বার্সাকে ঊনত্রিশে থামাল বেটিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে ৫-০ গোলে বিধ্বস্ত করেই এই মৌসুমে নিজেদের আসল রূপটা তুলে ধরেছে বার্সেলোনা। সেই থেকে একের পর এক জয়, পরাজয় কাকে বলে ভুলে গিয়েছিল কাতালান দলটি। কে তাদের থামাবে, এমন প্রশ্নই এসে পড়েছিল সামনে। অপরাজিত থাকার নতুন রেকর্ডের দিকেই গন্তব্য মনে হচ্ছিল মেসি-জাভি-ইনিয়েস্তার দলকে।কিন্তু তাদের পরশু হারিয়ে দিল পুঁচকে রিয়াল বেটিস। গত মৌসুমে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া বেটিস কিংস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। তবে হেরেও শেষ চারে উঠে গেছে বার্সেলোনাই। নিজেদের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা ৫-০ গোলে জিতে থাকাতেই এই সুবিধা। দুই লেগ মিলিয়ে ফলটা তাদের অনুকূলে (৬-৩)। পরশু ম্যাচের আগে পর্যন্ত লিগ, চ্যাম্পিয়নস লিগ আর কাপ মিলিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত ছিল বার্সা।বার্সেলোনার লিগের শুরুটা অবশ্য হয়েছিল একটা হোঁচট দিয়েই। আগের মৌসুমের চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল অজ্ঞাতকুলশীল হারকিউলিস। সেই হারকিউলিস নু ক্যাম্পে এসে গার্দিওলার দলকে ২-০ গোলে হারিয়ে চমকে দিয়েছিল সবাইকে। সেই হার বার্সেলোনাকে যেন জাগিয়ে দিয়েছিল ‘ঘুম’ থেকে। এই হারও নিশ্চয়ই বার্সেলোনাকে দাঁড় করাবে আত্মসমীক্ষার সামনে। তবে এই পরাজয়ে নিজেদের কাছে সান্ত্বনাও আছে। বার্সা কোচ গার্দিওলা বিশ্রাম দিয়েছিলেন নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে। ডেভিড ভিয়া, সার্জিও বুস্কেটস ও পেদ্রো রদ্রিগেজকে ছাড়াই মাঠে নেমেছিল কাতালানরা। সদ্যই ফিফা-ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি অবশ্য ছিলেন এবং তিনিই করেছেন বার্সার গোলটি, যেটি মৌসুমে তাঁর ৩২তম গোল।মলিনার ২ গোলে ৭ মিনিটের মধ্যেই ২-০-তে এগিয়ে যায় বেটিস। ৩৮ মিনিটে একটি গোল মেসি ফিরিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু প্রথমার্ধেরই যোগ করা সময়ে ব্যবধানটা ৩-১ করেন বেটিসের আরজু। এরপর ম্যাচে কয়েকবার মেসি-ঝলক দেখা গেলেও পরাজয় রুখতে পারেনি বার্সেলোনা।বেটিসের জয়ের নায়ক মলিনার কণ্ঠে ছড়িয়ে থাকল দারুণ এক গৌরববোধ, ‘দ্বিতীয় বিভাগের দল হিসেবে বার্সেলোনার সঙ্গে খেলতে পারাই বড় ব্যাপার। কিন্তু এ থেকে আমরা সর্বোচ্চ অর্জনটাই পেতে চেয়েছি। আমরা সেটি পেরেছি।’এদিকে স্প্যানিশ লিগের সর্বশেষ ম্যাচে রিয়ালের সঙ্গে ১-১ গোলের ড্র থেকে পাওয়া আত্মবিশ্বাস আলমেরিয়াকে যেন বদলে দিয়েছে। দেপোর্তিভো লা করুনিয়াকে ৩-২ গোলে হারিয়ে পরশু তারা উঠে গেছে কিংস কাপের সেমিফাইনালে। কিন্তু সেমিফাইনালে আলমেরিয়াকে দাঁড়াতে হবে বার্সেলোনার সামনে।লিওনার্দোর পাঁচে পাঁচ: নতুন কোচ পেয়ে নতুন আনন্দে যেন জেগে উঠেছে ইন্টার মিলান। রাফায়েল বেনিতেজের উত্তরসূরি হিসেবে ইন্টারের দায়িত্ব নেওয়ার পর ইন্টার মিলানকে টানা পঞ্চম জয় এনে দিলেন ব্রাজিলিয়ান কোচ লিওনার্দো। পরশু সিরি ‘আ’তে নিজেদের মাঠে ইতো, মিলিতো ও শিভুর গোলে সেসেনাকে তারা হারিয়েছে ৩-২ ব্যবধানে। লিওনার্দোর অধীনে সিরি ‘আ’তে এটি তাদের চতুর্থ জয়। অন্যটি ইতালিয়ান কাপে। এএফপি।