বার্সাকে আনতে ১৫ কোটি দিতে রাজি সালাউদ্দিন
এখনো ব্যাপারটা প্রকাশ্যে আসেনি। পর্দার আড়ালে চলছে তৎপরতা। তা থেকে পাওয়া যাচ্ছে কিছু খবরও। স্প্যানিশ ফুটবল পরাশক্তিকে ভারতে আনছে একটি বিপণন প্রতিষ্ঠান। গত বুধবার ওই প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা ঢাকায় এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনা করে গেছেন।বিষয়টা নিয়ে পরশু বিস্তারিত বলতে রাজি হননি সালাউদ্দিন। তবে গতকাল জানিয়েছেন তাঁর অবস্থান, ‘বার্সেলোনাকে ঢাকায় আনতে ওরা ২০ কোটি টাকা চায়। আমি ১৪-১৫ কোটি টাকা পর্যন্ত রাজি হয়েছি। এর বেশি সম্ভব নয় বলে দিয়েছি। এও বলেছি, ২৮ এপ্রিল ফুটবল ফেডারেশনের নির্বাচন। আমি নির্বাচিত হলে মে মাসে বিষয়টা নিয়ে চূড়ান্ত কথা বলব।’বাফুফে সভাপতির সংযোজন, ‘এখনই সব কথা বলে দেওয়ার সময় নয়। আগে আমাকে ফেডারেশন সভাপতি নির্বাচিত হতে হবে। অন্য কেউ নির্বাচিত হলে তিনি এই উদ্যোগ নেবেন কি না, সেটি তাঁর ব্যাপার। তবে আমি নির্বাচিত হলে ব্যাপারটা নিয়ে এগোব। মার্কেন্টিং এজেন্ট বলেছে, তারা বিষয়টা নিয়ে ভাববে। সরাসরি নাকচ করে দেয়নি।’বার্সেলোনাকে যদি সত্যি আনাই যায়, তাহলে ঢাকায় তারা কাদের সঙ্গে খেলবে? সালাউদ্দিনের কথা, ‘প্রতিপক্ষ বেছে নেওয়ার সুযোগ আমাদের হাতেই থাকবে। কোচ ম্যারোডোনাসহ আল ওয়াসল ক্লাবকে আনতে চাই। এখন পর্যন্ত এটাই আমার পরিকল্পনা।’মেসিসহ গোটা আর্জেন্টিনা দলকে আনতে বাফুফের খরচ হয়েছে ৩৫ কোটি টাকার বেশি। সে তুলনায় বার্সাকে আনতে খরচ অর্ধেকেরও কম। এই টাকা সংগ্রহ করা কঠিন হবে না বলছেন সালাউদ্দিন। এও যোগ করছেন, ‘এবার যদি হয় টিকিটের দাম অনেক কমিয়ে রাখব।’উল্লেখ্য, মেসিদের সফরের পরপরই সালাউদ্দিন বলেছিলেন, আবার নির্বাচিত হলে ম্যানইউ এবং আল ওয়াসলের ম্যাচ আয়োজন করতে চাইবেন। সেটিই বলে যাচ্ছেন, ‘টাকা হলে সবই সম্ভব। অবশ্যই প্রতিশ্রুতি রাখব।’ এসব প্রতিশ্রুতি আবার নির্বাচনী ইশতেহার কি না, প্রশ্ন করা হলে সালাউদ্দিন বললেন, ‘মোটেও না। নির্বাচন আর বাইরের দল আনার উদ্যোগ দুটিই ভিন্ন বিষয়।’