়াটাই ছিল স্বাভাবিক।
দুর্বল উত্তর বারিধারার নাকের জল, চোখের জল এক করে ছেড়েছে কাল বিজেএমসি। ম্যাচ শেষে যখন মাথা নিচু করে মাঠ ছাড়ছিলেন উত্তর বারিধারার ফুটবলাররা, স্কোর লাইনে জ্বলজ্বল করছিল ৭-০!
২০০৬ সালে পেশাদার ফুটবল লিগ শুরু হওয়ার পর কোনো দলের ৭ গোল খাওয়া এটাই প্রথম নয়। এর আগে সাতবার এমন দৃশ্য দেখেছে বাংলাদেশের ফুটবল দর্শক। ২০০৭ সালেই দেখা গেছে তিনবার। আবাহনী ৭-০ গোলে এবং মোহামেডান ৭-১ গোলে হারিয়েছিল রহমতগঞ্জকে। মোহামেডান সেবার চট্টগ্রাম মোহামেডানকেও হারিয়েছিল ৭-০ গোলে। ২০০৮ সালে ফরাশগঞ্জ ৭-০ গোলে হারায় খুলনা আবাহনীকে। ২০১০ সালে মোহামেডান শুকতারা ও আরামবাগের জালে দেয় ৭টি করে গোল।
গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়ে এবার প্রিমিয়ার লিগে এসেছে উত্তর বারিধারা। কিন্তু দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলের নিষ্ঠুরতার একটু আঁচ পায় প্রথম ম্যাচেই শেখ রাসেলের কাছে ০-৪ গোলে হেরে। এরপর মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করে যদি তাদের মধ্যে সামান্য আত্মতুষ্টিও এসে যায়, সেটি কী নিষ্ঠুরভাবেই না কাল বিদায় করল বিজেএমসি!
ম্যাচের ২০ মিনিটেই ১০ জনের দল হয়ে পড়ে বারিধারা। বিজেএমসির আবদুল্লাহ পারভেজকে অবৈধভাবে ট্যাকল করে ডিফেন্ডার সাইদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এতেই যেন চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে বারিধারার রক্ষণ। সুযোগটা কাজে লাগিয়ে গোলের উৎসব করেছে বিজেএমসি। ২৮ মিনিটে গোলের শুরু স্যামসান ইলিয়াসুর মাধ্যমে। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল বাঙ্গুরা। পরের মিনিটে প্রায় ২৫ গজি রংধনু শটে তৃতীয় গোলটি করেন আবদুল্লাহ পারভেজ। ৩৯ মিনিটে দুর্দান্ত হেডে ৪-০ করেন সজীব। ৬৭ মিনিটে বাঙ্গুরা করেন ৫-০। ম্যাচের শেষ দুই মিনিটে পরপর দুই গোল করেন ইলিয়াসু ও সজীব।
এত বড় জয়ে বিজেএমসির কোচ আলী আজগর নাসির উচ্ছ্বসিত, ‘এত দিন দলের কর্মকর্তারা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। এখন তাঁরা এই দিকে নজর দিয়েছেন। এতেই দলের মধ্যে শৃঙ্খলা ফিরেছে। আর এসবেরই ফল পেলাম।’
হতাশ উত্তর বারিধারার সহকারী কোচ মাহবুব আলী ভুলে যেতে চাইলেন এই দিনটাকে, ‘ আজ দিনটাই আমাদের ছিল না। সাইদের লালকার্ডের পর গোলরক্ষক গনিও মাঠে অসুস্থ হয়ে পড়ে। সানিকে নামিয়েও লাভ হয়নি। এই দিনটা ভুলে যেতে চাই আমরা।’