বার্সা-চেলসির মাথায় শুধু ন্যু ক্যাম্প
দিদিয়ের দ্রগবাকে নিয়ে রবার্তো ডি মাত্তেওয়ের আত্মবিশ্বাসের পারদ ক্রমেই উঁচুতে উঠছে। চেলসির অন্তর্বর্তী কোচের বিশ্বাস, চোটের সঙ্গে যুদ্ধে জিতে মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষে ঠিকই খেলতে পারবেন দ্রগবা। গত বুধবার দ্রগবার গোলেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে হারিয়েছে চেলসি। কিন্তু হাঁটুর চোটের কারণে আইভরিয়ান তারকা গত পরশু আর্সেনালের বিপক্ষে লিগ ম্যাচটি খেলতে পারেননি। শুধু দ্রগবা নন, চ্যাম্পিয়নস লিগের কথা মাথায় রেখে চেলসি কোচ আর্সেনালের বিপক্ষে বিশ্রাম দিয়েছিলেন সেরা একাদশের আটজন খেলোয়াড়কে!গত বুধবার ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ জিতে চেলসি ১৯ মের বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনাল খেলার ব্যাপারে অনেকটা আশাবাদী। কিন্তু আগামীকাল ফিরতি লেগটি খেলতে হবে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে। সুতরাং চেলসিকে দিতে হবে কঠিন পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ হতে ডি মাত্তেওয়ের দ্রগবাকে খুব প্রয়োজন। চেলসির ইতালিয়ান কোচ বলেছেন, ‘আগামীকাল খেলোয়াড়দের ব্যাপারটা আমরা মূল্যায়ন করব। হাঁটুতে চোট আছে তার (দ্রগবা)। কত দ্রুত সে চোটটা কাটিয়ে উঠতে পারে, এটা আমাদের দেখতে হবে।’শুধু চেলসি নয়, বার্সেলোনার ভাবনাতেও শুধুই চ্যাম্পিয়নস লিগ। পরশু চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হেরে যাওয়ার পর আন্দ্রেস ইনিয়েস্তাই যেমন বলেছেন, ক্লাসিকোতে হেরে যাওয়ায় তাঁদের হূদয় ভেঙে গেছে। তাঁদের দৃষ্টি এখন চেলসি ম্যাচের দিকে। প্রথম লেগে ১-০ গোলে হেরে এসেছে। ফাইনালে উঠতে হলে তাই দ্বিতীয় লেগে বার্সেলোনাকে জিততে হবে দুই গোলের ব্যবধানে। বিষম চাপে পড়েছে পেপ গার্দিওলার দল। এরই মধ্যে পরশু রিয়ালের কাছে এল ক্লাসিকোতে হেরে ভেস্তে গেছে লিগ শিরোপার স্বপ্নও। ২০০৯ সালের পর এই প্রথম টানা দুই ম্যাচে হারল বার্সেলোনা। কাগজে-কলমে সম্ভাবনা থাকলেও আশা কার্যত শেষ। ২-১ গোলে হারে বার্সেলোনার শত্রুশিবির রিয়ালের চেয়ে পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টে। ইনিয়েস্তাও তাই বলছেন, তাঁদের লিগ শিরোপার আশা শেষ। তবে বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আশাবাদী, এই হতাশা তাঁরা চেলসির ম্যাচে কাটিয়ে উঠতে পারবেন। ‘লিগের লড়াইটা আরেকটু টেনে নিয়ে যেতে পারলাম না বলে মনটা আমাদের ভেঙে গেছে। কিন্তু এটা আমাদের মেনে নিতেই হবে’—বলেছেন ইনিয়েস্তা।২৭ বছর বয়সী মিডফিল্ডার এর পরই বলেছেন চ্যাম্পিয়নস লিগের কথা, ‘এই মঙ্গলবারের অপেক্ষায় আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের এখন পরবর্তী প্রতিযোগিতায় মন দিতে হবে। অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু আমাদের পা হড়কালে চলবে না।’ এএফপি, ওয়েবসাইট।