বার্সা-রিয়াল সাম্যে আলাদা শুধু মেসি
নিজেরা মালাগাকে হারানোর পর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দেখবে রিয়াল মাদ্রিদের পরাজয়—এই ছিল বার্সেলোনার চাওয়া। বার্সেলোনার চাওয়া মতোই এগিয়ে পরশুর রাতটা হঠাৎই বাঁক নিল দু দিকে—যাতে বার্সেলোনা থাকল বার্সেলোনার মতোই, রিয়ালও থাকল রিয়ালে।মেসির হ্যাটট্রিকে প্রথমে মালাগার মাঠে বার্সেলোনা পায় ৪-১ গোলের জয়। প্রথমেই গোল করে বিলবাও কাঁপিয়ে দিয়েছিল রিয়াল সমর্থকদের। কিন্তু রিয়াল মাদ্রিদও শেষ পর্যন্ত মাঠ ছাড়ল ৪-১ গোলের জয় নিয়ে। অলক্ষ্যে বার্সেলোনা-রিয়ালের এই মাঠের লড়াইয়ের মতো সমতা না হলেও মেসি-রোনালদোর লড়াইটাও ছিল জমজমাট। হ্যাটট্রিক করে মেসি রোনালদোকে টপকে নিজের গোলসংখ্যা নিয়ে যান ২২-এ। রোনালদো কি আর পিছিয়ে থাকতে চান? হ্যাটট্রিকের জবাব হ্যাটট্রিকে দিতে না পারলেও রিয়ালের পর্তুগিজ তারকা পেনাল্টিতে দুই গোল করে ঠিকই টপকে গেছেন মেসিকে। তাঁর গোল এখন ২৩টি। রোনালদোর দুই গোলে বড় জয় পেয়ে রিয়ালও মৌসুমের প্রথমার্ধ পার করল পাঁচ পয়েন্টে এগিয়ে থেকেই। ১৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯, বার্সেলোনার ৪৪।এবারের লিগে প্রতিপক্ষের মাঠটা যেন বড় অপয়া হয়ে উঠেছে পেপ গার্দিওলার দলের জন্য। আগের ৮টি অ্যাওয়ে ম্যাচে তাদের জয় মাত্র তিনটিতে। চারটিতে ড্র। মৌসুমে একমাত্র হারটিও অ্যাওয়ে ম্যাচেই। মেসির পারফরম্যান্সও ছিল করুণ। পরশুর আগে ১৮ ম্যাচে ১৯ গোল করলেও ৮টি অ্যাওয়ে ম্যাচে গোল পেয়েছিলেন মাত্র একটি।পেছনের ব্যর্থতা মুছে ফেলতেই যেন পরশু ঝলসে ওঠেন মেসি। দলের জন্য এই ঝলসে ওঠাটা দরকারও ছিল। আগামীকালই রিয়ালের বিপক্ষে কোপা ডেল রে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ। কোচ গার্দিওলা তাই বিশ্রাম দেন কার্লোস পুয়োল, জাভি ও সেস ফ্যাব্রিগাসকে। অসাধারণ দ্যুতি ছড়িয়ে তাঁদের শূন্যতা বুঝতেই দিলেন না মেসি। ৩৩ মিনিটে দেখা গেল বিরল দৃশ্য, আদ্রিয়ানোর ক্রস থেকে মেসির হেডে বল জড়ায় মালাগার জালে। মেসি তাহলে হেডেও গোল করতে পারেন!দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস সানচেজ। এর ৩ মিনিট পর মেসির দ্বিতীয় গোল (৩-০), অনেকটা একক প্রচেষ্টায়। ৮১ মিনিটে মেসির হ্যাটট্রিকে ৪-০ করে ফেলে বার্সা। বার্সেলেনায় পঞ্চম মৌসুমে মেসির এটি চতুর্দশ হ্যাটট্রিক। ৮৫ মিনিটে মালাগার সান্ত্বনাসূচক গোলটি করেন রনডন।কোপা ডেল রেতে বার্সেলোনার কাছে হারের হতাশা এখনো কাটেনি। বার্নাব্যুর সমর্থকদের সেই হতাশা পরশু আরও বাড়িয়ে প্রথমেই এগিয়ে যায় বিলবাও। তবে ফার্নান্দো লরেন্তের ১৩ মিনিটের এই গোল ২৫ মিনিটেই শোধ করে দেন মার্সেলো। ৪৭ মিনিটে রোনালদোর পেনাল্টি গোলে রিয়াল এগিয়ে যায় ২-১-এ। ৬৫ মিনিটে মেসুত ওজিলকে মাটিতে ফেলে দেন ডি মার্কোস। রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে মার্কোসকে দেখান লালকার্ড। রোনালদো করেন ৩-১। ৮৫ মিনিটে বদলি খেলোয়াড় গঞ্জালো হিগুয়েইনের শট পোস্টে লাগে। ফিরতি বলে আরেক বদলি খেলোয়াড় ক্যালেয়নের লক্ষ্যভেদে ৪-১। এএফপি।