সেমিফাইনালে ওঠা নিয়ে সংশয় ছিল না কখনোই। শুধু দেখার ছিল কোন পথে, কীভাবে রিয়াল মাদ্রিদ সেখানে পৌঁছায়। পরশু ঘরের মাঠে সাইপ্রাসের অ্যাপোয়েল নিকোসিয়াকে ৫-২ গোলে হারিয়ে শেষ চারে পা রেখেছে নয়বারের চ্যাম্পিয়নরা। দুটি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, একটি করে কাকা, হোসে ক্যালেওন ও অ্যাঙ্গেল ডি মারিয়া।তবে সফরকারীরাও মাঠ ছেড়েছে ‘বিজয়ী’র মতোই। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠাই ছিল সাইপ্রিয়ট দলটির জন্য স্বপ্ন। তার ওপর রিয়ালের মতো দলের বিপক্ষে দুটি গোল করল তারা সান্তিয়াগো বার্নাব্যুতে!টুর্নামেন্ট শুরুর আগে কোয়ার্টার ফাইনাল মঞ্চে দাঁড়ানোর স্বপ্ন দেখার দুঃসাহস দেখাতে পারত না যে দলটি, সেই মঞ্চে দৃঢ় পদক্ষেপই ফেলেছে তারা। করেছে দুই গোল, যার একটিকে আবার ম্যাচের সেরা গোলও বলা যায়। খেলার ৬৭ মিনিটে চমৎকার এক পাস থেকে বল পেয়ে গুস্তাভো মানডুকা ব্যবধানটা কমিয়েছিলেন (২-১)। ৮২ মিনিটে পেনাল্টি থেকে অ্যাপোয়েলের অন্য গোলটি করেন সাবেক রিয়াল ফুটবলার সান্তিয়াগো সোলারির ভাই এস্তেবান। এর আগে-পরে আরও তিনটি গোল খেলেও তা মলিন করতে পারেনি অ্যাপোয়েলের বীরগাথা। এ দলটির পুরো বার্ষিক বাজেট এক রোনালদোর বেতনের চেয়েই যে কম। ২৫ মিনিট পর্যন্ত রিয়ালকে ঠেকিয়ে রেখেছিল অ্যাপোয়েল। ২৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে মার্সেলোর ক্রস খুঁজে পায় রোনালদোর পা। অনায়াসেই মৌসুমে নিজের ৪৮তম করেন পর্তুগিজ তারকা। ১০ মিনিট পর বক্সের বাইরে থেকে কোনাকুনি বাঁকানো শটে অসাধারণ এক গোল করেন কাকা। ফ্রি-কিক গোল করার জাদু যেন ফিরে পেয়েছেন রোনালদো, আগের লিগ ম্যাচটায় একটা গোল করেছেন। এ ম্যাচের ৭৫ মিনিটে আবারও করলেন আরেকটা। ৮০ ও ৮৪ মিনিটে ক্যালেওন ও ডি মারিয়ার গোলে শেষ হয় অ্যাপোয়েল গোল-আহার পর্ব। এত বড় জয়ের পরও রিয়াল কোচ মরিনহো প্রশংসাই করেছেন অ্যাপোয়েলের, ‘অ্যাপোয়েলের জন্য এবারের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠাটাই সব চেয়ে বড় অর্জন। আমাদের, বায়ার্ন অথবা বার্সার চ্যাম্পিয়ন হওয়ার চেয়েও যা বড়।’অন্য ম্যাচে চেলসির কঠিন পরীক্ষাই নিয়েছে বেনফিকা। নিজেদের মাঠে দ্বিতীয় লেগটা ২-১ গোল জিতে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ডের একমাত্র প্রতিনিধি। ৮৫ মিনিটে বেনফিকার জাভি গার্সিয়ার সমতাসূচক গোলটির পর ভয়ে কাঁপছিল চেলসি শিবির। সামগ্রিক ব্যবধানটা তখন ২-১ থাকলেও আরেকটি অ্যাওয়ে গোলই বেনফিকাকে তুলে দিতে পারত। ইনজুরি সময়ের ২ মিনিটে প্রায় ৭০ গজ দৌড়ে এসে পর্তুগিজ খেলোয়াড় রাউল মিরেলেসের টর্পেডো গতির শটে করা গোলেই নিশ্চিত হয় চেলসি-বার্সার আরেকটি সেমিফাইনাল দ্বৈরথ। প্রথমার্ধের ২১ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেয় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পেনাল্টি গোল। চেলসির হয়ে ৫৫০তম ম্যাচে ল্যাম্পার্ডের এটি ১৮৪তম গোল।৪০ মিনিটে লাল কার্ড দেখে অধিনায়ক ম্যাক্সি পেরেইরাকে হারানো বেনফিকারই প্রাধান্য ছিল ম্যাচে। গোলের জন্য চেলসি যেখানে ১৫টি শট নিয়েছে, বেনফিকা নিয়েছে ২২টি। গোলরক্ষক পিওতর চেক দুটি অসাধারণ সেভ না করলে হয়তো ষষ্ঠবারের মতো শেষ চারে ওঠা হয় না চেলসির। ম্যাচ শেষে একটি দুঃসংবাদ শুনেছে চেলসি। অধিনায়ক জন টেরির আশঙ্কা, তাঁর পাঁজরের দুটি হাড় ভেঙে গেছে। প্রথম লেগেই আঘাত পেয়েছিলেন। পরশু শ্বাস নিতে কষ্ট হওয়ায় মাঠ থেকে উঠে যান ৬০ মিনিটে। তবে এই আঘাত নিয়েও খেলে যেতে চান ইংলিশ ডিফেন্ডার। এএফপি, রয়টার্স।