একবার নিজের হাতঘড়ির দিতে তাকালেন হোসে লুইস অলত্রা। দুটি কাঁধ নাচালেন হতাশ হওয়ার ভঙ্গিতে। ম্যাচের ঘড়িতে তখন মাত্র ১৮ মিনিট। অলত্রার দলের জালে তখনই তিনবার বল জড়িয়েছে বার্সেলোনা। দেপোর্তিভো লা করুনিয়ার কোচের চেয়ে টিভি ভাষ্যকারদেরই হতাশ মনে হলো বেশি। করুনিয়ার এ কোন করুণ পরিণতি! অথচ কী ভালো দলই না ছিল তারা। গত দেড় দশকে স্প্যানিশ লিগের দ্বিদলীয় আধিপত্যের মধ্যে যে ভিন্ন দুই দল চ্যাম্পিয়ন হতে পেরেছে, দেপোর্তিভো তাদের একটি। সেই তারাই কিনা দুই গণ্ডা গোল হজমের শঙ্কার সামনে!তিন গোল খেয়ে গেলে সবচেয়ে বড় আঘাত লাগে আত্মবিশ্বাসে, ম্যাচে লড়াইয়ের নৈতিক জোরটাই হারিয়ে যায়। কিন্তু পরশু প্রথম ১৮ মিনিটে বার্সার এমন বিধ্বংসী শুরুর পরও দুর্দান্তভাবে ম্যাচে ঘুরে দাঁড়াল দেপোর্তিভো। ভাগ্যকেও পাশে পেল তারা। বার্সাকে শেষ বাঁশি পর্যন্ত তটস্থ করে রাখল পয়েন্ট হারানোর ভয়ে। শেষ পর্যন্ত লিওনেল মেসির ২১তম হ্যাটট্রিকে পুরো ৩ পয়েন্টই পেল টিটো ভিলানোভার দল। কিন্তু এর ফাঁকে করুনিয়ার মাঠে খেলা দেখতে আসা দর্শকেরা উপভোগ করল ৯ গোলের দুর্দান্ত এক থ্রিলার।লা মেসিয়ার দুই সাবেক ছাত্র জর্ডি আলবা আর ক্রিস্টিয়ান তেয়োর সৌজন্যে ৮ মিনিটেই দুই গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। সেটিকে ৩-০ বানিয়ে দেন মেসি, সেস ফ্যাব্রিগাসের ব্যাক হিল থেকে বক্সের সামনে বাইরে পাওয়া বলে বাঁ পায়ের জোরালো কিকে। হাভিয়ের মাচেরানোর ভুলে ২৬ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে দেওয়ার পরই ঘুরে দাঁড়ানোর শুরু দেপোর্তিভোর। ৩৭ মিনিটে ভিক্টর ভালদেসের শিশুতোষ ভুলে ৩-২। কিন্তু প্রথমার্ধ শেষের দুই মিনিট আগে মেসির আরেক গোল, এবার ডান পায়ের বিরল শট। ৪-২-এ এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করার স্বস্তি বার্সার বেশিক্ষণ থাকেনি। ৪৯ মিনিটে লাল কার্ড দেখে বার্সাকে ১০ জনের দল বানিয়ে দেন মাচেরানো। এরই দুই মিনিটে আগে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-৩ বানিয়ে দেন পিজ্জি। পিজ্জি হ্যাটট্রিকের সামনে, মেসিও। শেষ পর্যন্ত এই দ্বৈরথে মেসিরই জয়। ৭৭ মিনিটে একক প্রচেষ্টায় তাঁর দুর্দান্ত গোল। ৫-৩। দেপোর্তিভো কি আবার ফিরতে পারবে? পেরেছে। এবার ভাগ্যের ছোঁয়ায়। বার্সার জার্সি গায়ে নিজের প্রথম গোল করার স্মৃতিটাকে মলিন করে দিয়ে ৭৯ মিনিটে নিজেদের জালেই বল ঠেলেছেন আলবা। ৫-৪! শেষ ১৫ মিনিট বার্সা একরকম আতঙ্কেই পার করল। আগামীকাল চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হওয়ার আগে বার্সার দুর্বলতা খুঁজতে ম্যাচ দেখতে চলে আসা সেল্টিক কোচও পেয়ে গেলেন ল্যাপটপে ভরে রাখার জন্য প্রচুর তথ্য।ওদিকে বার্সার আগে সেল্টা ভিগোর বিপক্ষে জিতে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছিল রিয়াল মাদ্রিদ। যদিও এই জয়ে তৃপ্ত নন হোসে মরিনহো। রিয়াল যেন এদিন ছিল নিজেদের ছায়া হয়ে। ১১ মিনিটে গঞ্জালো হিগুয়েইনের গোলে এগিয়ে দারুণ শুরু করা রিয়াল অস্বস্তিতে ছিল ব্যবধান না বাড়িয়ে নিতে পারায়। যেকোনো মুহূর্তে ফিরে যেতে পারে সমতা। অবশেষে ৬৭ মিনিটে পেনাল্টি থেকে সেই স্বস্তির গোলটি এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিগের মোট গোলসংখ্যায় মেসিকেও তখন পেরিয়ে যান তিনি। যদিও মেসি (১১ গোল) পরে রোনালদোকে (৯) ছাড়িয়ে যান। বার্সাও ধরে রাখে রিয়ালের সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান। এএফপি, রয়টার্স।