বার্সা তাহলে লিগ চ্যাম্পিয়ন!
লিগ চালানোর দরকার অবশ্যই আছে। চ্যাম্পিয়নস লিগে কে কে খেলবে, তা এখনো ঠিক হয়নি। ইউরোপা লিগে কারা যাবে, রেলিগেশনের খাঁড়ায় কে পড়বে, এসব জানার বাকি। বার্সেলোনা না হয় লিগ চ্যাম্পিয়ন হয়েই গেছে, বাকি বিষয়গুলো তো ঠিক করতে হবে, নাকি!ওপরে যা কিছু পড়লেন স্রেফ কৌতুক। ৩৮ ম্যাচের লিগ অনেক লম্বা পথ। ১৬ ম্যাচ শেষেই কাউকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া বোকামি। তবে খোদ হোসে মরিনহোই যেন মেনে নিচ্ছেন, বার্সাই এবারের লা লিগা চ্যাম্পিয়ন। অন্তত রিয়াল মাদ্রিদের আশা আর নেই। মরিনহো এখন তাকিয়ে অন্যান্য শিরোপার দিকে। ইতিহাসের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালে কিন্তু মরিনহোকে বুদ্ধিমানই মনে হবে আপনার। কারণ, স্প্যানিশ লিগের সাম্প্রতিক ইতিহাস বলছে, ৯ পয়েন্টের ব্যবধান লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যথেষ্ট। গত দুই দশকে লিগ জিততে এর চেয়ে বেশি ব্যবধান লেগেছে মাত্র দুবার!স্প্যানিশ লিগে নাকি লড়াই জমে না। যে নিন্দুকেরা এ কথা বলেন, তাঁরা ভুলে যান, একের পর এক ম্যাচ জিতেও স্বস্তিতে থাকে না এখানকার কোনো দল। কারণ, স্প্যানিশ লিগে প্রথম আর দ্বিতীয় দলের মধ্যে ব্যবধান থাকে সামান্যই। ২০০৬-০৭ মৌসুমে পয়েন্ট সমানই হয়ে গিয়েছিল রিয়াল-বার্সার। একই ঘটনা ঘটেছিল ১৯৯৩-৯৪ মৌসুমে। সেবার অবশ্য পয়েন্ট সমান হয়েছিল বার্সা-ভ্যালেন্সিয়ার। এর আগের মৌসুমে রিয়ালের চেয়ে মাত্র এক পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জিতেছিল বার্সা। তারও আগের মৌসুম, অর্থাৎ ১৯৯১-৯২-এ শীর্ষে থাকা তিন দলের পয়েন্ট ছিল যথাক্রমে ৫৫, ৫৪, ৫৩!১৬ রাউন্ড শেষে এই মৌসুমের পয়েন্ট টেবিলে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে বার্সা। রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ১৩ পয়েন্টে! বার্সা চারটি ম্যাচ হারলেও রিয়ালের সঙ্গে ব্যবধান ঘুচবে না! এমন সমীকরণ দেখে অনেকেই বলছেন, লিগ মীমাংসিত! তবে এই মতের বিপক্ষে লোকের সংখ্যাও কম নয়।২০০৮ ইউরোজয়ী সাবেক স্পেন কোচ লুইস আরাগোনেস বলছেন, লিগের নাটক এখনো যথেষ্ট বাকি, ‘লা লিগা এখনই চূড়ান্ত কি না, বলা কঠিন। আপনি তা বলতে পারেন না। ফুটবলে যেকোনো কিছুই ঘটে যেতে পারে।’ ৭৪ বছর বয়সী এই প্রাজ্ঞ ফুটবল ব্যক্তিত্ব যোগ করছেন, ‘অবশ্য বার্সা শেষ পর্যন্ত এ রকমই খেলতে থাকলে অন্যদের সুযোগ নেই।’গত ২৮ মৌসুমে রিয়াল-বার্সা ছাড়া শিরোপা জিতেছে মাত্র তিন দল। অ্যাটলেটিকো তারই একটা। এবারও রিয়ালের চেয়ে অন্তত তাদের সুযোগই এখন পর্যন্ত বেশি মনে হচ্ছে। যদিও বার্সা অধিনায়ক কার্লোস পুয়োল বলছেন, রিয়ালই বার্সার আসল প্রতিপক্ষ, ‘যদি একটা দলই থাকে যারা শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়ে না, সেটি মাদ্রিদ। মরিনহো গ্রেট একজন কোচ। অনেক শিরোপাও জিতেছেন। আমাদের তাই শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হবে।’ ওয়েবসাইট।