এসি মিলান বার্সেলোনা ৮ শট ৭ ৩ গোলে শট ১ ১৬ ফাউল ১০ ৩ কর্নার ৪ ৪ অফসাইড ২ ২৭% বল দখল ৭৩% ২ হলুদ কার্ড ২ ০ লাল কার্ড ০ ১ সেভ ১শেষ বাঁশিটা বাজতেই সান সিরোতে গর্জন উঠল। কান পাতাই দায়। খেলোয়াড়েরাও মাঠে ছোটখাটো উৎসব করে ফেললেন। একে অন্যকে জড়িয়ে ধরলেন আলিঙ্গনে। মনে হলো, এসি মিলান বুঝি চ্যাম্পিয়নই হয়ে গেছে! অথচ দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগটাই এখনো বাকি। তবে পুরো ম্যাচ যদি দেখে থাকেন, এই সময়ের সবচেয়ে সেরা দলটিকে যেভাবে বোতলবন্দী করে ফেলল মিলান, এই আনন্দের সঙ্গে শিরোপা জয়ের আনন্দের মিল থাকতেই পারে। হ্যাঁ, ফিরতি লেগ বাকি বটে। সেটি হবে বার্সার মাঠ ন্যু ক্যাম্পে। তবে বার্সেলোনা নিজেও ভালো করে জানে, নিজেদের মাঠে মিলান-পর্বত ডিঙোতে হবে। টানা পাঁচ মৌসুম কমপক্ষে সেমিফাইনাল খেলেছে যে দল, সেই বার্সাই এখন দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ার আতঙ্কে! মাথার ওপর দুলছে সেই খড়্গ!বার্সেলোনার এই সর্বনাশ ডেকে এনেছেন দুই ‘ঘানাইয়ান’ মিডফিল্ডার। ৫৬ মিনিটে কেভিন প্রিন্স-বোয়াটেং, ৮১ মিনিটে সুলে মুনতারি। বোয়াটেংয়ের জন্ম-বেড়ে ওঠা জার্মানিতে হলেও শরীরে ঘানাইয়ান রক্ত। জাতীয় দল হিসেবেও ঘানাকেই বেছে নিয়েছেন। মুনতারি তো ঘানার দীর্ঘদিনের সৈনিক। তবে এই জয়ের আসল নায়ক ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। মিলান কোচের কৌশলের কাছেই হার মেনেছে এই মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা বার্সা। পুরো ম্যাচে বার্সা লক্ষ্যে শট নিতে পেরেছে মাত্র একটি! ভাবা যায়, লিওনেল মেসিকে বক্সেই ঢুকতে দেয়নি মিলানের অটুট রক্ষণ? জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার মধ্যে গড়তে দেয়নি সেতুবন্ধও।বার্সা অবশ্য প্রথম গোলটি নিয়ে ক্ষুব্ধ। বোয়াটেংয়ের নাগালে আসার আগে ক্রিস্টিয়ান জাপাতার হাতে লেগেছিল বলটি। দ্বিতীয় গোল নিয়ে অবশ্য কোনো সংশয়ই নেই। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা, একাই বার্সার রক্ষণকে কাঁপিয়ে দেওয়া স্টেফান এল শারাউয়ি নিজে সুযোগ পেয়েও অরক্ষিত মুনতারিকে বল ঠেলেছেন। মুনতারি বাঁ পায়েই নিয়েছেন জোরালো শট। শীতকালীন দলবদলে ইন্টার মিলান থেকে মিলানে আসা মুনতারির এই গোল শুধু জয়ই নিশ্চিত করেনি, বার্সাকে বিদায়ের রাস্তাও যেন দেখিয়ে দিচ্ছে।নিজেদের মাঠে ২-০ গোলে জিতলেও বার্সাকে যেতে হবে টাইব্রেকারের লটারিতে। সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে জিততে হবে ৩-০ গোলে। মিলান এদিন যেমন অটুট-অটল ইতালিয়ান চিরাচরিত রক্ষণভাগের যে প্রামাণ্যচিত্র বার্সাকে দেখিয়েছে, তাতে ন্যু ক্যাম্পে ৩-০ গোলে জেতা বার্সার জন্য কত বড় কঠিন পরীক্ষা হবে সে কথা না বললেও চলছে। পাশাপাশি এই তথ্যও মাথায় রাখুন, ফিরতি লেগে বার্সার জালে কোনো মতে একটা গোল দিতে পারলেই মেসিদের জন্য সমীকরণ হয়ে যাবে ভয়াবহ। ৩-১ গোলে জিতলেও লাভ হবে না। অ্যাওয়ে গোল মিলানকে তুলে দেবে শেষ আটে! ওদিকে অন্য ম্যাচে ১২ মিনিটে গোল করে এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত শালকের সঙ্গে ১-১ ড্র করেছে গ্যালাতাসারাই। তুরস্কের ক্লাবটির অবশ্য অন্য একটা প্রাপ্তি আছে এই ম্যাচে। টুর্নামেন্টে বুরাক ইলমাজের এটি সপ্তম গোল। তুর্কি ফরোয়ার্ড ধরে ফেলেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোকে। এএফপি, রয়টার্স।