বার্সা ৮ গোলে জয়ী, মেসির হ্যাটট্রিক
বার্সেলোনার হয়ে গত মৌসুমে রেকর্ড ৭৩টি গোল করেছেন। আগস্টে শুরু হতে চলা নতুন মৌসুমে কী করবেন লিওনেল মেসি? সে ইঙ্গিতটাই যেন গতকাল শনিবার দিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মরক্কোর ক্লাব রাজা কাসাব্লাংকার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মেসি। তাঁর জাদুতে বার্সেলোনা জিতেছে ৮-০ গোলে।খেলার স্কোর লাইনটাই বলে দিচ্ছে, এ দিন বার্সার কাছে পাত্তাই পায়নি শক্তির বিচারে যোজন-যোজন পিছিয়ে থাকা রাজা কাসাব্লাংকা। সত্যিই তাই। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত স্প্যানিশ জায়ান্টরা ছিলেন অপ্রতিরোধ্য, দুর্বার। প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়ানোর সুযোগটাও দেননি বার্সার খেলোয়াড়েরা।প্রথমার্ধটা যেন ভাগাভাগি করে নিয়েছেন মেসি ও তাঁর সতীর্থ আলেক্সিজ সানচেজ। এর প্রমাণ, প্রথমার্ধে হওয়া পাঁচ গোলের মধ্যে মেসি করেছেন তিনটি আর সানচেজ দুটি।খেলার ১৩ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন সানচেজ। ৩৪ মিনিটে নিজের প্রথম গোলের দেখা পান মেসি। এর চার মিনিট পর আবারও কাসাব্লাংকার জালে বল জড়ান তিনি। হ্যাটট্রিক গোলের দেখাটাও প্রথমার্ধেই পেয়ে যান মেসি, ৪৫ মিনিটে। এর চার মিনিট আগে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন সানচেজ।দ্বিতীয়ার্ধে গোলের সূচনা করেন দানি আলভেজ। ৫৮ মিনিটে পাওয়া এই গোলের পর অবশ্য বেশ খানিকটা সময় গোলহীন থাকতে হয় বার্সাকে। ৮৭ মিনিটে গিয়ে গোল করেন সার্জি রবার্তো। এর দুই মিনিট পর কাসাব্লাংকার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জেরার্ড ডিলোফিউ। সূত্র: ওয়েবসাইট।