বার্সা সেমিফাইনাল উঠবেই, আত্মবিশ্বাসী মার্টিনো
ন্যু ক্যাম্পে এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। ব্রাজিলীয় ফরোয়ার্ড ডিয়েগোর গোল অ্যাটলেটিকোকে উত্সবে মাতালেও শেষ পর্যন্ত সেই উত্সব থামিয়ে দিয়েছেন নেইমার। তবে নিজেদের মাঠে স্বদেশি প্রতিপক্ষের সঙ্গে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াইয়ের শুরুটা মধুময় করতে পারল না বার্সেলোনা। অন্যদিকে প্রতিপক্ষের মাঠে গোল করায় প্রথম লেগের এই লড়াই কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকেই শেষ করেছে ডিয়েগো সিমিওনের দল।
তবে ঘরের মাঠে খেলার সুবিধা নিতে না পারায় হতাশ নন মার্টিনো। বার্সার একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়েছে অ্যাটলেটিকোর অটুট রক্ষণদুর্গ। ফিরতি লেগেও এভাবে রক্ষণদুর্গে ধাক্কা খেলে বিপদই অপেক্ষা করছে বার্সার জন্য। নিজেদের মাঠে অ্যাটলেটিকো গোলশূন্য ড্র করলেও সেমিফাইনালে চলে যাবে সিমিওনের দলই।
তবে মার্টিনো নিজেদের রণকৌশলে আত্মবিশ্বাসী। এই কৌশল নিয়েই ফিরতি লেগেও খেলবেন তিনি। আর্জেন্টাইন এই কোচ আত্মবিশ্বাসী, বার্সা সেমিতে যাবেই। বললেন, ‘যদি সেমিফাইনালে উঠতে না পারি, তবে সব দায়ভার আমার। তবে প্রথম লেগে আমাদের আরও বেশি কিছু করা উচিত ছিল। কিন্তু যে আত্মবিশ্বাসে খেলেছি, তাতে এ ঘাটতি পুষিয়ে গেছে। ৯০ মিনিট আমরা আধিপত্য বজায় রেখেছি।’ এ ক্ষেত্রে মার্টিনোর কথা যথার্থ। কারণ ম্যাচে ৭১ শতাংশ বল দখল ছিল বার্সার, অ্যাটলেটিকোর সেখানে ২৯ শতাংশ। কিন্তু ঘরের মাঠে ১-১ ড্র নিয়ে সন্তুষ্ট মার্টিনো? বললেন, ‘হতাশ নই, বরং সন্তুষ্ট।’
ন্যু ক্যাম্পে ড্র হওয়া মার্টিনোর চেয়ে বেশি খুশি অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। বললেন, ‘খুবই খুশি। দল একটি গ্রুপের মতো কাজ করেছে। দারুণ একাত্মতাবোধ ছিল সবার। একজন অ্যাটলেটিকো সমর্থক হিসেবে আমিও একই অনুভূতি ও আবেগের মধ্য দিয়ে গিয়েছি। রাতে দল যেভাবে খেলেছে তাতে সমর্থকেরা খুবই গর্বিত।’
অ্যাটলেটিকোর মূল তারকা ডিয়েগো কস্তা কালকের ম্যাচে ছিলেন অনিশ্চিত। তবে শেষ পর্যন্ত তিনি মাঠে নেমেছিলেন। ম্যাচের ৩০ মিনিটেই অবশ্য কোচ সিমিওনে তাঁকে তুলে নিতে বাধ্য হন। খেলার শুরুতেই বার্সেলোনার জালে বল জড়ানোর সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকো। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় ডেভিড ভিয়ার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর পরপরই অ্যাটলেটিকোর গোলমুখে ফ্রি-কিক পেয়েছিল বার্সেলোনা। তবে লিওনেল মেসির শট রক্ষণব্যূহের দেয়ালে বাধা পেয়ে ফিরে আসে।
১২ মিনিটে বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে আহত হয়ে মাঠ ত্যাগ করেন। তবে ২৫ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। আন্দ্রেস ইনিয়েস্তা মেসির বাড়ানো এক দুর্দান্ত পাস ধরেও অ্যাটলেটিকোর রক্ষণকে ফাঁকি দিতে পারেননি।
প্রথমার্ধের একেবারে শেষের দিকে বার্সেলোনা পেয়েছিল দুটি ভালো সুযোগ। প্রথমবার মেসির হেড ঠেকিয়ে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক। পরেরবার বক্সের বাইরে থেকে নেওয়া নেইমারের শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। প্রথমার্ধের একেবারে অন্তিমলগ্নে ডেভিড ভিয়া এগিয়ে দিতে পারতেন অ্যাটলেটিকোকে। কিন্তু তাঁর শট পরাভূত করতে পারেননি গোলরক্ষক পিন্টোকে।
খেলার ৫৬ মিনিটে ডিয়েগো দারুণ এক গোল করে এগিয়ে দেন অ্যাটলেটিকোকে। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তাঁর শটটি গোলপোস্টের ওপরে ডান কোনা দিয়ে ঢুকে যায় বার্সেলোনা গোলরক্ষককে বোকা বানিয়ে। মুহূর্তের এই গোলে হতভম্ব বনে গিয়েছিলেন ভাষ্যকারেরাও।
৬৩ মিনিটে গোল পরিশোধের সুযোগ মিলেছিল বার্সার। কিন্তু সার্জিও বুসকেটস এ যাত্রায় সফল হতে পারেননি।
৭১ মিনিটে নেইমারের পা থেকে আসে বহু-কাঙ্ক্ষিত সমতাসূচক গোলটি। ইনিয়েস্তার অসাধারণ এক পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাঁ দিক থেকে কোনাকুনি শটে অ্যাটলেটিকো গোলরক্ষককে পরাভূত করেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড।
দুই মিনিট বাদে ইনিয়েস্তার শট কোনোমতে ঠেকান অ্যাটলেটিকোর গোলরক্ষক করতোয়া। ৮৫ মিনিটে গোল করতে ব্যর্থ হন মেসি। তাঁর অসাধারণ ফ্রি-কিক বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন তিনি। শেষ ১৫ মিনিটে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে বার্সা। কিন্তু এদিন সত্যিই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে অ্যাটলেটিকো।