বার্লিনের সেই রাতটি খুব মনে পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে বিশ্বকাপের ট্রফিটা উঁচিয়ে ধরে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাই সেরা।’ কিন্তু এবার? প্রথম রাউন্ড থেকেই লজ্জাজনকভাবে ছিটকে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা! আজ রাতেই নতুন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামছে স্পেন ও হল্যান্ড। ইকার ক্যাসিয়াস বা জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্টের মধ্যে যেকোনো একজন সোনায় মোড়ানো সেই বিখ্যাত ট্রফিটি মাথার ওপরে তুলে ধরে নিজেদের বিশ্বসেরা বলে ঘোষণা দেবেন। আজ থেকে চার বছর আগের বার্লিনের সেই রাতটির কথা নিশ্চয়ই বড্ড মনে পড়ছে ইতালির বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোর! এবারের বিশ্বকাপের ব্যর্থতা ক্যানাভারোর নস্টালজিক মনটাকে আরও বেশি ভারাক্রান্ত করে তুলছে। ব্যাপারটি স্বীকার করেছেন ক্যানাভারো নিজেই।‘আজ দুঃখ ভারাক্রান্ত হূদয় নিয়ে ফাইনাল খেলাটি দেখব। আমাদের বিশ্বসেরার মুকুট অন্যের হাতে চলে যাবে। চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারব না আমি। চার বছর আগের বার্লিনের সেই অবিস্মরণীয় রাতটি খুব মনে পড়বে। আবেগে ছেয়ে যাবে মন।’ কোনো রাখঢাক না রেখেই ফিফার ওয়েবসাইটে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন ক্যানাভারো।তবে নিজের মনে কথা অকপটে বলার পরপরই নিরেট বাস্তবতায় ফিরে এসেছেন বিশ্বের অন্যতম সেরা এই ডিফেন্ডার। ক্যানাভারো বলেছেন, এটা সত্যি, সব সময় জেতা সম্ভব নয়। পরপর দুবার বিশ্বকাপ ওপরে তুলে ধরার রেকর্ড নেই কোনো অধিনায়কেরই। এটাই ফুটবল।এবারের বিশ্বকাপে ইতালির ব্যর্থতাটি এখনো মেনে নিতে পারছেন না ক্যানাভারো। মন কিছুতেই সায় দিচ্ছে না এই নির্মম বাস্তবতায়। তিনি বলেছেন, ‘ইতালি প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে। এটি আমাদের জন্য যে কী লজ্জার, সেটা বোঝাই কীভাবে! ইতালির এবারের পারফরম্যান্স ছিল সত্যিই লজ্জার।’তবে ক্যানাভারো মনে করেন, ‘আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। কষ্ট হোক, তবুও নতুন বিশ্বচ্যাম্পিয়নের প্রতি রইল অন্তর থেকে শুভেচ্ছা।’ একই সঙ্গে তিনি মনে করেন, নতুন কোচের অধীনে খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে ইতালির ফুটবল। ফিরবে নিজেদের আপন কক্ষপথে।