শেষ লড়াই বার্সেলোনা : ভ্যালাদোলিদ, মালাগা : রিয়াল মাদ্রিদ, স্বাগতিক দল প্রথমে, ম্যাচ দুটি ১৬ মে
বার্সা-রিয়ালের ভাগ্য শেষ ম্যাচেই
শেষের আগের ম্যাচটিতেও বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ কেউ কাউকে পরিষ্কার ব্যবধানে পেছনে ফেলতে পারল না। সেভিয়ার মাঠ থেকে ৩-২ গোলে জিতে ফিরল বার্সেলোনা। আর নিজেদের মাঠে রিয়াল ৫-১ গোলে উড়িয়ে দিল অ্যাথলেটিক বিলবাওকে। ১ পয়েন্টের ব্যবধানে গায়ে গা ঘেঁষেই এগিয়ে গেল দুই শিরোপা প্রতিদ্বন্দ্বী। স্প্যানিশ লিগের শিরোপা লড়াইটাও টানটান উত্তেজনা নিয়ে প্রবেশ করল শেষ রাউন্ডে।জয় পাওয়ার আগে অবশ্য বার্সেলোনা আর রিয়াল দুই দলের কপালেই পড়েছিল দুশ্চিন্তার ভাঁজ। সেভিয়ার মাঠে লিওনেল মেসি, বোজান কিরকিচ ও পেদ্রোর গোলে ৬২ মিনিটের মধ্যে ৩-০-তে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। এর মধ্যে মেসি-বোজান আরও গোটা দুই নিশ্চিত সুযোগ অপচয় না করলে স্কোরলাইনটা হয়ে যায় ৫-০। কিন্তু কি আশ্চর্য, এমন দাপুটে দলটার কি না শেষ সেকেন্ডটা পর্যন্ত কাটল উৎকণ্ঠায়। ফ্রেডেরিক কানুটে (৬৮ মিনিট) ও লুইস ফ্যাবিয়ানো (৭১ মিনিট) তিন মিনিটের মধ্যে দুই গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফেরান ১০ জনের দলে পরিণত সেভিয়াকে। যে ভাষ্যকারেরা একটা সময় পর্যন্ত বার্সার শিরোপা জয়ের ‘কাউন্ট ডাউন’ শুরু করেছিলেন তাঁরাই সময় গুনতে থাকেন তাদের জয়ের। বার্সার ‘জীবন নিয়ে ছিনিমিনি’ খেলতে থাকা সেভিয়া অবশ্য শেষ পর্যন্ত পারেনি।বার্সেলোনা-রিয়াল দুই দলই তাদের প্রতিপক্ষকে এই সন্ধ্যায় পেয়েছিল ১০ জনের দল হিসেবে। রিয়াল বিলবাওকে পেয়েছিল ম্যাচের ২১ মিনিটে, যখন ক্রিস্টিয়ানো রোনালদোর গোলমুখী শট হাতে লাগিয়ে লাল কার্ড দেখেন আমোরবিয়েতা। আর বার্সেলোনা ৫৬ মিনিটে সেভিয়াকে, যখন কিরকিচকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আবুদলাই কঙ্কো। ২১ মিনিটে রোনালদোর পেনাল্টি থেকে এগিয়ে যাওয়া রিয়ালকে প্রবলবিক্রমে সমতায় এনে ফেলেন ইয়েস্তে ৪১ মিনিটেই। ততক্ষণে মেসির ৩২তম লিগ গোলের সঙ্গে কিরকিচের গোলে ২-০ এগিয়ে যাওয়া বার্সেলোনার মুখে হাসির ফোয়ারা। মেসি তাঁর নামের সঙ্গে বেমানান একটা সিটার মিস না করলে ৩-০-তেই এগিয়ে থাকে তখন বার্সেলোনা। ৬২ মিনিটে পেদ্রোর গোলে ৩-০ করে ফেলা বার্সেলোনা কত গোলের মালা পরাবে সেভিয়াকে, সেই নিয়েই তখন আলোচনা। কিন্তু ৬ মিনিট পরই ঘুরে দাঁড়াল সেভিয়া। প্রথমে কানুটে, পরে ফ্যাবিয়ানো গোল করে কাঁপিয়ে দেন পরিশ্রান্ত অথবা আত্মতৃপ্ত বার্সেলোনাকে। শেষ পর্যন্ত দাঁতে দাঁত কামড়ে বাকি ২৯ মিনিট পার করে তারা বাঁচে হাঁফ ছেড়ে। ওদিকে প্রতিদ্বন্দ্বী রিয়াল শেষ ১৩ মিনিটের ঝড়ে ৪ গোল করে লিগে শততম গোলের মাইলফলক পেরোনোর উৎসব করেছে। এএফপি। শেষ ম্যাচটি দুই দল পয়েন্টে সমতা নিয়ে শেষ করলেও বার্সেলোনারই হাতে উঠবে শিরোপা। ৩৭ ম্যাচে ৯৬ পয়েন্ট পাওয়া বার্সার প্রতিপক্ষ অবনমন অঞ্চলের দল ভ্যালাদোলিদ। সমান ম্যাচে ৯৫ পয়েন্ট পাওয়া রিয়াল খেলবে মালাগার বিপক্ষে। রিয়াল কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও এখন অদৃষ্টবাদী, ‘একটি ম্যাচই যেহেতু বাকি আছে, বার্সেলোনা যেমন খুশি উৎসব শুরু করে দিতে পারে। তবে হ্যাঁ, ভ্যালাদোলিদ লিগে থাকার জন্য জীবন বাজি রেখে লড়বে। ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে।’শক্তির বিচারে বার্সা-ভ্যালাদোলিদে আকাশ-পাতাল ব্যবধান। তবে ফুটবল অনিশ্চয়তার কথা মাথায় রেখেই সতর্ক বার্সা কোচ, ‘বড় একটা ধাপ পেরিয়েছি আমরা। তবে এমন ভাবা যাবে না যে, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি।’