৪১৯ ম্যাচে লিওনেল মেসির গোলসংখ্যা এখন ৩০১। শনিবার রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩০০ গোলের মাইলফলক ছোঁয়ার পর সেটি উদযাপন করেছেন আরেকটি গোল করে
বার্সা-রিয়ালের মতো ওই দুজনেও সমতা
আগের রাতে বার্সেলোনা জিতল ৫-০ গোলে, পরের রাতে রিয়াল মাদ্রিদেরও জয় ৫-০ ব্যবধানে। লিওনেল মেসি ২, ক্রিস্টিয়ানো রোনালদো ২। লা লিগায় নিজেদের ফিরে পেয়ে রিয়াল ছুটে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমান্তরালে, মেসি-রোনালদো নামের দুই গোলমেশিনও ছুটছে একই গতিতে। যদিও রিয়াল যেমন বার্সেলোনার চেয়ে পিছিয়ে রয়েছে ৮ পয়েন্টে, তেমনি রোনালদোও মেসিকে ছুঁতে পারেননি এখনো। নয় ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ২৫, রিয়ালের ১৭। মেসির গোল ১৩, রোনালদোর ১১।গত শনিবার রায়ো ভায়েকানোর মাঠ থেকে বার্সেলোনা ফিরেছে ৫-০ গোলের জয় নিয়ে। জোড়া গোল করে বার্সার ওই জয়ে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। অন্য গোল তিনটি করেছেন ভিয়া, জাভি ও সেস ফ্যাব্রিগাস। পরশু রিয়াল মায়োর্কার মাঠে গিয়ে রিয়ালও জিতেছে ৫-০ গোলে। মেসির মতো ক্রিস্টিয়ানো রোনালদোও করেছেন জোড়া গোল। গঞ্জালো হিগুয়েইনও করেছেন জোড়া গোল। মেসি-রোনালদোর সঙ্গে আর যাঁর গোলের পাল্লা চলছে, সেই রাদামেল ফ্যালকাও পরশু অবশ্য একটু পিছিয়ে পড়েছেন। মেসি-রোনালদোর জোড়া গোলের জবাবে কলম্বিয়ান স্ট্রাইকার করেছেন এক গোল। তবে জয়ের ধারা ধরে রেখে তাঁর দল অ্যাটলেটিকো মাদ্রিদ আগের মতোই অস্বস্তিতে রেখেছে বার্সেলোনাকে। নিজেদের মাঠে অ্যাটলেটিকো ৩-১ গোলে হারিয়েছে ওসাসুনাকে। ৯ ম্যাচে অ্যাটলেটিকোরও পয়েন্ট বার্সেলোনার সমান ২৫। বার্সা গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে। ১৭ পয়েন্ট নিয়ে রিয়াল উঠে এসেছে চার নম্বরে।নিজেদের মাঠে রায়ো ভায়েকানো শুরুটা করেছিল দারুণ। আট মিনিটে তাদের একটি পেনাল্টির দাবি প্রত্যাখ্যাত হয়। কিন্তু ২০ মিনিটে উল্টো বার্সেলোনাই এগিয়ে যায় ডেভিড ভিয়ার গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন মেসি। যে গোলটা ছিল তাঁর সিনিয়র ক্যারিয়ারের ৩০০তম গোল। ৮৯ মিনিটে সংখ্যাটিকে তিন শ পার করিয়েছেন (৩০১)। ৪১৯ ম্যাচে এই কীর্তি হলো তাঁর। বার্সেলোনার হয়ে গোল ২৭০টি, আর্জেন্টিনার জার্সি গায়ে ৩১টি। শনিবারের দুই গোলে ২০১২ সালে মেসির গোল হয়ে গেল ৭৩টি। আর দুটি গোল হলেই ছুঁয়ে ফেলবেন পেলেকে। ১৯৫৯ সালে ব্রাজিলিয়ান কিংবদন্তি করেছিলেন ৭৫ গোল। অবশ্য এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে এখনো ১২ গোল পেছনে মেসি। ১৯৭২ সালে বায়ার্ন মিউনিখ ও পশ্চিম জার্মানির হয়ে জার্ড মুলার করেছিলেন ৮৫ গোল। শনিবার দারুণ এক কীর্তি হয়ে গেছে টিটো ভিলানোভারও। সম্ভাব্য ২৭ পয়েন্টের মধ্যে ২৫ পয়েন্ট অর্জন করে বার্সা কোচ ছুঁয়ে ফেলেছেন লা লিগায় বার্সেলোনার সেরা শুরুর সাফল্যকে। স্বাভাবিকভাবেই ভিলানোভার মুখে দলের প্রশংসা। বার্সা কোচ দল অন্তঃপ্রাণ মেসিরই প্রশংসা করেছেন বেশি, ‘আমরা মেসির জন্য আনন্দিত। সে জোড়া গোল করেছে। কিন্তু ৩০ মিটার দৌড়ে ডিফেন্সকে সাহায্য করতে ৮৯ মিনিটে যেভাবে দৌড়ে এল, গোলের চেয়ে ওটাকেই আমি এগিয়ে রাখব। গোল পছন্দ করি আমি, তবে এ রকম প্রচেষ্টা আরও বেশি পছন্দের।’আগের দিনের জয়ে বার্সেলোনা ব্যবধানটা ১১তে নিয়ে যাওয়ায় রিয়ালের ওপর ছিল বাড়তি চাপ। হোসে মরিনহোর দল সেই চাপটা সামলেছে দুর্দান্তভাবে। ম্যাচ শেষে রিয়াল কোচ আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন, বার্সেলোনা ৮ পয়েন্টে এগিয়ে থাকলেও লিগ তাঁদের জন্য শেষ হয়ে যায়নি। মরিনহো উদাহরণ হিসেবে টেনেছেন গত মৌসুমের দৃষ্টান্তই, ‘গত মৌসুমে এর চেয়েও কম ম্যাচ থাকা অবস্থায় আমরা ১০ পয়েন্টে এগিয়ে ছিলাম এবং আমরা বলেছি লিগ এখনো উন্মুক্ত। সুতরাং এবারও আমরা একই রকম ভাবতে পারি এবং পয়েন্ট কুড়িয়ে নিয়ে এগোতে পারি। আজকের (পরশু) রাতটি গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটা ছিল সূচির কঠিনতম সফরগুলোর একটি। আর বার্সেলোনাকে ধরার ব্যাপারই শুধু নয়, অ্যাটলেটিকোও আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমাদের তাই এটা চালিয়ে যেতে হবে।’