বার্সাকে জিতিয়ে ছুটিতে নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করেই চলেছেন নেইমার। কার্তাগেনার বিপক্ষে পরশুর এই গোলটা মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে ৬ গোল হলো বার্সেলোনা স্ট্রাইকারের  এএফপি
গোল করেই চলেছেন নেইমার। কার্তাগেনার বিপক্ষে পরশুর এই গোলটা মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে ৬ গোল হলো বার্সেলোনা স্ট্রাইকারের এএফপি

কনফেডারেশনস কাপ খেলে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর সেই অর্থে তেমন বিশ্রাম পাননি। এর মধ্যে লিওনেল মেসি চোটে পড়ায় দায়িত্বটা আরও বেড়ে গেছে। সেই দায়িত্ব খুবই দক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছেন নেইমার। তবে একটানা খেলার মাঝে একটু বিশ্রাম পেলে মন্দ কী! চাঙা হয়ে ফেরা নেইমারকে পেলে তো বার্সেলোনারই লাভ।

সুযোগটা অবশ্য হঠাৎই এসে গেল। এমনিতেই বড়দিনের জন্য অল্প কিছুদিনের ছুটি পেতেন সবাই। তবে পাঁচটা হলুদ কার্ড হয়ে যাওয়ায় গেটাফের বিপক্ষে রোববারের ম্যাচটা খেলতে পারবেন না নেইমার। কোচ জেরার্ডো মার্টিনো তাই সিদ্ধান্ত নিলেন নেইমারকে কিছুদিন আগেই ছুটিতে পাঠিয়ে দেওয়ার। তবে যাওয়ার আগে নিজের শেষ দায়িত্বটুকুও দারুণভাবে পালন করে গেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। পরশু কোপা দেল রেতে কার্তাগেনার বিপক্ষে করেছেন আরও একটা গোল। সঙ্গে পেদ্রো আর কার্তাগেনার আত্মঘাতী এক গোল মিলিয়ে বার্সেলোনার জয় ৩-০ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে জিতে কোপা দেল রের শেষ ষোলোতেও জায়গা করে নিয়েছে নেইমারের দল। আজ তাই খুশি মনেই ব্রাজিলের বিমানে চড়বেন বার্সেলোনা ফরোয়ার্ড। দ্বিতীয় বিভাগের দল কার্তাগেনার বিপক্ষে অ্যালেক্সিস সানচেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও জর্ডি আলবাকে বেঞ্চে রেখে মার্টিনো দল নামালেও নেইমার খেলেছেন পুরো ৯০ মিনিট। ম্যাচ শেষে এর কারণটা ব্যাখ্যা করেছেন বার্সেলোনা কোচ, ‘যেহেতু ও পরের ম্যাচটা খেলতে পারবে না, তাই আজ সুযোগ ছিল ওকে পুরো সময় খেলানোর। তা ছাড়া সে তো অতিরিক্ত কিছুদিন ছুটিও পাচ্ছে।’

সপ্তাহ দুয়েক পরে ছুটি থেকে ফেরার পর পুরো শক্তির দল নিয়েই অনুশীলন করতে পারবেন বলে আশাবাদী কোচ মার্টিনো, ‘আশা করছি ছুটির পর মেসি, ভালদেসসহ যারা এখন পুনর্বাসনে রয়েছে ওদের সবাইকে অনুশীলনে পাব।’ এএফপি।