বার্সা-রিয়ালের শীর্ষে থাকার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি। তিন সপ্তাহের মধ্যেই বিস্ময়করভাবে বদলে গেছে বার্সেলোনার চেহারা!
অ্যাটলেটিকো মাদ্রিদ ও লেভান্তের সঙ্গে ড্র। এরপর ১ ফেব্রুয়ারি ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ৩-২ গোলে হারে প্রশ্ন উঠে গিয়েছিল। নেইমারের সঙ্গে চুক্তিসংক্রান্ত ঝামেলায় মাঠের বাইরে বার্সেলোনার কাটছিল টালমাটাল সময়। তার প্রভাব ছিল মাঠের পারফরম্যান্সেও! সেই বার্সেলোনাই এখন টগবগে ঘোড়া। লিগে আজ রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হওয়ার আগে জেরার্ডো মার্টিনোর দল বেশ আত্মবিশ্বাসী।
নেইমারের চুক্তি-বিতর্কে বাইরের পরিবেশ এখনো অস্থির। কিন্তু সেটি বার্সার পারফরম্যান্সে ছাপ ফেলেনি। সেভিয়াকে ৪-১ গোলে হারানোর পর রায়ো ভায়েকানোকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া। মঙ্গলবার ইংল্যান্ডে গিয়ে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা ফেলা। মার্টিনোর দল লিগেও শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া।
রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকোরও পয়েন্ট সমান ৬০। মার্টিনো ভালো করেই জানেন পা হড়কালেই পিছিয়ে যেতে হবে। সেই সম্ভাবনা অবশ্য এমনিতেও আছে। বার্সেলোনা সোসিয়েদাদের মুখোমুখি হওয়ার চার ঘণ্টা আগেই মাঠে নামবে রিয়াল। প্রতিপক্ষ এলচে। অন্তত চার ঘণ্টার জন্য হলেও শীর্ষে উঠে যাওয়ার এই সুযোগটা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না কার্লো আনচেলত্তির দল। রিয়াল কোচের দুশ্চিন্তা একটাই, নিষেধাজ্ঞা এ ম্যাচেও খেলতে দিচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। অবশ্য আগের দুই ম্যাচে ভিয়ারিয়াল-গেটাফের বিপক্ষে রোনালদোর অনুপস্থিতি বুঝতেই দেননি রদ্রিগেজ-মডরিচরা। আজ ঘরের মাঠে ম্যাচটি তো রিয়ালের জন্য চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি মঞ্চও। বুধবারই যে শালকের সঙ্গে ম্যাচ রিয়ালের।
শিরোপার আরেক দাবিদার অ্যাটলেটিকোর ম্যাচ কাল, প্রতিপক্ষ ওসাসুনা। এএফপি।