বার্সাকে এড়াতে চায় সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট কিন্তু জাঁকালো অনুষ্ঠান। তাতে কোনো সংগীত বা চলচ্চিত্র তারকা মূল আকর্ষণ নয়। মূল আকর্ষণ কাচের পাত্রে রাখা ছোট্ট ছোট্ট গোল কৌটা। সেগুলোর মধ্যে প্রাণভোমরা থাকবে না। কিন্তু সবার চোখ আটকে থাকবে তাতেই। কৌটার মধ্যে রাখা কাগজেই যে উঠে আসবে প্রতিপক্ষের নাম। সুইজারল্যান্ডের নিয়নের এমনই এক অনুষ্ঠানে আজ চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রতিপক্ষ জেনে যাবে দ্বিতীয় রাউন্ডে ওঠা ১৬টি দল।কে কার প্রতিপক্ষ হবে, সেটা বলা অসম্ভব। তবে একটা ব্যাপার নিশ্চিত। আগের ২২টি আসরে যা হয়েছে, এবারও তা-ই হবে। ২৫ মে ওয়েম্বলির ফাইনালে নতুন চ্যাম্পিয়নই পাবে চ্যাম্পিয়নস লিগ। গত দুই দশকে যে টানা দ্বিতীয়বার শিরোপা কেউই জেতেনি। বর্তমান চ্যাম্পিয়ন চেলসি এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। চেলসির সেই রেখে যাওয়া মুকুট কে পরবে? বার্সেলোনা?সেটাও বলা কঠিন। তবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে, দ্বিতীয় রাউন্ডে চারবারের চ্যাম্পিয়ন বার্সাকে এড়াতে পারলেই খুশি হবে দলগুলো। বার্সা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে শেষ ষোলোতে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে দ্বিতীয় রাউন্ডে বার্সার মুখোমুখি হতে হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ট-জার্মেই, বরুসিয়া ডর্টমুন্ড, মালাগা, জুভেন্টাস, শালকে জিরো ফোর, বায়ার্ন মিউনিখদের। ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ চ্যাম্পিয়ন খেলা নেই। গ্রুপ চ্যাম্পিয়নদের সঙ্গে খেলা পড়বে রানার্সআপদের। গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও দ্বিতীয় রাউন্ডে বার্সাকে পাবে না রিয়াল মাদ্রিদ। কারণ কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত একই দেশের দুই ক্লাব মুখোমুখি হয় না। ফলে স্পেনের আরেক ক্লাব ভ্যালেন্সিয়াও এই রাউন্ডে বার্সার মুখোমুখি হচ্ছে না। রিয়ালের রানার্সআপ হওয়াটা গ্রুপ চ্যাম্পিয়নদের জন্য দুঃসংবাদ বলেছিলেন হোসে মরিনহো। আসলেই তা-ই। এমনও হতে পারে, ইউনাইটেড, বায়ার্ন বা জুভেন্টাসের সঙ্গে এই রাউন্ডেই খেলা পড়ে যেতে পারে রিয়ালের।অনেকেই নাম বলছেন না বটে। তবে পিএসজিকেও এবারের অন্যতম ফেবারিট বানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। এসি মিলানকে দুবার চ্যাম্পিয়নস লিগ জেতানো আনচেলত্তি এবার পিএসজিকে গ্রুপ পর্বে সর্বোচ্চ ১৫ পয়েন্ট এনে দিয়েছেন। যদিও ১৯৯৫ সালের পর এই প্রথম নকআউট পর্ব খেলছে ফ্রান্সের দলটি। ওদিকে বরুসিয়াকে এবারের টুর্নামেন্টের ফেবারিট বলছেন মরিনহো। বুন্দেসলিগায় ১৭ ম্যাচের মাত্র একটিতে হারা বার্য়ানও আছে দুর্দান্ত ফর্মে। গতবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে, তার পরও ইউনাইটেডকে এবার অবশ্যই অন্যতম ফেবারিট দল।গ্রুপ চ্যাম্পিয়নদের মধ্যে শালকের নামটিই চমক-জাগানিয়া। বুন্দেসলিগায় সর্বশেষ ছয় ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেয়ে এরই মধ্যে দলটির কোচ হাব স্টিভেনস ছাঁটাই হয়েছেন। শালকের ভার এখন ইয়েনস কেলারের কাঁধে। এএফপি, রয়টার্স।চ্যাম্পিয়নস লিগের ড্র আজবাছাই দল পিএসজি, শালকে, মালাগা, বরুসিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডঅবাছাই দল পোর্তো, আর্সেনাল, এসি মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, ভ্যালেন্সিয়া, সেল্টিক ও গ্যালাতাসারাই