বার্সাকে বাঁচালেন কেইটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল করা নয়, গোল করানো বা রক্ষণে সহায়তা করাই তাঁর কাজ। তবে দলের যখন খুব প্রয়োজন, গোলও করতে পারেন সেইডু কেইটা। পরশু বার্সেলোনার তারকাখচিত আক্রমণভাগের কেউ গোল পাননি, ম্যাচের একমাত্র গোল করে রিয়াল জারাগোজার বিপক্ষে দলকে জেতালেন কেইটাই।এ মৌসুমে কেইটার এটা দ্বিতীয় গোল এবং কেইটার ৪৩ মিনিটের গোলে আট দিনের মধ্যে লিগে তৃতীয় জয় পেল বার্সা। অন্তত ২৪ ঘণ্টার জন্য হলেও পয়েন্ট তালিকায় আবার রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেল বার্সা। তবে কাল রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচেই হয়তো ব্যবধান কমিয়ে ফেলেছে রিয়াল। ২৭ ম্যাচে ৭৪ পয়েন্ট বার্সার। কালকের ম্যাচের আগে রিয়ালের পয়েন্ট ছিল ২৬ ম্যাচে ৬৪।বার্সেলোনার অসাধারণ পাসিং আর আক্রমণাত্মক ফুটবল এদিন দেখা যায়নি। আগামীকাল চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের জন্য কয়েকজন তারকা খেলোয়াড়কে বাদ দিয়েই নেমেছিল বার্সা। প্রথম লেগে আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে এসেছে তারা। আগামীকাল নিজেদের মাঠে দ্বিতীয় লেগে খেলতে নামার আগে এই জয়টিকে অনুপ্রেরণা মানছেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মিলিতো, ‘আমরা জিতেছি এবং এখন আমরা চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবতে পারি।’ন্যু ক্যাম্পে আসার আগে আর্সেনালের প্রস্তুতিটা অবশ্য ভালো হয়নি। প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ‘গানার’দের। এএফপি।