বার্মিংহামের সেই ম্যাচটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম শিরোপা যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল, তা সবারই জানা। কিন্তু প্রথম বিশ্বকাপের ইতিহাস অন্যভাবে লেখা হতো, যদি না ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কোনো রকমে পাকিস্তানকে হারাতে না পারত। এই ম্যাচে হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতেন ক্লাইভ লয়েড, রিচার্ডস, কালিচরনরা।বিশ্বকাপ ক্রিকেটেরই কেবল নয়, গোটা ওয়ানডে ইতিহাসেরই অন্যতম সেরা ম্যাচ ছিল সেটা। বার্মিংহামের সেই ম্যাচটিকে স্বয়ং ক্লাইভ লয়েডও সম্প্রতি তাঁর খেলা ‘সেরা ম্যাচে’র স্বীকৃতি দিয়েছেন।অবতরণিকা অনেক হয়েছে। এবার ম্যাচটির দিকে দৃষ্টি ফেরানো যাক। বার্মিংহামের রৌদ্রকরোজ্জ্বল সকালে নিজেদের অজান্তেই এক ‘ক্ল্যাসিক’ ম্যাচের টস করতে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড ও পাকিস্তানের মজিদ খান। টসে জিতে সে ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অ্যান্ডি রবার্টস, কেইথ বয়েস, বের্নার্ড জুলিয়েনদের দুর্ধর্ষ পেস আক্রমণ বেশ ভালোমতোই মোকাবিলা করছিলেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। অধিনায়ক মজিদ খান খেলেছিলেন ৬০ রানের এক অনবদ্য ইনিংস। পরে মুশতাক মোহাম্মদের ৫৫, ওয়াসিম রাজার ৫৭ বলে ৫৮ রানের ইনিংস দুটির সুবাদে নির্ধারিত ৬০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৬৬ রান।গর্ডন গ্রিনিজ, আলভিন কালিচরন, রোহান কানহাই, ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসের মতো বাঘা বাঘা ব্যাটসম্যান আছেন যে দলে, তাঁদের জন্য ২৬৭ রানের টার্গেটটা নিতান্ত মামুলিই বলা যায়। কিন্তু সে দিন সারফরাজ নেওয়াজ, নাসের মালিকদের অসাধারণ বোলিং পাল্টে দিল সব হিসাব-নিকাশ। কিন্তু খুব বেশিক্ষণ উইকেটে টিকতে পারলেন না গ্রিনিজ, ফ্রেডরিক, কালীচরণ, কানহাই, ভিভ রিচার্ডস। তিন অঙ্কের ঘরে না পৌঁছতেই সাজঘরে ফিরে গেলেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির এই পাঁচ ব্যাটসম্যান। আশার আলো কিছুটা জাগিয়ে রেখেছিলেন ক্লাইভ লয়েড। কিন্তু ৫৮ বলে ৫৩ রানের এক লড়াকু ইনিংস খেলে জাভেদ মিঁয়াদাদের শিকারে পরিণত হলে হতাশায় ডুবে যায় ক্যারিবীয় শিবির—স্কোরবোর্ডের চেহারা শোচনীয়। ১৫১ রান তুলতেই ৭ উইকেট নেই। টেনে-হিঁচড়ে স্কোরটাকে ২০৩ পর্যন্ত নিয়ে যেতেই পতন হলো আরাও দুটি উইকেটের। জয়ের জন্য তখনো দরকার ৬৪ রান।শেষ উইকেট জুটিতে এত রান সংগ্রহের কথা কেউ স্বপ্নেও ভাবে না। একদিকে অভিজ্ঞ ব্যাটসম্যান ড্যারেক মারে থাকলেও আরেক দিকে আছেন ব্যাটিংয়ে দুর্বল ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস। খেলোয়াড় হিসেবেও তিনি ছিলেন বেশ অনভিজ্ঞ। পাকিস্তানের সঙ্গে ম্যাচটিও ছিল রবার্টসের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বার্মিংহামে উপস্থিত অনেক পাকিস্তানি সমর্থকও ম্যাচের পরিস্থিতি বিবেচনায় উত্সবও শুরু করে দিয়েছিলেন।কিন্তু, পাকিস্তানি সমর্থকদের ধীরে ধীরে হতাশ করতে শুরু করলেন মারে ও রবার্টস। উইকেটে রীতিমতো খুঁটি গেড়ে বসে রইলেন তাঁরা। ধীরস্থির ব্যাটিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় শর্টগুলোও বেরিয়ে আসতে থাকল এই দুই ব্যাটসম্যানের হাত থেকে। সবাইকে রূদ্ধশ্বাস অপেক্ষায় রেখে একে একে ঠিকই ৬৩ রান যোগ করে ফেললেন এই জুটি। এর পরই এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। ওয়াসিম রাজার বলে মিড উইকেটে ঠেলে দিয়েই অবিশ্বাস্য এক জয়ের বন্দরে দলকে নিয়ে যান অ্যান্ডি রবার্টস। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৪ রানে। ড্যারেক মারের ৭৬ বলে ৬১ রানের হার না-মানা ম্যাচজয়ী ইনিংসও এখনো উজ্জ্বল বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে।সত্তর ও আশির দশকে ক্রিকেট বিশ্বে ওয়েস্ট ইন্ডিজের একক আধিপত্যের কালে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়ে অনেক জয়ই পেয়েছিল ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ওয়ানডে ক্রিকেটের ৪০ বছরের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ম্যাচের কথা বলতে গিয়ে উইন্ডিজ কিংবদন্তি ক্লাইভ লয়েডের স্মৃতিপটে সবার আগে ভেসে উঠেছিল এই ম্যাচটির কথাই।