বার্সা-রিয়াল ফাইনালই দেখছেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহোর দৃষ্টিতে বার্সেলোনা ‘সুপার ফেবারিট’। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রাখা দল। সেমিফাইনালে চেলসিকে হারিয়ে বার্সার ফাইনালে উত্তরণটা দিব্য চোখে দেখতে পেলেও নিজেদের নিয়ে সংশয়ে এই পর্তুগিজ। বায়ার্ন মিউনিখকে প্রবল প্রতিদ্বন্দ্বী মেনে নেওয়া মরিনহোর মতে, ফাইনালে খেলার সম্ভাবনা রিয়াল ও বায়ার্নের সমান সমান। তবে ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদোর বিশ্বাস, বায়ার্ন নয়, ১৯ মে আলিয়াঞ্জ অ্যারেনায় বার্সার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।ব্রাজিলিয়ান এই কিংবদন্তি খেলেছেন রিয়াল-বার্সা দুই দলেই। বার্সেলোনায় এক মৌসুমে খেলে ৪৯ ম্যাচে করেছিলেন ৪৭ গোল, আর পাঁচ মৌসুমে রিয়ালের হয়ে ১৭৭ ম্যাচে তাঁর গোল ১০৪টি। তবে এই টান থেকে নয়, ফুটবলের যুক্তিতেই এই দুই দলকে ফাইনালে দেখছেন ৩৫ বছর বয়সী রোনালদো। স্পেনের অর্থনৈতিক সংকটের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘স্পেন ভুগছে অর্থনৈতিক সংকটে, কিন্তু এই দল দুটি যে মানের ফুটবল খেলছে, তা অন্যদের চেয়ে অনেক অনেক ওপরে। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এই দুটি দলের মধ্যেই হবে।’তবে রিয়ালকে ফাইনালে দেখলেও বায়ার্ন মিউনিখকেও শ্রদ্ধার আসনে বসিয়ে রোনালদো অপেক্ষায় থাকছেন দুর্দান্ত সেমিফাইনাল দেখার। প্রশংসা করেছেন হোসে মরিনহোরও। তাঁর বিশ্বাস, মরিনহো এই মৌসুম শেষেও থেকে যাবেন বার্নাব্যুতে।রিয়ালকেই বার্সেলোনার একমাত্র প্রতিদ্বন্দ্বী ভাবছেন কার্লো আনচেলত্তিও। প্যারিস সেন্ট জার্মেইর এই কোচ বার্সার কাছে তাঁর সাবেক ক্লাব এসি মিলানের হারকে বলছেন স্বাভাবিক। তাঁর বিচারে বার্সাই বিশ্বের সেরা দল। এই বার্সাকে থামাতে পারে কারা? লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে পরশু এই ইতালিয়ান বলেছেন, ‘এই সময়ে, কাতালানদের সঙ্গে একমাত্র রিয়াল মাদ্রিদই পারে প্রতিদ্বন্দ্বিতা করতে।’ ওয়েবসাইট।