বার্সা সহসভাপতিকে মেসির পাল্টা জবাব!

ইনজুরির ফাড়ায় ছিটকে পড়েছেন দল থেকে। এর সঙ্গে উঠেছে আয়কর ফাঁকি ও অবৈধ টাকা পাচারের অভিযোগ। লিওনেল মেসির নানা বিষয়ে কয় দিন ধরেই তুলকালাম স্প্যানিশ সংবাদমাধ্যম। এর মধ্যে আবার বার্সেলোনার সহসভাপতির হুল ফোটানো মন্তব্য। সব মিলে অচেনা সমুদ্রে সাঁতরাচ্ছেন বার্সা ফরোয়ার্ড। মেসির খেলোয়াড়ি জীবনে এমন তেতো অভিজ্ঞতা আগে কখনো হয়েছে কি না হলফ করে বলে যায় না।
কয় দিন আগে চাউর হয়েছিল, মেসি নাকি চুক্তির ব্যাপারে বার্সা কর্তৃপক্ষকে চাপ দিচ্ছে। মেসি অবশ্য বিষয়টিকে বরাবরই অস্বীকার করেছেন। এ ব্যাপারে বার্সার সহসভাপতি হাভিয়ের ফস সম্প্রতি জানিয়েছেন, ছয় মাস পর পর মেসির পারিশ্রমিক বৃদ্ধির বিপক্ষে তিনি।
এরপর ফসকে রীতিমতো ধুয়ে দিয়েছেন মেসি। বুয়েনেস এইরেসে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘মিস্টার ফস ফুটবল সম্পর্কে কিছুই জানেন না। তিনি বার্সাকে একটি কোম্পানির মতো চালাতে চান। এটি মোটেও তা নয়। বার্সেলোনা বিশ্বের বড় ক্লাবগুলোর একটি। ফলে এটি ভালো ব্যবস্থাপক দ্বারা পরিচালিত হওয়া উচিত। তাঁকে (ফস) মনে করিয়ে দিতে চাই, আমি কিংবা আমার কেউই পারিশ্রমিক বৃদ্ধি কিংবা চুক্তি নবায়ন-সংক্রান্ত কোনো কথা কখনই বলিনি। এবং সেটা তিনি ভালো করেই জানেন।’
বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ রেকর্ড পরিমাণ অর্থ ঢেলে গ্যারেথ বেলকে দলে ভেড়ানের পর ক্রিস্টিয়ানো রোনালদো যাতে অসন্তুষ্ট না হয়, সে জন্য সিআর সেভেনেরও পারিশ্রমিক বাড়ানো হয়। রোনালদোর মতো মেসিরও পারিশ্রমিক বাড়বে কি না, এমন প্রশ্ন অনেক দিন ধরেই বাতাসে ভাসছে।
ফসের মন্তব্যে তপ্ত মেসিকে শান্ত করতে এগিয়ে এসেছেন স্বয়ং বার্সার সভাপতি। বার্সার সভাপতি সান্দ্রো রোসেল বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া উচিত।’ আর নতুন চুক্তির ব্যাপারে রোসেলের বক্তব্য, ‘নতুন চুক্তির ব্যাপারে মেসির সঙ্গে কোনো কথা হয়নি। এ ব্যাপারে কথা বলতে অফিসের দরজা তাঁর জন্য সব সময় খোলা।’
অন্যদিকে মেসি যেভাবে বার্সার সহসভাপতিকে ধুয়ে দিয়েছেন, সেটি স্বাভাবিকভাবে নিতে পারছেন না বার্সেলোনার সাবেক সভাপতি প্রার্থী হোর্দি মাজো। তিনি বলেন, ‘ফসের কোনো বাজে উদ্দেশ্য ছিল না। মেসি ফুটবল ভালো বোঝে বটে। কিন্তু কোম্পানি, অর্থনীতি এবং বার্সাকে কীভাবে এগিয়ে নিতে হয় সেটি ভালো বোঝে না। ফলে তাঁর চুপ থাকাই ভালো।’ একই সঙ্গে তিনি বলেন, ‘মেসি বার্সার চাকুরে। ক্লাবে সর্বোচ্চ উপার্জনকারী চাকুরে। কিন্তু বার্সার চেয়ে বড় নয়।’