বার্নাব্যুকে স্তব্ধ করে দেব: শোয়েনস্টাইগার
ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন আজ রাতে রিয়াল ১২ জন খেলোয়াড় নিয়ে খেলবে। তাদের দ্বাদশতম খেলোয়াড় হলো সান্তিয়াগো বার্নাব্যুর দর্শক। কিন্তু বায়ার্ন মিউনিখের অন্যতম তারকা বাস্তেইন শোয়েনস্টাইগার জানিয়েছেন, সান্তিয়াগো বার্নাব্যুকে স্তব্ধ করে দিতে সম্ভব সবকিছুই করবেন তারা।নিজেদের উজ্জীবিত করার জন্য এমন কথা বললেও জার্মান জাতীয় দলের এই তারকার প্রতিপক্ষ রিয়ালের প্রতি রয়েছে যথেষ্ট শ্রদ্ধা। তিনি বলেছেন, মিউনিখে পরাজয়ের ঝাল রিয়াল নিজেদের মাটিতে মিটিয়ে নিতেই চাইবে। হোসে মারিনহোর শিষ্যরা যে তাদের সবটুকু এই ম্যাচে উজাড় করে দেবে তাও বলতে ভোলেননি শোয়েনস্টাইগার। মিউনিখে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নের কাছে ২-১ গোলে হেরে এ মুহূর্তে পিঠ দেয়ালে ঠেকে আছে রিয়ালের। বিষয়টি নিয়ে বায়ার্নের খেলোয়াড়েরা যথেষ্ট সচেতন আছেন বলেই জানিয়েছেন শোয়েনস্টাইগার। ‘আমাদেরও সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। নিজেদের উজাড় করে দিয়ে রিয়ালের অগ্রযাত্রা ঠেকাতে হবে।’ বলেছেন শোয়েনস্টাইগার। তিনি আরও বলেন, ‘ম্যাচের প্রথম ২০ মিনিটে রিয়ালের খেলোয়াড়দের সঙ্গে গলা ফাটিয়ে চিত্কার করবে বার্নাব্যুর দর্শকেরা। তাদের স্তব্ধ করে দিতে সম্ভব সবকিছুই করতে হবে আমাদের।’ইনজুরি গত কিছুদিন ধরে খুব ভোগাচ্ছে শোয়েনস্টাইগারকে। তবে চোট-ফোট পেছনে ফেলে আপাতত নিজেকে ফিরে পেয়েছেন বলেই মনে করেন তিনি। বলেছেন, ‘আমি আবার পুরোনো সময়গুলোর অনুভূতি পাচ্ছি। এই অনুভূতিটা গাঢ় হয়েছে মিউনিখে চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগে ওই দুর্দান্ত জয়টার পর থেকেই।’শোয়েনস্টাইগার বলেন, এ ধরনের ম্যাচগুলো আপনাকে ইনজুরি দ্রুত কাটিয়ে উঠতে তাড়না জোগায়। ওয়েবসাইট।