বার্সা তাকিয়ে এল ক্লাসিকোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবারের রাতটিই কি বার্সেলোনার জন্য এবার কালরাত্রি হয়ে গেল? যে রাতে তাদের টানা চতুর্থ শিরোপা জয়ের সম্ভাবনা লুণ্ঠিত হয়ে উঠে গেল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হাতে!এই রাতে গেটাফে বার্সেলোনাকে পুড়িয়েছে মৌসুমের প্রথম হারের জ্বালায়। আর রিয়াল মাদ্রিদ নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোকে হারিয়েছে ৪-১ গোলে। একদিকে আলো, আরেক দিকে অন্ধকারময় রাতটা পয়েন্ট টেবিলেও গড়ে দিয়েছে স্পষ্ট ব্যবধান। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা। এমন অবস্থায় সম্ভাব্য লিগ বিজয়ী হিসেবে যে সবাই রিয়ালকেই দেখে, বার্সেলোনার ব্রাজিলিয়ান ফুলব্যাক দানি আলভেজ তা অস্বীকার করতে পারছেন না, ‘এই মুহূর্তে অনেকেই লিগটাকে মীমাংসিত ধরে নিয়েছেন।’তবে কথার পিঠে একটা ‘কিন্তু’ উচ্চারণ করেছেন আলভেজ এবং সেটাই বার্সেলোনার আশার জায়গা, ‘.... কিন্তু এখনো অনেকটা পথ বাকি। যতক্ষণ পর্যন্ত শিরোপা জয়ের সম্ভাবনা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। এই চ্যালেঞ্জটাই আমরা উপভোগ করি। এই দলের একটা বৈশিষ্ট্য হলো আমরা কখনো লড়াই ছাড়ি না।’ আলভেজ ৬ পয়েন্টের ব্যবধানকে বড় করে না দেখলেও স্বীকার করেছেন, এ অবস্থায় আর কোনো পয়েন্ট না হারানোর চাপটা তাঁদের ওপর প্রচণ্ড। আগামী ১০ ডিসেম্বর রিয়ালের সঙ্গে তাঁদের লড়াই, এল ক্লাসিকো, একেবারে বাঁচা-মরার মতো গুরুত্বপূর্ণ। কিন্তু আলভেজ আশার ছবিই আঁকছেন, ‘আমরা যদি বার্নাব্যুতে হারি—ব্যবধান হবে ৯ পয়েন্টের, বিশাল, কিন্তু আমি ওভাবে ভাবছি না, কারণ আমরা সেখানে ঘুরে দাঁড়াতেই যাচ্ছি। আমাদের ভুল করার ধারাটা শেষ হয়ে গেছে, এখন এই চ্যালেঞ্জের জন্য আমাদের প্রস্তুত হওয়ার সময়। দুর্দান্ত একটা দল থেকে রাতারাতি আপনি একবারেই খারাপ হয়ে যেতে পারেন না।’ গেটাফের কাছে হারের পর বার্সেলোনার খেলার ধরনটা প্রশ্নবিদ্ধ। কিন্তু আলভেজ ওই পাসিং ফুটবলের ওপরই আস্থাশীল, ‘মানুষ অধৈর্য হয়ে হয়তো বলবে, আমাদের খেলায় ভারসাম্য আনা দরকার। কিন্তু আমরা ফলের জন্য আমাদের খেলার ধরন বদলাব না। আমরা এই দর্শন নিয়ে মরতেও রাজি ।’ আগামীকালই বার্সেলোনাকে আবার লিগে নামতে হবে রায়ো ভ্যালেকানোর বিপক্ষে। আগামী মাসে জাপানে বিশ্ব ক্লাব কাপে খেলা বলে এই ম্যাচটাকে আনা হয়েছে এগিয়ে। কিন্তু আলভেজ যেমন, তেমনি ডেভিড ভিয়াও জানেন, এল ক্লাসিকোই আসল চ্যালেঞ্জ। বার্সা স্ট্রাইকার আত্মবিশ্বাসী, এল ক্লাসিকোতে জিতেই ঘুরে দাঁড়াবে বার্সেলোনা, ‘এখনই সব শেষ নয়। সামনেই তাদের সঙ্গে (মাদ্রিদ) আমাদের ম্যাচ। আমরা তাদের আরামেই হারাতে পারি এবং এখন ওটাই আমাদের ভাবতে হবে।’ স্পেন জাতীয় দলের কোচ ভিসেন্তে দেল বস্ক শনিবার বার্সেলোনার ম্যাচটি দেখেছেন গ্যালারিতে বসে। রিয়ালের চেয়ে বার্সেলোনা ৬ পয়েন্ট পিছিয়ে পড়লেও সাবেক রিয়াল কোচ এখনই কাউকে বিজয়ী দেখছেন না, ‘লিডটা অনেক বড়। কিন্তু লিগের এখনো অনেক বাকি। মাত্রই তো লিগের এক-তৃতীয়াংশ শেষ হলো।’ ওয়েবসাইট।