বার্সাকে অপেক্ষায় রাখল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকার ক্যাসিয়াস সেই বেঞ্চেই, পেপের জায়গা হয়নি ডাগ-আউটেও। গৃহদাহের আগুনে আগের দিনই আরেক দফা ঘি ঢেলেছেন কোচ। তবে মাঠের ফুটবলে সেসবের প্রভাব পড়ল সামান্যই। ছয়জনের গোলে মালাগাকে ৬-২ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার শিরোপা উৎসবটাও পিছিয়ে দিল দিন তিনেক। রোববার ভিসেন্তে ক্যালদেরনে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারলে নিশ্চিত হবে বার্সার ২২তম লা লিগা শিরোপা। সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে পরশু অ্যাটলেটিকো নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলার ছাড়পত্র।ম্যাচ শেষে যদিও আলোচনায় যথারীতি অন্তঃকলহ, হোসে মরিনহো আর ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ। উয়েফা ও লা লিগার হিসাবে পরশু রিয়ালের হয়ে গোলের ‘ডাবল সেঞ্চুরি’ ছুঁয়েছেন রোনালদো। বার্তা সংস্থা এএফপি-রয়টার্সের হিসাবে যদিও ২০০ গোল হয়ে গেছে আগের ম্যাচেই। তবে গোলসংখ্যা নিয়ে নয়, প্রশ্ন বেশি উঠছে রোনালদোর ভবিষ্যৎ ঠিকানা নিয়ে। বার্নাব্যুতেই থাকছেন নাকি ফিরছেন ওল্ড ট্রাফোর্ডে? সহকারী কোচ আইতর কারাঙ্কা জানিয়েছেন, ‘রিয়ালই রোনালদোর আদর্শ ঠিকানা।’ আর ডিফেন্ডার রাউল আলবিওল আহ্বান জানান ঐক্যের, ‘মৌসুমের আরও সপ্তাহ তিনেক বাকি। আমাদের এককাট্টা হতে হবে এবং দলের জন্য লড়তে হবে।’বার্নাব্যুতে এই আলবিওলের গোলেই তিন মিনিটে এগিয়ে যায় রিয়াল। চোটের কারণে সার্জিও রামোস ছিলেন না, কোচের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলা পেপেকে দলেই রাখা হয়নি। সেরা একাদশে খেলার বিরল সুযোগ পান তাই আলবিওল। চার বছরের মধ্যে প্রথম লিগে গোল করে ফেরাটা উদ্যাপন করেন এই ডিফেন্ডার। ১৫ মিনিটে রক সান্তা ক্রুজের গোলে সমতা ফেরায় মালাগা। তবে ৪-২ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। রোনালদো ২১ মিনিটে পেনাল্টি মিস করলেও গোল করেন ২৬ মিনিটে। গোল করেন মেসুত ওজিল ও করিম বেনজেমাও। মালাগার বাকি গোলটি ভিতোরিনো আন্তুনেসের। দ্বিতীয়ার্ধে খেলায় গতি, ধার, আক্রমণ অনেক কমে গেলেও জাল খুঁজে পান লুকা মডরিচ ও অ্যাঙ্গেল ডি মারিয়া। সার্জিও সানচেজের লাল কার্ডে প্রায় ৫০ মিনিট ১০ জন নিয়ে খেলেছে মালাগা, মার্টিন ডেমিকেলিসের লাল কার্ডে নয়জন নিয়ে খেলেছে শেষ ১৭ মিনিট। ৮৫ মিনিটে চোট পেয়ে ওজিল বাইরে যাওয়ায় রিয়াল বাকি সময়টা খেলেছে ১০ জন নিয়ে। তিনটি পরিবর্তন করে ফেলেছিল তারা আগেই।মরিনহো না থাকলে আগামী মৌসুমে তিনিও থাকবেন কি না ঠিক নেই, তবে কারাঙ্কা রিয়ালেই দেখতে চান রোনালদোকে, ‘রোনালদো যে ধরনের ফুটবলার আর রিয়াল যে ধরনের ক্লাব, দুটোই পরস্পর মানিয়ে যায় দারুণভাবে। রোনালদো সামনে আরও উন্নতি করবে, রিয়ালই তাই ওর জন্য আদর্শ জায়গা। আর ওকে পাওয়া রিয়ালের জন্যও হবে দারুণ।’ এএফপি, রয়টার্স।