বার্সাকে ঠেলে শীর্ষে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা দল ৫২ মিনিটে ০-২ গোলে পিছিয়ে পড়লে আপনি প্রথমেই ওই দলটির হার ধরে নেবেন। ড্রয়ের ভাবনাটা দ্বিতীয় বিকল্প, জয় এখানে অনেক পিছিয়ে তৃতীয় সম্ভাব্য ফল। আর সেটির জন্য তো লাগে নাটক। দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ পরশু নাটকীয়ভাবেই জিতল সেভিয়ার বিপক্ষে (৩-২)। খেলার তখন ৯২ মিনিট, ২ মিনিট পরই বাজবে শেষ বাঁশি, রাফায়েল ফন ডার ভার্ট খুব কাছ থেকে সেভিয়া গোলকিপার আন্দ্রেজ প্যালপের হাত থেকে ছোটা বল ঠেলে পাঠালেন জালে। জয়ের আনন্দে ভাসল সান্তিয়াগো বার্নাব্যু। উদ্যাপনটা একটু বেশিই হলো। এই জয় যে গোল-ব্যবধানে রিয়ালকে শীর্ষে তুলে এক মৌসুম পর লা-লিগার শিরোপা ফিরে পাওয়ার স্বপ্ন দেখাচ্ছে। রাতের আগের ম্যাচে বার্সেলোনা আলমেরিয়ার সঙ্গে ড্র করে (২-২) চিরপ্রতিদ্বন্দ্বীর সামনে সাজিয়ে দিয়েছিল এই মঞ্চ। ২৫ ম্যাচ শেষে রিয়াল ও বার্সেলোনার পয়েন্ট ৬২। কিন্তু রিয়াল ৬৭ গোল করার পাশে যেখানে গোল খেয়েছে ২০টি, সেখানে ৬১ গোল দিয়ে ১৬ গোল খেয়েছে বার্সেলোনা।রিয়ালের ফর্ম যতটা উজ্জ্বল, ঠিক ততটাই মলিন দেখাচ্ছে এখন বার্সেলোনাকে। পেছন থেকে উঠে এসে তাদের ধরে ফেলল রিয়াল। আগামী ১১ এপ্রিলের ‘এল ক্লাসিকো’ই হয়তো ঠিক করে দেবে লিগ কার হাতে উঠবে—রিয়ালের না বার্সার। রিয়ালকেই বেশি আত্মবিশ্বাসী লাগছে। আগের এল ক্লাসিকোয় তারা ০-১ গোলে হেরে এসেছে ন্যু ক্যাম্প থেকে। এবার সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের বদলা নেওয়ার সুযোগ। আর সে জন্য যে জ্বালানি দরকার তা মনে হয় শনিবারের রাতেই তারা জোগাড় করে ফেলল সেভিয়া নামের ‘পথের কাঁটা’ সরিয়ে। এই সেভিয়া এবারের লিগের এক দল, যাদের কাছে একবার হারতে হয়েছে। এ ম্যাচেও সেভিয়া শুরু করে ফেলেছিল তেড়েফুঁড়ে। রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে। ১০ মিনিটে জাভি আলোনসো বল ক্লিয়ার করতে গিয়ে করে বসেন আত্মঘাতী গোল। এ কথা ঠিক, সেভিয়ার আক্রমণের ঢেউও তখন ছিল তীব্র। ৫২ মিনিটে আবার গোল খেয়ে বসে রিয়াল, ইভিচা ড্রাগুটিনোভিচের ফ্রি-কিক ইকার ক্যাসিয়াসকে বিভ্রান্ত করে ঢুকে যায় পোস্টের ডান কোনা দিয়ে। কিন্তু এরপর দেখা যায় আসল রিয়ালকে। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর ‘ওয়ানম্যান শো’ নয়, ছিল কাকার দুর্দান্ত গতির ঝলক, ডানপ্রান্ত দিয়ে ফুলব্যাক সার্জিও রামোসের আক্রমণ, গঞ্জালো হিগুয়েইনের গোলক্ষুধা। ৬০ মিনিটে রোনালদোই গোল করেন প্রথম, ৪ মিনিট পর সার্জিও রামোস কর্নার কিক থেকে গোল করে এনে দেন সমতা। আর শেষ কয়েক মিনিটের আক্রমণের ঝড়ের মধ্যে ফন ডার ভার্টের ওই জয়সূচক গোল। যে জয় রিয়াল কোচ হোসে ম্যানুয়েল পেলেগ্রিনির কাছে, ‘মনস্তাত্ত্বিকভাবে খুব গুরুত্বপূর্ণ।’এর আগে আলমেরিয়ার মাঠে অনুজ্জ্বল বার্সেলোনা পড়ে গিয়েছিল দুর্ভাগ্যেরও কবলে। স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ প্রতিপক্ষের একজনকে বল ছাড়া লাথি মারায় ৬১ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছেড়ে যান। তার আগে রেফারির লালকার্ড দেখে ডাগ আউট ছেড়ে যেতে হয় তাঁর কোচ পেপ গার্দিওলাকে। এসবই হয়তো অশুভ ইঙ্গিত দিচ্ছিল এ মৌসুমের গোড়ার দিকেও হীরের মতো জ্বলজ্বলে ফুটবল খেলা বার্সেলোনার কাছে। ১২ মিনিটে অযথা কর্নার কিক উপহার দিয়ে তা থেকে আলমেরিয়াকে গোলও উপহার দেন পুয়োল। সিসমা গনজালেজকে আটকাতে পারেননি পুয়োল, তাঁর মাথার ওপর দিয়েই হেড করে সিসমা এগিয়ে দেন প্রথম আলমেরিয়াকে। আবার একটা ক্রস ঠেকাতে গিয়ে ৫৭ মিনিটে নিজেদের জালেই পুয়োল জড়িয়ে দিয়েছেন বল। যা থেকে পয়েন্ট তালিকায় ১৩ নম্বরে থাকা আলমেরিয়া এগিয়ে যায় ২-১ গোলে। শেষ ২৯ মিনিট ১০ জনে খেলেও বার্সেলোনা যে ড্র করে ফিরতে পারল, সে আসলে মেসির কারণেই। অসাধারণ এক ফ্রি-কিকে ৪২ মিনিটে প্রথমে সমতা এনে ৬৬ মিনিটে হার এড়ানো গোলটিও করেছেন তিনি। এই নিয়ে মেসির গোল হলো ১৯টি, মালাগার বিপক্ষে আগের ম্যাচ জেতানো দুই গোল শীর্ষ গোলদাতার তালিকায় তাঁকে রেখেছিল ভ্যালেন্সিয়ার ডেভিড ভিয়ার পাশে। আর এই দুই গোল তাঁর কোনো শরিক রাখেনি। আলমেরিয়ার গোলরক্ষক অসাধারণ কয়েকটি সেভ না করলে মেসির গোল হতে পারত আরও, তার চেয়েও বড় কথা, ১০ জনের দলকেও হয়তো জেতাতে পারতেন ‘আর্জেন্টাইন চ্যাম্পিয়ন’। কিন্তু যা হয়নি, তা নিয়ে বার্সেলোনার আক্ষেপ করে লাভ নেই। গত বছরের ছয় শিরোপার একটি এরই মধ্যে খসে পড়েছে, পায়ের নিচের মাটি কেঁপে উঠেছে। শক্ত করে পা ধরে রাখতে হবে তাদের। কোচ পেপ গার্দিওলা যদিও কাঁপা কাঁপা গলায় এই রাতে বললেন, ‘আমরা বিশ্বাস হারাইনি।’ ওয়েবসাইট।