বার্সাকে গোল করতে দেয়নি মিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলান ০: ০ বার্সেলোনামার্শেই ০: ২ বায়ার্ন* স্বাগতিক দল প্রথমেগোলদুর্গের সিংহদুয়ারে সত্যি সত্যিই যেন কয়েকটি সিংহকে পাহারায় বসিয়েছিলেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। আলেসান্দ্রো নেস্তা, ফিলিপ্পে মেক্সেস, লুকা আন্তোনিনি, দানিয়েলে বনেরা গোলমুখে বজ্র আঁটুনি গড়ে তুলেছিলেন। অধিনায়ক মাসিমো আম্ব্রোসিনি আর ক্লেরেন্স সিডর্ফরাও মাঝমাঠ থেকে নেমে এসে শক্তি বাড়িয়েছেন রক্ষণদুর্গের। এই অটুট রক্ষণ শেষ পর্যন্ত ভাঙতে পারেনি বার্সেলোনা। কয়েকবার কামান দেগেছে। কয়েকবার ধাক্কা খেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের মাঠে গোল না-খাওয়ার যে ধনুকভাঙা পণ নিয়ে মাঠে নেমেছিল সাতবারের চ্যাম্পিয়নরা, সেই চাওয়াটাই পূরণ হয়েছে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান সিরোতে গোলশূন্য ড্র নিয়ে বার্সা ফিরেছে স্পেনে। চ্যাম্পিয়নস লিগে ২৯ ম্যাচ পর কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হলো পেপ গার্দিওলার দল।ম্যাচে বার্সার দাপট ছিল ঠিকই। কিন্তু সবচেয়ে ভালো দুটি সুযোগ তৈরি করেছিল আবার মিলানই। প্রথমে ইব্রাহিমোভিচের শট দুর্দান্ত রিফ্লেক্সে ঠেকিয়ে দিয়েছেন ভিক্টর ভালদেস। এক-এক পরিস্থিতিতে গোল করা উচিত ছিল ইব্রার। আরেকটি সুযোগ হাতছাড়া করেছেন রবিনহো। বক্সে একদম অরক্ষিত অবস্থায় জায়গায় বল পেয়ে গিয়েছিলেন। কিন্তু রবিনহো ভলি মেরে বল উড়িয়ে মেরেছেন ক্রসবারের ওপর দিয়ে। মিলান খেলোয়াড়দের চারদিক থেকে ঘিরে ধরার কারণে দৃশ্যত অসম্ভব জায়গাতেও ওয়ান-টু খেলে বার কয়েক বল বের করে এনেছিলেন মেসি। তাঁর দুটি সম্ভাবনাময় শট ঠেকিয়েছেন গোলরক্ষক আবিয়াতি। তবে বার্সার জন্য ম্যাচ শেষে সবচেয়ে বড় হতাশার কারণ প্রাপ্য পেনাল্টিটা না-পাওয়া। অ্যালেক্সিস সানচেজকে ফেলে দিয়েছিলেন আবিয়াতি। পেনাল্টি না দিয়ে বার্সাকে আসলেই বঞ্চিত করা হয়েছে। মেসির একটা গোল অফসাইডের খাঁড়ায় কাটা পড়েছে। এ নিয়ে অবশ্য নালিশ করার কিছু নেই। নিজেদের মাঠে এই ড্রয়ে মিলানের হতাশ হওয়ারই কথা। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অ্যালেগ্রিকে বেশ খোজ মেজাজেই দেখা গেছে। তিনি বরং খুশি। কারণ মঙ্গলবার ফিরতি লেগে যেকোনো গোলে ম্যাচ ড্র হলে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে সেমিফাইনালে উঠে যাবে মিলান। মিলান কোচকে হয়তো প্রেরণা জোগাচ্ছে এবারই গ্রুপ পর্বে একেবারে শেষ মুহূর্তের গোলে বার্সার মাঠে তাদের ড্র। তা ছাড়া ফিরতি লেগে দল আরও শক্তিশালী হবে ইনজুরি ও নিষেধাজ্ঞা কাটিয়ে পাতো-থিয়াগো সিলভা-ফন বোমেলরা ফিরবেন। খুশিতে ডগমগ অ্যালেগ্রি এমনটাও বললেন, এটাই বার্সার বিপক্ষে এ মৌসুমে তাদের সেরা ম্যাচ, ‘আমি আমার দলকে অভিনন্দন জানতে চাই। দ্বিতীয়ার্ধের চেয়ে প্রথমার্ধেই আমাদের ওপর চাপ বেশি গেছে। তবে আন্তোনিনি দুর্দান্তভাবে লিওনেল মেসিকে পাহারায় রেখেছিল। যে তিনটা ম্যাচ খেলেছি, এর মধ্যে এটাই সেরা। আমরা বেশ ভালোভাবে ডিফেন্স করেছি, আক্রমণেও আমরা ছিলাম বিপজ্জনক।’ নিজেদের মাঠে খেলার স্বস্তিটা আছেই। তবে এক গোল করলেও যে নির্ভার থাকা যাবে না, ১-১ ড্র হয়ে গেলেও বিদায় নিতে হবে, শিষ্যদের সহজ অঙ্কটা বুঝিয়ে দিয়েছেন গার্দিওলা। কমপক্ষে দুই গোলে এগিয়ে থাকতেই হবে। এই অটুট রক্ষণকে লখিন্দরের বাসরঘর বার্সা এখন কীভাবে বানায়, সেটাই দেখার। একটা গোল পেলেই চ্যাম্পিয়নস লিগে এই আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়তেন মেসি। পারেননি। অন্যদিকে মারিও গোমেজ এক গোল করে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। বায়ার্ন স্ট্রাইকারের গোল হয়ে গেল ১১টি, মেসির চেয়ে একটি কম। গোমেজের পর আরিয়েন রোবেনের গোলে মার্শেইকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে এসেছে বায়ার্ন। জয়ের পাশাপাশি দুটি অ্যাওয়ে গোল সেমিতে একরকম তুলেই দিল তাদের। আগের মৌসুমে ৪৫ ম্যাচে ৩৯ গোল করা গোমেজ এই মৌসুমে ৪১ ম্যাচে ৩৭ গোল করে আবারও জানান দিলেন, শুধু মেসি-রোনালদোয় বুঁদ হয়ে থাকাটা অন্যায়। এএফপি, রয়টার্স।