বার্সা জিতল শিরোপা-পঞ্চক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা ৪, সান্তোস ০। আপনি এভাবেও দেখতে পারেন, লিওনেল মেসি ২, নেইমার ০। কাল জাপানের ইয়োকোহামায় দল হিসেবে সান্তোস শিখল, বার্সেলোনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করতে এখনো বহু ক্রোশ হাঁটতে হবে। আর নেইমার জানলেন, মেসির সঙ্গেও তাঁর ব্যবধান কতটা। দুটি দুর্দান্ত গোল করা মেসির ঔজ্জ্বল্যে পুরো ম্যাচে ম্লান হয়ে ছিলেন ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান। বার্সার পক্ষে বাকি দুটি গোল করেছেন জাভি ও সেস ফ্যাব্রিগাস।এ নিয়ে ২০১১ সালে পাঁচটি শিরোপা জিতল বার্সেলোনা। স্প্যানিশ লিগ, স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ আর ক্লাব বিশ্বকাপ। ২০০৮ সালে মূল ছয়টি ক্লাব টুর্নামেন্টেরই শিরোপা জিতে ইতিহাস গড়েছিল পেপ গার্দিওলার দল। স্প্যানিশ কাপের ফাইনালে না হারলে নিজেদের গড়া সেই কীর্তি আবারও ছুঁতে পারত তারা। সেটি না হলেও আরেকটি ইতিহাস হয়েছে। বার্সেলোনাই ক্লাব বিশ্বকাপে দুবার শিরোপাজয়ী একমাত্র দল।বার্সা ছিল অবিসংবাদিত ফেবারিট। তাই বলে সান্তোস একদমই লড়াই করতে পারবে না (বার্সার বল দখল ৭১ শতাংশ, সান্তোসের ২৯), কে ভেবেছিল! শুরুটা মেসিই করেছিলেন। ১৭ মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জড়িয়ে দেন জালে। ২৪ মিনিটে জাভি আর প্রথমার্ধের শেষ মুহূর্তে ফ্যাব্রিগাসের গোলে ৩-০। দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্বের মুকুট পরে আসা সান্তোস তখন আধডজন গোল হজম করে ফেলে কি না, এটাই ছিল দেখার।দ্বিতীয়ার্ধে মুরিসি রামালহোর দল একটু ঘুরে দাঁড়ানোয় গোলের সংখ্যা সেভাবে বাড়ল না। তবে ৮২ মিনিটে গোলরক্ষককে হকচকিত করে মেসি করলেন এই মৌসুমে ২৬ ম্যাচে ২৯তম গোলটি। শুধু নেইমার নন, মেসি বোধহয় একটা পাল্টা জবাব দিয়ে রাখলেন আগের রাতে স্প্যানিশ লিগে হ্যাটট্রিক করা ক্রিস্টিয়ানো রোনালদোকেও! আধডজন গোলই পেত বার্সা। ২৯ মিনিটে ফ্যাব্রিগাস আর ৮০ মিনিটে দানি আলভেজের দুটি শট প্রতিহত হয়েছে পোস্টে।এই ম্যাচে পেলের তোলা প্রশ্নটিরও একটি উত্তর মিলে গেল। মেসিকে ছাপিয়ে যেতে এখনো অনেক দূর যেতে হবে নেইমারকে। আর বার্সা ডেভিড ভিয়ার জন্য বড়দিনের বড় উপহার নিয়ে ধরল দেশের বিমান। এই টুর্নামেন্ট খেলতে এসেই ভিয়ার জন্য মৌসুম প্রায় শেষ হয়ে গেছে। মে মাসের আগে আর মাঠে ফিরতে পারবেন না এই স্ট্রাইকার। সেমিফাইনালে ভিয়ার এই চোটের পর বার্সেলোনা বলেছিল, ফাইনালটি তারা জিততে চায় ভিয়ার জন্য।ফাইনালের আগে মিশন ইম্পসিবল ছবিটির উদাহরণ টেনে বার্সাকে হারানোর প্রত্যয় শুনিয়েছিলেন। ম্যাচ শেষে নেইমারের সরল স্বীকারোক্তি, ‘বার্সেলোনাকে আটকানো অসম্ভব। ওরাই বিশ্বের সেরা দল, দুর্দান্ত সব খেলোয়াড় ওদের দলে। তবে আমরাও বিশ্বের দ্বিতীয় সেরা দল। এটাও আমাদের বড় পাওয়া।’ নেইমাররা সান্ত্বনা পুরস্কার পেয়েছেন বার্সা অধিনায়ক পুয়োলের কাছ থেকে, ‘দেখতে যতটা একপেশে মনে হয়েছে, ম্যাচটি কিন্তু তেমন ছিল না। শুরুর দিকে গোল পেয়ে যাওয়াতেই আমাদের কাজ সহজ হয়েছে।’ এএফপি, রয়টার্স।