রাতটা বার্সেলোনার জন্য ছিল আক্ষেপের, রিয়াল মাদ্রিদের জন্য উৎসবের। বার্সার আক্ষেপ, প্রথম লেগে ভিক্টর ভালদেসের সেই পাগলামিতে খেয়ে বসা গোলটি যদি না হতো! যদি হাভিয়ের মাচেরানো এমন শিশুতোষ ভুল না করতেন! যদি ওয়ান-টু-ওয়ান পরিস্থিতিতে ইকার ক্যাসিয়াসকে পেয়েও পেদ্রো গোলটা করতে ব্যর্থ না হতেন! যোগ করা সময়ে মনতোয়া আর মেসির দুটি প্রচেষ্টা এভাবে ব্যর্থ হয়ে না যেত!বার্সা যখন এভাবে আক্ষেপের নিকষ কালো আঁধারের সমুদ্রে ডুবে ছিল; সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল তখন উৎসবে মাতোয়ারা। সাত ম্যাচ ধরে নিজেদের মাঠে বার্সার বিপক্ষে না জেতা, মৌসুমের শুরুতে টানা তিন ম্যাচে জয়ের মুখ না দেখা—সব হিসাব পাল্টে দিয়ে পাল্টা-আক্রমণে ক্ষুরধার রিয়াল এদিন বার্সার বুকে বিদ্ধ করল তীক্ষতম ফলা। একের পর এক লং বলে বার্সার অপটু রক্ষণকে ত্রস্ত করে তুলল বারবার। কার্লোস পুয়োলের অনুপস্থিতি, ম্যাচের একদম আগমুহূর্তে দানি আলভেসের চোট নিয়ে সরে যাওয়ার সর্বোচ্চ মাশুল তুলল হোসে মরিনহোর দল। ১৯ মিনিটের মধ্যে বার্সার জালে দুই গোল ঢুকিয়ে ম্যাচটা খুন করে ফেলার ইঙ্গিত দিল সাততাড়াতাড়ি। সর্বনাশের চূড়ান্ত হলো ২৭ মিনিটে আদ্রিয়ানো লাল কার্ড দেখে বার্সাকে ১০ জনের দল বানিয়ে ফেলায়।রিয়ালের দুটি গোলের মধ্যেই মিল আছে। সেন্টার হাফেরও অনেক নিচ থেকে লম্বা দুটি পাস। যেন বার্সার রক্ষণ চিরে ছুটে যাওয়া দুটি বর্শা! প্রথমবার পেপে। ১১ মিনিটে পর্তুগিজ ডিফেন্ডারের লং বল। ক্লিয়ার করতে গিয়ে মাচেরানো করলেন শিশুতোষ ভুল। ব্যাক কিক নিতে নিয়ে বল পায়েই লাগাতে পারলেন না। আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইনকে উপহারই দিলেন। ওত পেতে থাকা হিগুয়েইন ওয়ান টাচে দারুণভাবে বাড়িয়ে দিলেন বল। ভালদেসের পায়ের তল দিয়ে বল ঠেলে দিলেন জালে। আট মিনিট পর অভিন্ন দৃশ্য। শুধু পাত্রবদল। এবার জাবি আলোনসোর লং বল, প্রায় একই জায়গা থেকে। এবার ভুলটা করলেন জেরার্ড পিকে। রোনালদো বাঁ থেকে বল টেনে আলনেল ডানে। অপ্রস্তুত বার্সা রক্ষণ তখনো হতভম্ব। রোনালদো খানিকটা সময় নিয়ে করলেন জোরাল কিক। ভালদেসের হাতে লেগে বল ঢুকে গেল জালে।এরই মধ্যে ফ্রি-কিক থেকে রিয়ালের আরেকটি গোল বাতিল হয়ে গেল পেপে বক্সে ফাউল করায়। না হলে ম্যাচটা ওখানেই শেষ হয়ে যেত। আদ্রিয়ানোর ফিরে যাওয়ার মধ্যে ম্যাচটা শেষই হয়ে গেছে বলে যখন ধরে নেওয়া হলো, সেই সময় প্রথমার্ধের শেষ মুহূর্তে ৩২ গজ দূর থেকে নেওয়া মেসির দুর্দান্ত ফ্রি-কিক। অবিশ্বাস্য সেই ফ্রি-কিক ওয়ালের ওপর দিয়ে বাঁক নিয়ে ঢুকে গেল জালে। এই গোল দিয়ে একটা ইতিহাস অবশ্য গড়লেন মেসি। এল ক্লাসিকোতে বার্সার পক্ষে সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই। আগে যে রেকর্ডটি সাবেক তারকা সিজার রদ্রিগেজের সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছিল। এল ক্লাসিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়েও ওঠে এলেন মেসি। সঙ্গে আছেন রাউল, উপরে কেবল ডি স্টেফানো।২-১-এ শেষ হলো প্রথমার্ধ। বার্সা ফিরে পেল আত্মবিশ্বাস। ২-২ করতে পারলেই শিরোপা থেকে যাবে বার্সার ঘরে।দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়েই বরং ভালো খেলেছে বার্সা। তুলনামূলক বেশি গোছানো ছিল। মাচেরানো ভুলের প্রায়শ্চিত্ত প্রায় করেই ফেলেছিলেন। পেপের মতোই তাঁর দারুণ একটা লং বল খুঁজে নিয়েছিল বক্সের ভেতরে থাকা পেদ্রোকে। কিন্তু পেদ্রোর শট ঠেকিয়ে দিয়েছেন ক্যাসিয়াস। শেষ মুহূর্তে চেপে বসা বার্সাকে হতাশ করেছে রিয়াল অধিনায়কই। শেষ পর্যন্ত ৮৭-৮৭ সমতায় থাকা এল ক্লাসিকোর লড়াইয়ে আবারও এক ধাপ এগিয়ে গেল রিয়াল। মৌসুমের প্রথম শিরোপা নিশ্চয়ই লিগেও ঘুরে দাঁড়ানোর প্রয়োজনীয় আত্মবিশ্বাসের জ্বালানি এনে দেবে তাদের। ওয়েবসাইট।