বার্সা-মহড়া জিতল পিএসজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুচ্চমকের মতো পাল্টা এক আক্রমণ। নির্ভুল নিশানা ভেদ। এবং গোল!রেসিপিটা সহজ। বার্সেলোনা আক্রমণাত্মক খেলবে। তাদের রক্ষণদেয়ালও থাকবে অনেক ওপরে। রাখবে বলের পজেশন। সেই বল কেড়ে নিয়ে দ্রুতগতিতে ঢুকতে হবে বার্সার রক্ষণে। যে রক্ষণ বেহুলার বাসর বলে একাধিকবার প্রমাণিত। এবার স্প্যানিশ লিগে ২৮ ম্যাচে বার্সা খেয়েছে ৩১ গোল। তাদের জালে গোল জড়ানোটা কঠিন যে নয়, সেটাই বলে এই পরিসংখ্যান। শুধু ওত পেতে থাকতে হবে নির্ভুল এক পাল্টা-আক্রমণের। হ্যাঁ, এটাই পিএসজির ছক। আগামী মঙ্গলবার বার্সার প্রাণভোমরাটিকে কীভাবে বধ করা হবে, তার মহড়াও পিএসজি করে রাখল পরশু।ফরাসি লিগে বর্তমান চ্যাম্পিয়ন মঁপেলিয়েকে হারাল ১-০ গোলে। ৮০ মিনিটে কেভিন গেমেইরোর এই গোলটা এসেছে বিদ্যুৎ-গতির এক পাল্টা-আক্রমণ থেকে। ম্যাচে লিগের শীর্ষ দলটির আধিপত্য ছিল সুস্পষ্ট। ২০টি শট নিয়েছে তারা, পাঁচটিই লক্ষ্যে। অনেক সুযোগই তৈরি করেছে। যদিও গোলের গিঁটটা খুলতে পারছিল না কিছুতেই। অবশ্য দুটি সম্ভাব্য পেনাল্টি থেকেও বঞ্চিত হয়েছে স্বাগতিকেরা। জ্লাতান ইব্রাহিমোভিচ আর থিয়াগো সিলভার দুটি প্রচেষ্টা দারুণভাবে রুখে দিয়েছেন মঁপেলিয়ের গোলরক্ষক। বদলি হিসেবে নামার পর ডেভিড বেকহামও এনে দিয়েছেন খেলার গতি।মাত্র এক গোলে জয়। সেটিও ৮০তম মিনিটে। সাধারণ হিসাবে হয়তো বার্সার জন্য প্রস্তুতিটা পর্যাপ্ত নয়। কিন্তু খেলাটা ডাগ-আউট থেকে দেখেছেন বলেই কার্লো আনচেলত্তি তৃপ্ত হতে পারছেন। ফরাসি ক্লাবটির ইতালিয়ান কোচ ম্যাচ শেষে বলেছেন, ‘আবহ খুবই ভালো ছিল। এটা কঠিন একটা ম্যাচ ছিল, কারণ মঁপেলিয়ে অনেক সমৃদ্ধ একটা দল। পয়েন্ট টেবিলের হিসাবেও আমরা অতিগুরুত্বপূর্ণ তিনটা পয়েন্ট পেয়েছি। একই সঙ্গে মঙ্গলবার বার্সা ম্যাচের জন্যও আমাদের প্রস্তুতিটা দারুণ হলো।’ম্যাচে তিনটি সেভ করে লিওনেল মেসিকে ঠেকানোর জন্য গ্লাভসে শাণ দিয়ে রাখা পিএসজির গোলরক্ষক সালভাতোরে সিরিগুও বললেন, ‘এই সপ্তাহে দলের অনেক খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলেছে। ফলে কাজটা আমাদের জন্য কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়ে আমরা আরও এগিয়ে গেছি। এখন আমাদের পুরো মনোযোগ দিতে হবে মঙ্গলবারের ম্যাচটিতে।’প্রস্তুতিটা দারুণভাবে সেরে রাখার সুযোগ ছিল বার্সেলোনারও। কিন্তু পারেনি। কাল লিগে মেসির সব প্রতিপক্ষের বিপক্ষে গোলের রেকর্ড গড়ার দিনে বার্সা ২-২ গোলে ড্র করেছে সেল্টা ভিগোর সঙ্গে। তবে স্প্যানিশ ক্লাবটির জন্য অন্য রকম এক জোড়া সুখবর আছে। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে জেতা এরিক আবিদাল ও ক্যানসারের সঙ্গে লড়াই করতে থাকা টিটো ভিলানোভা দুজনই ফিরে এসেছেন। গতকাল বদলি তালিকায় থাকলেও শেষ পর্যন্ত আবিদালের মাঠে নামা হয়নি। কাল ডাগ-আউটে না থাকলেও আগামী পরশু প্যারিসে আবার দেখা যাবে ভিলানোভাকে। এত দিন ভারপ্রাপ্ত কোচের কাজটা সামলানো জর্ডি রৌরা বলেছেন, ‘টিটোর ফিরে আসাটা আমাদের জন্য অনেক বড় কিছু। দলের জন্যও এটা অনেক বড় এক প্রেরণা।’ এএফপি ও রয়টার্স।