বার্সা ছাড়বেন জাভি?

একজন সাচ্চা কাতালান হিসেবে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বার্সেলোনায় খেলবেন। স্বপ্ন বাস্তবে রূপ পায় ১১ বছর বয়সেই। ঘরের ক্লাব বার্সার বয়সভিত্তিক ফুটবলে সুযোগ পান। এরপর নিজের ফুটবলপ্রতিভা আর বার্সার নিবিড় পরিচর্যা— দুইয়ের অটুট মেলবন্ধনে তরতর করেই জাভির এগিয়ে চলা। বার্সার আঁতুড়ঘর থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে জাভি একজন। বহুবার বলেছেন, বার্সাতেই শেষ করতে চান ক্লাব ক্যারিয়ার। সেই জাভি কিনা এবার বললেন, ছিঁড়ে যেতেও পারে এ মায়ার বাঁধন!
পানেঙ্কা ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘এখানে ক্যারিয়ার শেষ করা কঠিনই বৈকি। বার্সাতেই শেষ করতে পারব কি না, জানি না। আমার তো ইচ্ছে রয়েছে। কিন্তু জানি না কী হবে।’ কেন এ সংশয়? তবে কি বার্সায় নিজের ভবিষ্যত্ নিয়ে একটু অস্বস্থিতে আছেন জাভি? বয়স নিয়ে জাভির মন্তব্য, ‘স্পেনে ৩০-এর বেশি খেলোয়াড়দের বাতিলের খাতায় ফেলে দেওয়ার রীতি আছে। সত্যি কথা বলতে কি, এ মুহূর্তে গোটা ক্যারিয়ারে সবচেয়ে ভালো অনুভব করছি। এখন আমি অনেক পরিপক্ব, শারীরিকভাবে ভীষণ ফিট, একই সঙ্গে অভিজ্ঞতার ঝুলিও পরিপূর্ণ।’
৩৩ বছর বয়সী কাতালান দলপতি আরও বলেন, ‘শারীরিকভাবে আমি ঠিক আছি। গত দুই মৌসুমের চেয়ে এবার অনেক ভালো বোধ করছি। কোনো খেলার সুযোগ হাতছাড়া করতে চাই না। এখন গতি আরও বাড়ানোর দিকে নজর দিতে চাই।’ বার্সার বন্ধন প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘মোদ্দাকথা, ক্লাবটির দর্শনের জন্যই বার্সায় খেলতে পেরে খুব খুশি। অন্য ক্লাবে খেলে সুখে থাকতে পারতাম কি না, জানি না। তবে সব সময় আমার কাছে বার্সাই প্রাধান্য পেয়েছে।’
জাভি তো সেই বিরল প্রজাতির ধ্রুপদি খেলোয়াড়। তবে তাঁকে কেন নিজ থেকেই বলতে হচ্ছে, ‘আমি ঠিকই আছি!’ বার্সায় শেষ করা নিয়ে কেনইবা সৃষ্টি হয়েছে এমন সংশয়? প্রশ্নগুলোর উত্তর আপাতত অজানা থাকলেও অনেক কিছুর ইঙ্গিত দেয় বৈকি! ওয়েবসাইট।