বার্নাব্যুতে সাদা পাউডার আতঙ্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার সকাল থেকেই সান্তিয়াগো বার্নাব্যুতে অনেক পুলিশ সদস্য এসে উপস্থিত। সবাই হাজমাত স্যুট পরা। তাঁদের পাশাপাশি অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য, রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করা বিশেষ এজেন্টরাও এলেন। বার্নাব্যু তো বটেই, খালি করে দেওয়া হলো রিয়াল মাদ্রিদের এই স্টেডিয়ামটির আশপাশের শপিংমলগুলোও। কেন? একটা প্যাকেট পাওয়া গেছে বার্নাব্যুতে, যেটিতে ছিল সাদা পাউডার।
স্বাভাবিকভাবেই ভয়ের শিহরণ সবার মেরুদণ্ড বেয়ে নিচে নেমে গিয়েছিল। কী হয় আবার! পাউডারের প্যাকেটটাই বা কিসের! ঘণ্টা কয়েক পরীক্ষা-নিরীক্ষা চলেছে এ নিয়ে। শেষ পর্যন্ত জানা গেল, এটা সাধারণ পাউডারই। কোনো ক্ষতিকর কিছু নেই এতে। তবে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটি জানা গেল এরপর। প্যাকেটটা এসেছে ইতালি থেকে, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উদ্দেশে। এর কার্যকারণ এখনো অবশ্য জানা যায়নি। ডেইলি মেইল।