বার্নাব্যুতে আজ 'হাজার হাজার' রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন মুখোশেই হাজির হবেন রোনালদো-সমর্থকেরা
এমন মুখোশেই হাজির হবেন রোনালদো-সমর্থকেরা

আজ বার্নাব্যুতে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে মাঠে নামার পর রিয়াল শিবিরে ‘কী নেই, কী নেই’—এমন একটি হাহাকার ছড়িয়ে পড়া মোটেও অস্বাভাবিক নয়। সত্যিই সান্তিয়াগো বার্নাব্যুর বাতাসে আজ ভেসে বেড়াবে এক বিরাট শূন্যতা। হবে না! এ শূন্যতার নাম যে ক্রিস্টিয়ানো রোনালদো! কয় দিন আগেই আলমেরিয়ার বিপক্ষের ম্যাচে চোট পেয়েছিলেন। ফলে আজ ঘরের মাঠের ম্যাচটিতে তাকে দর্শক হয়েই থাকতে হবে।

কিন্তু সমর্থকেরা কিছুতেই রোনালদোকে ‘মিস’ করতে রাজি নয়! মাঠে রোনালদো না থাকলেও গ্যালারিতে ঠিকই তাঁর দেখা মিলবে। তাও একটি-দুটি নয়; ৪৫ হাজার! তা কী করে হয়! হ্যাঁ, এমনই বুদ্ধি এঁটেছেন রোনালদো ভক্তরা। ৪৫ হাজার সমর্থক রোনালদোর ছবিসংবলিত মুখোশ পরে হাজির হবেন বার্নাব্যুতে। যেন গ্যালারিতে আছেন হাজার হাজার রোনালদো!

রোনালদোর চোট অবশ্য ভাবনার কিছু নয় বলেই আশ্বস্ত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে কিছুদিন তাঁকে বিশ্রামে থাকতেই হবে। কিন্তু রোনালদোর অনুপস্থিতি কিছুতেই টের পেতে দিতে চায় না ভক্ত-সমর্থকেরা। কথা হলো, সমর্থকদের এ ভালোবাসার প্রতিদান দিতে পারবেন রোনালদো? তাদের আরাধ্য ‘লা দেসিমা’র স্বপ্ন পূরণ করতে পারবে পর্তুগিজ উইঙ্গার?