বার্সা সমর্থকদের ওপর আলভেসের রাগ

কঠিন দুঃসময়ের ঘূর্ণাবর্তে পাঁক খাচ্ছে দল। সর্বশেষ নয় ম্যাচে ১৩ পয়েন্ট হাতছাড়া করেছে বার্সা। লিগে সর্বশেষ তিন ম্যাচের দুটোতেই হার। সর্বশেষ ছয় ম্যাচে বার্সা হেরেছে তিনটিতে। এমনই দুঃসময় চলছে, গতকাল পয়েন্ট টেবিলের তলানির দল ভ্যালাদোলিদের কাছেও হারতে হলো। এ মাসের শেষের এল ক্লাসিকোটা জিততে না পারলে লিগ শিরোপা হাতছাড়া হওয়ার প্রায় নিশ্চিত হয়ে যাবে।
এমন দুঃসময়ে সমর্থকদের ওপর রাগ ঝাড়লেন দানি আলভেস। বার্সার সর্বশেষ পরাজয়ের পর বিক্ষুব্ধ সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, যারা বার্সার ওপর আস্থা রাখতে পারে না, তারা অন্য দলের সমর্থন করুক! বার্সার ব্রাজিলিয়ান ফুলব্যাক বলেছেন, ‘লা লিগার শিরোপা জয়ের জন্য সামান্য সুযোগও যতক্ষণ থাকবে আমরা লড়াই করে যাব। যারা আমাদের ওপর বিশ্বাস রাখতে পারছে না তারা চলে যাক। তাদের এমন প্রতিক্রিয়া আমাদের মনে পরাজয়ের সমান বিস্বাদ এনে দেয়। এটা আমাদের ওপর খুবই নেতিবাচক প্রভাব ফেলে। তবে আমরা লড়াই চালিয়েই যাব।’
ভ্যালাদোলিদ সুযোগটা কাজে লাগিয়েছে। বার্সেলোনা কাজে লাগাতে পারেনি। এটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আলভেস। ভাগ্যও বার্সা থেকে মুখ ফিরিয়ে রেখেছে বলে মনে করেন তিনি। তবে এই পরাজয় নিয়ে পড়ে থাকতে চান না। আগামী বুধবার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটির। প্রথম লেগটা ২-০ গোলে জিতে আসায় সুবিধাজনক অবস্থানে আছে বার্সা। আবার লিগে তাদের হোঁচট আত্মবিশ্বাসেও ধাক্কা লাগিয়েছে।
আলভেস সতীর্থদের এই বলে সতর্ক করছেন, ‘এখন গত ম্যাচের পরাজয় নিয়ে অনুশোচনা করার সময় নেই। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। জিততে না পারলে আমরা টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ব।’