বারিধারার মধুর প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জানুয়ারিতে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে উত্তর বারিধারার জালে সাতবার বল পাঠিয়েছিল বিজেএমসি। সেই বিজেএমসিই কাল দেখল অন্য বারিধারাকে। লিগের তলানিতে থাকা বারিধারা ৩-০ গোলে হারিয়ে দিয়েছে বিজেএমসিকে। মধুর প্রতিশোধ!

ক্লাবের নানা অব্যবস্থাপনা, খেলোয়াড়দের অনিয়মিত বেতন, অনুশীলন ছাড়াই মাঠে নামা—এসব প্রতিকূলতা ধাওয়া করছে বিজেএমসিকে। সেসব পেছনে রেখে গত ম্যাচে বিজেএমসি হারিয়েছিল মোহামেডানকে।

বারিধারাকে হারানোর ব্যাপারে অতি আত্মবিশ্বাসী ছিল বিজেএমসি। সেটিই কাল হলো। দুর্দান্ত খেলল বারিধারা। নবাগত দলটির এমন বদলে যাওয়ার পেছনে বড় অবদান দুই নতুন বিদেশি কেনিয়ান কলিন্স টিয়েগো ও পশ্চিমবঙ্গের ফাইয়াজ আলমের। দুজন ভীতি ছড়িয়েছে বিজেএমসির রক্ষণে।

ঢাকার ফুটবলে আফ্রিকানদের আনাগোনাই বেশিই। কাল পশ্চিমবঙ্গের ফাইয়াজের অভিষেক হলো ঢাকায়। কলকাতার মধ্যবিত্ত পরিবারের ফাইয়াজ ফুটবলে বড় কিছু করার স্বপ্ন দেখেন। খিদিরপুরের যুবক এর আগে খেলেছেন কলকাতা লিগের দল টালিগঞ্জ অগ্রগামীতে। বারিধারার কোচ দেলোয়ার হোসেনের আগ্রহে এসেছেন ঢাকায়। প্রথম ম্যাচেই দলকে স্মরণীয় জয় উপহার দিলেন এই বাঙালি।

ম্যাচের ৪ মিনিটে বিজেএমসির জালে বল। নজরুলের লম্বা ক্রসে মাথা ছুঁয়ে টিয়োগো এগিয়ে নেন বারিধারাকে। খালেকুরের ক্রস থেকে ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাইয়াজ। ৮৭ মিনিটে ৩-০ করেন সুজন।

লিগে ১৩ ম্যাচে এটি বারিধারার দ্বিতীয় জয়। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আটে উঠে এসেছে। উচ্ছ্বসিত ফাইয়াজ বললেন, ‘এই জয়টা আমাদের খুব দরকার ছিল। এখন আত্মবিশ্বাস বেড়ে গেছে অনেক। আশা করি, বারিধারা অবনমনও এড়াতে পারবে।’

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাতে বিজেএমসি। তবে যেভাবে চলছে, বিজেএমসি পয়েন্ট টেবিলে আরও নিচে নেমে যেতে পারে!