কী অদ্ভুত এক চিত্রনাট্য। ভাগ্যদেবী যেন আড়ালে দাঁড়িয়ে পুরো ৯০ মিনিট হেসেছেন। তিন বছর আগে যিনি ছিলেন নাটকের ‘ট্র্যাজিক হিরো’ পরশু সেই তিনিই হয়ে গেলেন নায়ক। তিন বছর আগে স্টামফোর্ড ব্রিজে ম্যাচ শেষে ক্যামেরা ধরা ছিল তাঁর দিকে, তিনি তখন রেফারিকে শাসাচ্ছেন, তেড়ে যেতে চাইছেন খ্যাপাটে ষাঁড়ের মতো। সতীর্থরা প্রায় পাঁজাকোলা করে আটকে রাখতে হিমশিম খাচ্ছেন। উগরে যাচ্ছেন একের পর এক অশালীন বাক্য। পরশুও ম্যাচ শেষে ক্যামেরা তাঁকেই তাক করা। কিন্তু দৃশ্যটা একেবারেই উল্টো। পুরো স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাঁর নামে স্লোগান দিচ্ছে, ম্যাচ চলার সময় বৃষ্টিতে সিক্ত তিনি তখন ভিজছেন করতালি-বৃষ্টিতে। গ্রহণ করছেন দর্শক অভিবাদন। ৩৪ বছর বয়সী ‘বুড়ো ঘোড়া’ দিদিয়ের দ্রগবার কাছেই অবশেষে থামল বার্সার অজেয় রথ। সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে বার্সাকে ১-০ গোলে হারাল চেলসি। শুধু গোল করেই নয়; পাল্টা-আক্রমণে নেতৃত্ব দিয়ে, প্রয়োজন বুঝে নিচে নেমে এসে রক্ষণ করে, মেসিকে আটকাতে জঘন্য ফাউল করে হলুদ কার্ড দেখে...পুরো ম্যাচেই ছিলেন তিনি। অবশ্য শুধু কি দ্রগবা? এদিন বার্সা হেরেছে ভাগ্যের কাছেও। তিন বছর আগে ফাইনালে ওঠার ম্যাচটিতে ভাগ্য বার্সার দিকে তাকিয়েই হেসেছিল। চেলসির প্রতি এভাবেই যে ঋণ জমা হয়েছিল, সেটাই যেন পরশু শোধ হয়ে গেল। তা না হলে কেন অষ্টম মিনিটে অ্যালেক্সিস সানচেজের দুর্দান্ত চিপ ধনুকের বাঁক নিয়ে জালে ঢুকতে ঢুকতে ধাক্কা খাবে ক্রসবারে? সেস ফ্যাব্রিগাসের ঠেলে দেওয়া বল কেন একেবারে গোললাইনের সামনে থেকে ক্লিয়ার করবেন অ্যাশলি কোল? শেষ মুহূর্তে কেন পেদ্রোর শট ধাক্কা খেয়ে ফিরে আসবে ডান পোস্টে?শুধু দ্রগবা আর ভাগ্য? বার্সা এদিন হেরেছে পিওতর চেক নামের অতন্দ্র গোলপ্রহরীর কাছেও। ম্যাচে ৭৯ শতাংশ বল দখলে রাখা বার্সা ম্যাচে সব মিলিয়ে ২৪টি শট নিয়েছে। ছয়টিই ছিল লক্ষ্যে। যে ছয়টি শটের চারটিই দুর্দান্তভাবে সেভ করেছেন চেক। তার পরও বার্সা বেশি করে ভাগ্যকেই দুষবে। পরিসংখ্যানে আবারও চোখ বোলান। পুরো ম্যাচে বার্সার ২৪ শটের বিপরীতে চেলসির শট মাত্র ৪টি। পুরো ম্যাচে মাত্র একটি শটই তাদের লক্ষ্যে। আর সেই শটটিতেও লক্ষ্যভেদ!তিন বছর আগের ম্যাচটির নায়ক ছিলেন যিনি, সেই ইনিয়েস্তা ম্যাচ শেষে বলেছেন, ‘এ ফলটা অন্যায্য। অবশ্য আমরা জানতাম, সামান্য সুযোগ পেলেও সেটা কাজে লাগাবে চেলসি। আমরাও অনেকগুলো সুযোগ নষ্ট করেছি (২৪টি শটের ১৮টিই গোলপোস্টের বাইরে মেরেছে বার্সা)। অবশ্য ঘুরে দাঁড়ানোর জন্য ফিরতি লেগ তো থাকছেই।’ মঙ্গলবার সেই ফিরতি লেগ বার্সার মাঠে। নিজেদের মাঠে পেপ গার্দিওলার দলের যা ফর্ম, তাতে এখনো ফাইনালে ওঠার সমীকরণে বার্সাই ফেবারিট। তবে মাত্র কিছুদিন আগেও যে চেলসিকে সবাই বাতিলের খাতায় ফেলে দিচ্ছিল, সেই তাদেরই টানা ১৬ ম্যাচ অপরাজিত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে এভাবে এগিয়ে থাকা—সত্যিই অবিশ্বাস্য।এই রূপবদলের কারিগর হিসেবে সবাই রবার্তো ডি মাত্তেওরেই কৃতিত্ব দিচ্ছে। চেলসির ভারপ্রাপ্ত কোচ কৃতিত্ব ভাগ করে দিচ্ছেন শিষ্যদের। চেলসির তারকারা সব বুড়িয়ে গেছেন, এই কথা শুনে শুনে ক্লান্ত এই ইতালিয়ান এবার দিলেন পাল্টা জবাব। রোববার এফএ কাপের সেমিফাইনালে টটেনহামকে উড়িয়ে দেওয়ার পর এই জয়ের দিকে ইঙ্গিত করে বললেন, ‘অনেকেই বলেছে এই ছেলেরা বুড়িয়ে গেছে, এক সপ্তাহে দুটি ম্যাচ খেলতে পারবে না। শুধু দ্রগবা নয়, আপনারা যাদের বুড়ো ভাবেন, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুটি ম্যাচ জিতে তারা মাঠেই তার জবাব দিয়েছে।’ এএফপি, রয়টার্স।