বার্ডের একাদশে ব্র্যাডম্যান নেই!
টেস্টের সর্বকালের সেরা একাদশ যে-ই নির্বাচন করুন, সেটি নিয়ে বিতর্ক হবেই। এত এত গ্রেট ক্রিকেটারের মধ্যে ১১ জনকে বেছে নিতে গিয়ে বাদ দিতে হয় অনেক মহারথীকেই। তবে এত দিন এমন যত একাদশ হয়েছে, একটা নাম সব সময়ই ‘কমন’ থেকেছে—ডন ব্র্যাডম্যান। সেই ব্র্যাডম্যানই স্থান পাননি ডিকি বার্ডের নির্বাচিত একাদশে। ক্রিকেটের প্রথম তারকা আম্পায়ারের ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর নির্বাচিত একাদশটি ছাপা হয়েছে ইংলিশ দৈনিক টেলিগ্রাফ-এ। শুধু ব্র্যাডম্যানই নন, বার্ডের দলে জায়গা পাননি টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা প্রথম ১০ ব্যাটসম্যানের কেউই! আধুনিক ক্রিকেটের গ্রেট শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস—এঁরা কেউই নেই। ওয়েবসাইট। একাদশে যাঁদের রেখেছেন, তাঁদের সবার খেলাই দেখার সৌভাগ্য হয়েছে আম্পায়ার বার্ডের। সাবেক ইংলিশ আম্পায়ার অবশ্য লারা-টেন্ডুলকারের খেলা দেখলেও তাঁদের রাখেননি। ভারতীয়দের মধ্যে আছেন শুধু সুনীল গাভাস্কার। বার্ডের বিচারে সর্বকালের সেরা দুই ওপেনারের একজন গাভাস্কার। আর লিটল মাস্টারের ওপেনিং সঙ্গী দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যারি রিচার্ডস সম্পর্কে তাঁর মত, ‘বর্ণবাদের ব্যাপারটা না ঘটলে সব রেকর্ডই তিনি ভেঙে দিতেন।’ প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৮ হাজারের ওপরে রান আর ৮০টি সেঞ্চুরির মালিক ব্যারি রিচার্ডস মাত্র একটি সিরিজই খেলার সুযোগ পেয়েছিলেন। চার টেস্টে ২টি সেঞ্চুরি ও ২টি ফিফটিসহ করেছিলেন ৫০৮ রান।বর্ণবাদের কারণে প্রতিভার সবটুকু টেস্ট ক্রিকেটে মেলে ধরতে না-পারা আরেক দক্ষিণ আফ্রিকান গ্রায়েম পোলককেও রেখেছেন বার্ড। আছেন দুই ওয়েস্ট ইন্ডিয়ান ভিভ রিচার্ডস ও গ্যারি সোবার্সও। সোবার্স সম্পর্কে বার্ডের অভিমত, ‘এই অলরাউন্ডারই আমার দেখা সর্বকালের সেরা খেলোয়াড়।’ তালিকায় ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ক্রিকেটার অফ স্পিনার ল্যান্স গিবস। দলে অস্ট্রেলিয়ারও আছেন তিনজন: গ্রেগ চ্যাপেল, ডেনিস লিলি ও শেন ওয়ার্ন। লিলিকে তাঁর দেখা সেরা ফাস্ট বোলার মনে করেন বার্ড। একাদশে বার্ডের একমাত্র স্বদেশি উইকেটরক্ষক অ্যালান নট। বার্ডের দলের অধিনায়ক পাকিস্তানের ইমরান খান। বার্ডের সর্বকালের সেরা টেস্ট একাদশ: সুনীল গাভাস্কার, ব্যারি রিচার্ডস, ভিভ রিচার্ডস, গ্রেগ চ্যাপেল, গ্যারি সোবার্স, গ্রায়েম পোলক, অ্যালান নট, ইমরান খান, ডেনিস লিলি, শেন ওয়ার্ন ও ল্যান্স গিবস।