বার্সাকে বিদায় মার্টিনোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরার্ডো মার্টিনো
জেরার্ডো মার্টিনো

মৌসুম শুরুর সপ্তাহ দুয়েক আগে অনেকটা অপ্রত্যাশিতভাবেই বার্সেলোনার কোচ হয়ে আসেন জেরার্ডো মার্টিনো। বার্সেলোনার মতো বিশ্বসেরা ক্লাবের দায়িত্ব পাওয়া এই আর্জেন্টাইন নিজের কাছেও ছিলেন বিস্ময়। কিন্তু তাঁর সেই বিস্ময়যাত্রায় যতি পড়ল এক মৌসুম শেষেই। মার্টিনো আর বার্সেলোনার কোচ থাকছেন না।
৫১ বছর বয়সী আর্জেন্টাইন কদিন আগেই বলেছিলেন বার্সা ছাড়তে তিনি প্রস্তুত। চূড়ান্ত মুহূর্তটা এসে যায় পরশু ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকোর সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচে ১-১ ড্র করার পর৷ লা লিগা শিরোপা হািরয়েছে বার্সা, পরপরই ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মার্টিনো। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি ঘোষণা করতে চাই, ক্লাবের সঙ্গে মতৈক্যে পৌঁছেছি যে বার্সেলোনার কোচ হিসেবে আমি থাকছি না।’
গত জুলাইয়ে আর্জেন্টাইন ক্লাব নিউওয়েল’স ওল্ড বয়েজকে কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালে নিয়ে যাওয়ার পর মার্টিনো পেয়ে যান বার্সার দায়িত্ব। নেপথ্যে ভূমিকা রেখেছেন লিওনেল মেসি৷ চুক্তি দুই বছরের। কিন্তু এক মৌসুম শেষে নিজেই চুক্তির পাট চুকিয়ে মার্টিনো হয়তো এতক্ষণে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন!
অথচ ন্যু ক্যাম্পে তাঁর শুরুটা দুর্দান্তই হয়েছিল৷ এই অ্যাটলেটিকোর বিপক্ষেই অ্যাওয়ে গোলের সুবাদে স্প্যানিশ সুপার কাপ জিতে শুরু। এরপর লিগে প্রথম আট ম্যাচেই জয়। সেই দলটিই কি না শেষ ২০ ম্যাচে হারিয়েছে ২২ পয়েন্ট! গত ছয় বছরের মধ্যে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের আগেই বিদায়। কোপা ডেল রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হার। বার্সেলোনার মৌসুম কাটল বড় কোনো শিরোপা ছাড়াই। ব্যর্থতার দায় নিয়েই চলে যাচ্ছেন মার্টিনো, ‘আমার ওপর বিশ্বাস রাখায় ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি দুঃখিত, আমরা লক্ষ্য অর্জন করতে পারিনি, ক্লাব সাধারণত যা করে থাকে।’
আগামী মৌসুমে মার্টিনোর জায়গায় ন্যু ক্যাম্পে থাকবেন অন্য কেউ। কে তিনি? সম্ভাব্য একটি নাম বাতাসে ভাসছে—বার্সেলোনারই সাবেক অধিনায়ক লুইস এনরিক। যিনি গত শুক্রবার সেল্টা ভিগোর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন৷ তাহলে কি দুইয়ে দুইয়ে চার মিলে যাচ্ছে? এএফপি।