বার্সা ঝড়ে বিপর্যয়ের মুখে রিয়াল মাদ্রিদ
২০০৮-০৯ মৌসুমে ‘এল ক্লাসিকো’য় বার্সেলোনার কাছে ৬-২ গোলে হেরে রিয়াল মাদ্রিদ এতটাই বিপর্যস্ত হয়ে গিয়েছিল যে লিগের বাকি চারটা ম্যাচের একটাও তারা জিততে পারেনি। এবারের মৌসুমের হারটা আরও বড় ব্যবধানের। ৫-০ গোলে লজ্জাজনক এই হারের ধাক্কাটা রিয়াল খুব তাড়াতাড়ি সামলে উঠতে পারবে কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তবে এবার সে রকম অবস্থা হওয়ার আশঙ্কা খুব বেশি না থাকলেও ইতিমধ্যেই বার্সা ঝড়ে অনেকখানি বিপর্যস্ত হয়ে পড়েছে মরিনহোর রিয়াল মাদ্রিদ।স্প্যানিশ লিগে ১২ ম্যাচ পর্যন্ত এক নম্বর অবস্থানটা অক্ষুণ্ন রাখলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে শীর্ষস্থানটা হারাতে হয়েছে রিয়ালকে। টানা ১৯ ম্যাচ অপরাজিত থেকে বার্সেলোনার কাছে এই হারটা যে মরিনহোর শিষ্যদের মনোবল কিছুটা হলেও ভেঙে দিয়েছে, তা বেশ ভালোমতোই টের পাওয়া গেছে সার্জিও রামোসের কথা থেকে। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার বলেছেন, ‘বার্সেলোনার কাছে হারের ফলে এই জার্সিটার গৌরব ও ক্লাবের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। রিয়ালের সমর্থকদের জন্যও খারাপ লাগছে। আমরা জানি যে অনেক রিয়াল-সমর্থক এখনো এই হারের কারণে কষ্ট পাচ্ছেন।’ শুধু গৌরব বা মর্যাদার প্রশ্নেই না, শিরোপা জয়ের লড়াই থেকেও অনেকখানি পিছিয়ে পড়ার আশঙ্কা আছে রিয়ালের সামনে। আগামী শনিবারেই তারা মুখোমুখি হতে যাচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা ভ্যালেন্সিয়ার। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়েই রিয়ালের মুখোমুখি হবে তারা। অন্যদিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মূল একাদশের অনেককে ছাড়াই মাঠে নামতে হবে রিয়াল মাদ্রিদকে।বার্সেলোনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে এক ম্যাচের বহিষ্কারাদেশ পেয়েছেন সার্জিও রামোস। রিয়াল রক্ষণভাগের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রিকার্ডো কারভালহোও টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞার খাঁড়ায় কাটা পড়েছেন। রিয়াল মাদ্রিদের জন্য আরও বড় ও দীর্ঘমেয়াদি দুঃসংবাদ নিয়ে এসেছেন গঞ্জালো হিগুয়েইন। ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে। সমস্যার তালিকা আরও লম্বা করেছেন রিয়ালের প্রধান ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো। ডান পায়ের গোঁড়ালিতে আঘাত পাওয়ায় তিনিও ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সব মিলিয়ে এ মুহূর্তে বেশ ভালো রকম চাপের মুখেই পড়ে গেছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবটি।ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় দিয়েই ‘এল ক্লাসিকো’র ক্ষত ভোলার আপ্রাণ চেষ্টা করবে রিয়াল মাদ্রিদ। কিন্তু দলের এতগুলো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মাঠের বাইরে রেখে ভ্যালেন্সিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে তারা আদৌ পেরে উঠবে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। রয়টার্স।