বার্সাকে আনতে আল জাজিরার শরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগস্টে ঢাকা আসতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষ হিসেবে অন্য একটি দল আনাসহ মোট ৫০ কোটি টাকার মতো লাগতে পারে। বিশাল এ টাকা জোগাড় করা বাফুফের পক্ষে কঠিন। তবে লক্ষ্য পূরণে মাঠে নেমেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শরণাপন্ন হয়েছেন দোহাভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরার। গত বুধবার দোহায় স্পেন-উরুগুয়ে ম্যাচ দেখেছেন সালাউদ্দিন। সেখানেই বার্সেলোনার ম্যাচ আয়োজনে সহযোগিতা পেতে তৎপরতা চালিয়েছেন। ঢাকা ফিরে বাফুফে সভাপতি কাল জানালেন, ‘আল-জাজিরা টিভিকে অনুরোধ করেছি ম্যাচটি তারা যেন আয়োজনের দায়িত্ব নেয়। ম্যাচটা তাদেরই দিতে চেয়েছি। প্রয়োজনে আমরা বাফুফের পক্ষ থেকে এক মিলিয়ন ডলার জোগাড় করে দেব। বাকি টাকা যেন তারা দেয়। ওরা ভেবে দেখবে বলেছে।’