বার্সা-রিয়াল মানেই মেসি-রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমিতই ছিল, রোববারের এল ক্লাসিকোর সীমানাটা শুধুই একটা ফুটবল ম্যাচে আটকে থাকবে না। থাকলও না। পূর্বপ্রস্তুতি নিয়ে আসা ন্যু ক্যাম্পভরা দর্শক ফুটবলের সঙ্গে রাজনীতি মিশিয়ে শুরু থেকেই পরিবেশটা এমন করে রাখল যে ম্যাচটা ফুটবলের সীমানা ছাড়িয়ে গেল। ন্যু ক্যাম্পে ম্যাচ হলে এমনিতে কাতালান সমর্থকদের হাতে বার্সেলোনার পতাকাই থাকে। এদিন তাদের হাতে উড়ল কাতালানের জাতীয় পতাকা। গ্যালারিজুড়ে শত শত ব্যানার, যার নেতৃত্ব দিচ্ছিল বিশাল আকৃতির এক ব্যানার, যাতে লেখা ছিল ‘কাতালানের স্বাধীনতার জন্য’। পূর্বপরিকল্পনামতো ম্যাচের ১৭ মিনিটে ১৪ সেকেন্ডের সময় গ্যালারির ৯৮ হাজার দর্শক কাতালুনিয়ার স্বাধীনতার জন্য স্লোগান তোলে সমস্বরে। ১৭১৪ সালে স্প্যানিশ সম্রাট পঞ্চম ফিলিপের সঙ্গে কাতালান বাহিনীর যুদ্ধের স্মৃতিস্মরণেই ছিল এই আয়োজন। ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার সময় রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরাও স্বীকার করেছেন, সন্দেহাতীতভাবেই এই এল ক্লাসিকোটা ফুটবল ম্যাচের চেয়েও বেশি কিছু।গ্যালারির উত্তেজনার সঙ্গে সংগতি রেখে মাঠের খেলাও ছড়িয়েছে আগুন। সেখানে কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। শুরু থেকে শেষ—বিশ্বের সেরা দুটি দল মরিয়া চেষ্টা করেও জয় ‘ছিনতাই’ করতে পারল না। কে সেরা, বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ—এ প্রশ্নের উত্তরও দিতে পারেনি ম্যাচ। ‘মেসি নাকি রোনালদো সেরা’ এই বিতর্কেরও মীমাংসা হয়নি, যদিও ফ্রি-কিক থেকে জাদুকরি এক গোল করে মেসিই বেশি মোহাবিষ্ট করেছেন দর্শকদের। লিগে প্রথম ছয় ম্যাচ জেতা বার্সেলোনাকে তাদের মাঠেই ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে বাধ্য করেছে রিয়াল। সমতা মেসি-রোনালদোর দ্বৈরথেও। বার্সার দুটি গোলই লিওনেল মেসির, রিয়ালের দুটি গোলই ক্রিস্টিয়ানো রোনালদোর।ড্রটাকেই ‘ন্যায্য’ ফল বলে মেনে নিয়েছেন দুই দলের কোচ টিটো ভিলানোভা এবং হোসে মরিনহো। তবে ড্রয়ের তৃপ্তির সঙ্গে রয়েছে গোল নষ্ট হওয়ারও আক্ষেপ। আছে প্রতিপক্ষ সুযোগ কাজে না লাগানোর স্বস্তিও!ম্যাচের ২৩ মিনিটে কাতালান সমর্থকের স্তব্ধ করে দিয়ে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। করিম বেনজেমার বাড়ানো বল বাঁপায়ে কাছের পোস্টে ঠেলে দিয়ে গোল করেন রোনালদো। ৮ মিনিট পরই বার্সেলোনাকে সমতায় ফেরান মেসি। ১-১ সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে প্রথমে এগিয়ে যায় বার্সেলোনাই। ৬১ মিনিটে মেসির বাঁক খাওয়ানো অসাধারণ ফ্রি-কিক রিয়ালের মানবদেয়ালের মাথায় বাতাস লাগিয়ে চুমু খায় জালের কোনায়। রিয়ালের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ঝাঁপালেও সেটা ছিল ব্যর্থ চেষ্টা! পাঁচ মিনিট পরই রিয়ালকে সমতায় ফেরান রোনালদো, মেসুত ওজিলের পাসে বার্সার রক্ষণ-দুর্বলতাকে কাজে লাগিয়ে। তাঁর আগের গোলটিও ছিল তা-ই। এ নিয়ে টানা ছয় এল ক্লাসিকোতে গোল করলেন রোনালদো। আর এল ক্লাসিকোয় মেসির গোল হলো ১৭টি। ক্লাসিকোর সর্বোচ্চ গোলদাতা আলফ্রেডো ডি স্টেফানোর (১৮টি) চেয়ে যা মাত্র একটি কম।শেষ দিকে গোলের একাধিক সুযোগ পেয়েছে বার্সা। বক্সের ঠিক ওপর থেকে বার্সার তরুণ ডিফেন্ডার মার্টিন মনতোয়ার শট প্রতিহত হয় বারে। যোগ করা সময়ে ফাঁকায় বল পেয়েও পেদ্রো মেরেছেন বাইরে। গোল নষ্ট না করলে রিয়াল অবশ্য প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত ৩-০ গোলে। কিন্তু বেনজেমা, ওজিল, অ্যাঙ্গেল ডি মারিয়ারা হতাশ করেছেন।এই ড্রয়ে বার্সা-রিয়ালের ব্যবধানটা থাকল আগের সেই আটই। সাত ম্যাচে বার্সার পয়েন্ট ১৯, রিয়ালের ১১। তবে ন্যু ক্যাম্পের এই ড্রয়ে লাভটা হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের। পরশু তৃতীয় স্থানের দল মালাগাকে ২-১ ব্যবধানে হারিয়ে অ্যাটলেটিকোরও পয়েন্ট হয়ে গেছে ১৯। বার্সা গোল-ব্যবধানে এগিয়ে শীর্ষে। অ্যাটলেটিকোর জয়ে রাদামেল ফ্যালকাওয়েরও একটি গোল আছে। এটি তাঁকে মেসি-রোনালদোর সঙ্গে যৌথভাবে রেখেছে গোলদাতাদের শীর্ষে (৮)। এএফপি, রয়টার্স।