বার্সা ইউনাইটেড চেলসির জয়
এই দুজনকে নিয়ে বার্সেলোনার দুশ্চিন্তার অন্ত ছিল না। ৩ কোটি ৭০ লাখ ইউরো গুনে উদিনেসে থেকে অ্যালেক্সিস সানচেজকে কিনে এসেছিল বার্সা। প্রায় সমান টাকা ব্যয়ে সেস ফ্যাব্রিগাসকে আনা হয়েছিল আর্সেনাল থেকে। আগের মৌসুমে দুজনই ছিলেন নিষপ্রভ। দুজন মিলে ৮০টির মতো ম্যাচ খেলে করেছেন মাত্র ৩০ গোল। চলতি মৌসুমের শুরুটাও দুজনের ভালো হয়নি। কিন্তু বার্সার কপালে দুশ্চিন্তার রেখা ধীরে ধীরে মুছে দিতে শুরু করেছেন সানচেজ-ফ্যাব্রিগাস। পরশু দুজনের দুই গোলেই ‘সাহসী’ বেনফিকাকে তাদেরই মাঠে হারাল বার্সা।পরশু সবচেয়ে সাহসী ছিল আসলে ক্লুজ। পুঁচকে দলটিই ভয় পাইয়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। ১৪ মিনিটে এগিয়েও গিয়েছিল রোমানিয়ার দলটি। কিন্তু শেষ পর্যন্ত রবিন ফন পার্সির জোড়া গোলে ঘাম ঝরিয়ে জিতেছে ইউনাইটেড। হুয়ান মাতার জোড়া গোলে এদিন সবচেয়ে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ব্রিটেনের আরেকটি দল সেল্টিকও জিতেছে স্পার্তাক মস্কোকে তাদেরই মাঠে হারিয়ে। প্রতিপক্ষের মাঠে ২১টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে এটি স্কটিশ ক্লাবটির প্রথম জয়। ২৬ বছর ধরে ইউরোপের শীর্ষ ক্লাব টুর্নামেন্টে অ্যাওয়ে ম্যাচ একটা গেরো হয়ে ছিল সেল্টিকের জন্য। প্রতিপক্ষের মাঠে তাদের সর্বশেষ জয়টি সেই ১৯৮৬ সালে। পরশুও মনে হচ্ছিল না তারা জিতবে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিওর্গিওস সামারাসের হেডারে নাটকীয় এক জয় পেয়েছে সেল্টিক। ইমানুয়েল এমিনিকের জোড়া গোলে ২-১-এ এগিয়ে গিয়েছিল রুশ ক্লাবটিই। কিন্তু ৭১ মিনিটে আত্মঘাতী গোলে সমতা ফেরার পর শেষ বাঁশি বাজার আগমুহূর্তে সামারাসের সেই গোলই গেরোটা খুলে দিল সাবেক চ্যাম্পিয়নদের। লিসবনের এস্তাদিও দা লুজ বা আলোর স্টেডিয়ামে পরশু আলো ছড়িয়েছে বার্সা। বেনফিকা আক্রমণাত্মক খেলাতেই বার্সা নিজেদের মতো করে খেলার সুযোগ পেয়েছে। আন্দ্রেস ইনিয়েস্তার না থাকা পূরণ করতে ইদানীং লিওনেল মেসি নিচে নেমে খেলছেন। গোল করার চেয়ে করানোর দিকেই তাঁর বেশি আগ্রহ। লিগের গত ম্যাচে সেভিয়ার বিপক্ষে তিনটি গোলেরই নির্মাতা তিনি। পরশুর দুটি গোলেও মেসির অবদান। প্রথম গোলটি করালেন ৬ মিনিটের মাথায়। বক্সের বাঁ প্রান্তে ঝোড়ো গতিতে বল নিয়ে ঢুকে ক্রস করেন। সানচেজ শুধু পা ছুঁইয়ে দেন। ৫৫ মিনিটে চার ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়িয়ে দেন ফ্যাব্রিগাসকে। নিখুঁত ফিনিশিংয়ে ২-০। এই ম্যাচে বার্সা দুটি হতাশাও কুড়িয়েছে। সরাসরি লাল কার্ড দেখেছেন সার্জিও বুসকেটস। আর কর্নার থেকে গোল করতে লাফিয়ে উঠে বেকায়দায় পড়ে গিয়ে দুই মাসের জন্য মাঠে বাইরে ছিটকে গেছেন অধিনায়ক কার্লোস পুয়োল। বাঁ কনুই সরে গেছে তাঁর।রবার্তো ডি মাত্তেওকে অবশ্য কোনো আফসোসের সুযোগ দেননি তাঁর শিষ্যরা। প্রথম ম্যাচে জুভেন্টাসের সঙ্গে ২-২ ড্র করা চেলসি ৪-০ জয়ে কক্ষপথে ফিরল। প্রথমার্ধে অবশ্য বোঝা যায়নি জয়টা এত বড় হতে পারে। দুই দলই আক্রমণাত্মক খেলেও প্রথম ৪৫ মিনিটে শুধু মাতার একটিই গোল। শেষ ১২ মিনিটেই চেলসি সর্বনাশ করেছে নরশেলানের। সমতাসূচক গোলের সন্ধানে আরও বেশি উন্মুক্ত হয়েছিল ডেনিশ ক্লাবটি। ৭৯ মিনিটে ডেভিড লুইজ, ৮২ মিনিটে মাতা, এর পর ৮৯ মিনিটে রামিরেসের গোল। এএফপি, রয়টার্স। এক নজরে নরশেলান ০ : ৪ চেলসি জুভেন্টাস ১ : ১ দোনেৎস্ক বরিসভ ৩ : ১ বায়ার্ন ভ্যালেন্সিয়া ২ : ০ লিল বেনফিকা ০ : ২ বার্সেলোনা স্পার্তাক মস্কো ২ : ৩ সেল্টিক সিএফআর ক্লুজ ১ : ২ ম্যানচেস্টার ইউনাইটেড গ্যালাতাসারাই ০ : ২ ব্রাগা