বার্সা ছাড়ার হুমকি আলভেজের

ন্যু ক্যাম্পে পা রেখেছিলেন বার্সেলোনার স্বর্ণালি সময়ের শুরুতে। ২০০৮ সাল থেকে একের পর এক শিরোপা জেতাটাই অভ্যাস হয়ে গিয়েছিল দানি আলভেজের। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের কাছে সাফল্যটা শুধু ভালো লাগারই বিষয় না, এটি তাঁর চালিকাশক্তিও। এবারের মৌসুমে দলের হতাশাজনক পারফরম্যান্সটা তাই কিছুতেই মেনে নিতে পারছেন না আলভেজ। কর্মশক্তিই নাকি হারিয়ে ফেলছেন ৩১ বছর বয়সী এই রাইট ব্যাক। এভাবে চলতে থাকলে প্রিয় ক্লাবটি ছেড়েও দিতে পারেন বলে ঘোষণা দিয়েছেন আলভেজ।
২০০৮ সালে ন্যু ক্যাম্পে আসার পর আলভেজ কাটিয়েছেন পাঁচটি সফল মৌসুম। শিরোপাবঞ্চিত হতে হয়নি কোনোবারই। জিতেছেন চারটি লা লিগা, দুটি কোপা ডেল রে ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। কিন্তু এবার কোনো শিরোপা ছাড়াই শেষ হতে পারে বার্সেলোনার হতাশাজনক মৌসুম। কোপা ডেল রে, চ্যাম্পিয়নস লিগের শিরোপা আগেই হাতছাড়া হয়ে গেছে। এখন কাতালান শিবিরে আশার আলো জ্বলছে শুধু লা লিগার শিরোপাটি ঘিরেই। এটাও যদি না জেতা যায় তাহলে বার্সায় থাকার কোনো অর্থ দেখছেন না আলভেজ। সব জায়গাতেই পরাজিত একটা দলের জার্সি গায়ে দিলে তিনি নাকি নিজের কর্মশক্তিই হারিয়ে ফেলবেন, ‘বার্সেলোনায় খেলার সুযোগ পাওয়া খুবই কঠিন। মানুষ পছন্দ করুক আর না করুক আমি এই ক্লাবের ইতিহাসের অংশ। কিন্তু আমার কর্মশক্তি প্রয়োজন। এবারের মৌসুমের ফলাফলগুলো মানুষের প্রত্যাশিত ছিল না। আর তারা কাউকে দায়ী করবেই। আমার নিজেকেও দায়ী মনে হচ্ছে। যদি এই পরিস্থিতির পরিবর্তন না হয়, তাহলে আমি সম্ভবত ক্লাব ছেড়ে দেব। কারণ আমি বিমর্ষ হয়ে পড়ছি।’
লা লিগার শিরোপা জয়ের লড়াই থেকে প্রায় ছিটকেই পড়েছিল বার্সেলোনা। কিন্তু তাদের আবার লড়াইয়ে ফিরিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। নিজেদের শেষ ম্যাচে ভ্যালাদোলিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বার্সাকে শিরোপা জয়ের সুযোগ করে দিয়েছে রিয়াল। এই মোক্ষম সুযোগটা কাজে না লাগাতে পারলে আফসোসের অন্ত থাকবে না বলেই জানিয়েছেন আলভেজ, ‘আমরা যদি লিগ জিততে না পারি তাহলে সেটা হবে ভয়াবহ বিপর্যয়। আমরা অনেকগুলো সুযোগ পেয়েছি আর আপনি এতগুলো সুযোগ নষ্ট করতে পারেন না। এই দলের ওপর আমার শতভাগ আস্থা আছে। আমি নিশ্চিত যে এবার আমরা হতাশ করব না।’— গোল ডটকম