বার্ডের স্বপ্নের দলে শচীন ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে ৮০-তে পা দেন ডিকি বার্ড। সাবেক এই ইংলিশ আম্পায়ারের জন্মদিন উপলক্ষে তাঁর স্বপ্নের টেস্ট দল ঘোষিত হয়েছিল। দেখা গেল ১১ সদস্যের দলে দুই কিংবদন্তি ডন ব্রাডম্যান ও শচীন টেন্ডুলকারের নাম নেই।ব্রাডম্যান-শচীন ছাড়া স্বপ্নের টেস্ট দল! স্বাভাবিকভাবেই সেটা নিয়ে শুরু হয় বিতর্ক। তবে ডিকি বার্ড দাবি করেছেন, তাঁর দলে শচীন টেন্ডুলকারের নাম ছিল। ১৬ সদস্যের দলকে সংবাদের প্রতিবেদক নিজের মতো করে কমিয়ে ১১ জনের করায় এই বিতর্ক হচ্ছে।বার্ড জানান, ডন ব্রাডম্যানের নাম তিনি ইচ্ছে করেই রাখেননি। কারণ, ব্রাডম্যানের কোনো খেলায় আম্পায়ারিং করার অভিজ্ঞতা তাঁর নেই। স্বপ্নের দলে কেবল এমন খেলোয়াড়কেই রেখেছেন, যাকে মাঠে দেখেছেন তিনি।বার্ড বলেন, ‘আমার ১৬ সদস্যের স্বপ্নের টেস্ট দলে শচীন টেন্ডুলকারের নাম আছে। যখন শুধু ১১ সদস্যের দল ঘোষণা করা হলো, আমি সত্যি বিরক্ত হয়েছিলাম। ১৬ জনের দল থেকে সেরা একাদশ নির্বাচন করা কঠিন। নিজ থেকে সেই কাজটা করেছে সংশ্লিষ্ট প্রতিবেদক। আমার পছন্দের দলে শচীন ছিল।’৮০ বছর বয়সী বার্ড বলেন, ‘ডন ব্রাডম্যান আমার স্বপ্নের দলে নেই। কারণ, তাঁর অংশ নেওয়া কোনো ম্যাচেই আমি আম্পায়ারিং করিনি।’ঘোষিত ১১ সদস্যের দলের সদস্যরা হলেন ইমরান খান, ব্যারি রিচার্ডস, স্যার ভিভ রিচার্ডস, গ্রেগ চ্যাপেল, স্যার গ্যারি সোবার্স, গ্রায়েম পোলক, অ্যালান নট (উইকেটরক্ষক), সুনীল গাভাস্কার, ডেনিস লিলি, শেন ওয়ার্ন ও ল্যান্স গিবস।যে পাঁচজনের নাম দলে ছিল কিন্তু আগে ঘোষিত হয়নি তাঁরা হলেন শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, অ্যান্ডি রবার্টস, রিচার্ড হ্যাডলি ও ম্যালকম মার্শাল।কাল বুধবার ৪০-এ পা দেবেন শচীন। লিটলমাস্টারের প্রশংসা করে তাঁকে আগাম শুভেচ্ছাটাও জানিয়ে রেখেছেন ডিকি বার্ড, ‘শচীন গ্রেট খেলোয়াড় এবং সত্যিকারের একজন ভদ্রলোক। জন্মদিনে তাঁর প্রতি আমার শুভকামনা রইল। সে আরও দুই-তিন বছর খেলতে পারবে। এখনই শচীনের অবসর নেওয়া ঠিক হবে না।’ সূত্র: ওয়েবসাইট।