বার্সাকে বাস্তব বোঝাল ইন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অনেক কথাই বলেছেন হোসে মরিনহো। আসল কথাটাই বলেননি, ‘আমি স্পেশাল ওয়ান!’অন্য গ্রহের ফুটবল খেলতে থাকা, জাদুর মখমলের কার্পেটে উড়তে থাকা বার্সেলোনাকে পরশু বাস্তবতার মাটিতে নামিয়ে আনল হোসে মরিনহোর দল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়নদের হারাল ৩-১ গোলে। এই পরাজয়ে কোণঠাসা পেপ গার্দিওলার দল। বুধবার ফিরতি লেগে নিজেদের মাঠে কমপক্ষে ২-০ গোলে জিততে হবে বার্সেলোনাকে। ওই ম্যাচে ইন্টার এক গোল দিয়ে ফেললে ৩০ মিনিটের অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকের ঝামেলায় যেতে না চাইলে বার্সেলোনাকে জিততে হবে ৪-১ ব্যবধানে।পরশু প্রথম গোলটি কিন্তু বার্সাই পেয়েছিল। সান সিরোকে স্তব্ধ করে দিয়ে ১৯ মিনিটে প্রথম গোলটি করেন পেদ্রো। গোল শোধে মরিয়া ইন্টার পুয়োল-আলভেজদের ভুলের মাশুল তুলে নেয় ৩০ মিনিটে। ফাঁকায় দাঁড়িয়ে থাকা ওয়েসলি স্নাইডারের জোরালো শট সমতায় ফেরায় স্বাগতিকদের। এর পরই যেন বার্সার ওপর চড়ে বসে তারা।গোলক্ষুধা নিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই ঝাঁপিয়ে পড়ে ইন্টার। ৪৮ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে নেন মাইকন। ৬১ মিনিটে ডিয়েগো মিলিতোর তৃতীয় গোল যেন ঘুম ভাঙিয়ে দেয় গত মৌসুমের ছয়-ছয়টি শিরোপাজয়ীদের। শেষ ১০ মিনিটের একের পর এক সাঁড়াশি আক্রমণ যদিও ফল দিয়েছে শূন্য। বাসে করে তিন দেশ পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো দলটিকে ম্যাচ শেষে দেখাচ্ছিল ক্লান্ত-বিধ্বস্ত। ওদিকে ইন্টার যেন ২২ মে রিয়াল মাদ্রিদের মাঠ বার্নাব্যুর ফাইনালে নিজেদের দেখতে পাওয়ার উৎসবই করছিল এক ম্যাচ আগেই!অথচ এই ইন্টার ইউরোপের যোগ্য নয় বলে একরকম গালমন্দই শুনেছেন মরিনহো। সেসব সমালোচককে তাঁর পাল্টা জবাব, ‘অনেক গর্ব নিয়ে বলছি, আমরা মাদ্রিদে ফাইনাল খেলতে যেতে পারি, কিংবা ফিরে আসতে পারি বার্সেলোনা থেকেও। কিন্তু আমাদের মাথা উঁচুই থাকবে। মাদ্রিদে যেতে পারলে আমরা তো অবশ্যই খুশি হব। যেতে না পারলে হয়তো হতাশ হব। কিন্তু আমরা জানি, আমরা এরই মধ্যে অনেক বড় কিছু অর্জন করে ফেলেছি। যখন ইন্টারে এলাম গ্রুপ পর্বে কোয়ালিফাই করতেই দলটাকে যুঝতে দেখেছি। এখন ইন্টার চ্যাম্পিয়ন লিগের গ্রেট একটা দল। এ বছর শিরোপা যদি নাও জিতি আগামীবার, কিংবা তার পরেরবার ঠিকই জিতব।’কাতালান রাজ্যে এখনই হাহাকার উঠেছে। অনেকেই চ্যাম্পিয়নস লিগের সেই অপয়া ভূতের কথা বলছেন। যে ভূত তাড়া করে ফিরছে ২০ বছর ধরে। যার কারণে এই দুই দশকে কোনো দলই টানা দুবার চ্যাম্পিয়ন হতে পারেনি। ইন্টারের প্রতিবেশী এসি মিলান ১৯৮৯ আর ১৯৯০ সালে পর পর দুবার ইউরোপিয়ান কাপ জিতেছিল। এর পর থেকে শিরোপার নাম পাল্টে চ্যাম্পিয়নস লিগ হয়ে গেল। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরেরবার না জেতার এই চক্র ভাঙল না।গার্দিওলা অবশ্য ভীষণ আশাবাদী। তিনি এই বলে শিষ্যদের অনুপ্রাণিত করছেন, সত্যিকারের চ্যাম্পিয়নরা এ ধরনের পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়ায়। না হলে কীসের চ্যাম্পিয়ন! ‘এমনটা হতেই পারে, বিশেষ করে আপনি যখন সেমিফাইনালে খেলছেন, সেটিও ইন্টারের মতো দলের বিপক্ষে। পরাজয়টা যথার্থ হয়নি, তবে এখনো আমরা জিততে পারি।’অবধারিতভাবেই ১৪ ঘণ্টার শক্তিক্ষয়ী দীর্ঘ বাসভ্রমণের প্রসঙ্গ এল। মাঠে মেসি-জাভিদের যেন ক্লান্তও দেখাল। প্রশ্নটা শুনে গার্দিওলা উত্তর দিয়েছেন বিরক্তির সঙ্গে, ‘আমি জানি না, ওরা ক্লান্ত ছিল কি না। আমি তো আর ডাক্তার নই। তাই বলতে পারছি না এই যাত্রা ওদের কতটা ক্ষতি করেছে।’ এএফপি, ওয়েবসাইট।