বার্সাকে চেলসির সতর্কবার্তা
ভাগ্য বেশ কিছুদিন ধরেই প্রসন্ন হাসি হাসছে চেলসির দিকে। চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে দুই দুবার তাদের বাঁচিয়েছে গোলপোস্ট। কাল ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালও দুবার বঞ্চিত হলো। প্রথমবার রবিন ফন পার্সি, দ্বিতীয়বার লরেন্ত কসিয়েলনি। দুজনের শটই গোলপোস্টে লেগে ফিরে এসেছে। ভাগ্য এভাবে চেলসির দিকে আগামী মঙ্গলবারও হাসলে বার্সার বিপদ বাড়বে বৈ কমবে না। এদিনও নিজেদের রক্ষণ অটুট রেখে বার্সাকে যেন একটা সতর্কবার্তাও পাঠাল চেলসি। কালকের ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। পরশুও একই ফল থাকলে বিদায় নিতে হবে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।এই ম্যাচটিও চেলসির জন্য ছিল গুরুত্বপূর্ণ। জিতলে শেষ চারে জায়গা পেত তারা। কিন্তু রবার্তো ডি মাত্তেওর মাথায় যে ‘মঙ্গলবার’ই ঘুরছে, সেটা ম্যাচের শুরুতেই বোঝা গেছে। বার্সেলোনার বিপক্ষে খেলা প্রথম একাদশের আটজনকেই এদিন বিশ্রামে রেখে দল সাজিয়েছেন চেলসির ভারপ্রাপ্ত কোচ। খেলেছেন কেবল পিওতর চেক, গ্যারি কাহিল আর জন টেরি। পূর্ণ বিশ্রাম পেয়ে তরতাজা হয়েই বার্সেলোনাগামী বিমানে উঠবেন দ্রগবা-ল্যাম্পার্ডরা। আন্দ্রে ভিলাস-বোয়াসের স্থলাভিষিক্ত হওয়ার পর ১৪ ম্যাচের মাত্র একটাতেই হেরেছেন ডি মাত্তেও।ভাগ্যের পাশাপাশি আর্সেনাল এদিন নিজেদেরও দুষবে দুটি সহজ সুযোগ কাজে লাগাতে না পারায়। এ ম্যাচে জিতলে তৃতীয় স্থানটা আরও শক্ত হতো গানারদের। আর্সেনাল আরও একটি বড় দুঃসংবাদ শুনেছে এদিন ম্যাচ শেষে। ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া থিও ওয়ালকট মৌসুমের বাকি সময়টায় আর খেলতে পারবেন না। এএফপি।