বার্সাকে ভুলে যাওয়া স্বাদ দিল সেল্টিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবের ১২৫ বছর পূর্তি। ম্যাচের আগে তাই হয়ে গেল ছোটখাটো উৎসব। তবে আসল উৎসব সেল্টিক তখনো বাকি রেখেছিল। বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে স্কটিশ ক্লাবটি তুলে নিল স্মরণীয় জয়। ম্যাচের আগে বার্সা রক্ষণের ফাটল নিয়ে হওয়া আলোচনাটা উপপাদ্যের মতো প্রমাণিত হয়ে গেল নিল লেননের শিষ্যদের হাতে। আর এই স্মরণীয় জয় এনে দিলেন ভিক্টর ওয়ানিয়ামা আর টনি ওয়াট। ৯১ মিনিটে একটা গোল অবশ্য শোধ করে দেন লিওনেল মেসি। গোলের পর বুড়ো আঙুল চুষে উদ্যাপন করেছেন, এই গোল থিয়াগো মেসির জন্য। কিন্তু মেসির গোলটি এর চেয়ে বেশি গুরুত্ব পেল না।১৬ দশমিক ৪ শতাংশ বলের দখল রেখেই জিতে গেল ১৯৬৭ সালের ইউরোপ চ্যাম্পিয়নরা। অন্যদিকে ৮৪ শতাংশ বলের দখল, ২৫টি গোলের সুযোগ (যার আটটি শটই ছিল গোলে) তৈরি করেও হার মানতে হলো টিটো ভিলানোভার দলকে। তিন বছর পর এই প্রথম গ্রুপ পর্বে পরাজয়ের স্বাদ পেল বার্সা।মেসি অবশ্য পরাজয়ের জন্য ভাগ্যকে দুষেছেন। দুই সপ্তাহ আগে নিজেদের মাঠে সেল্টিকের বিপক্ষে একই স্কোরলাইনে জিতেছিল তাঁর দল। ওই ম্যাচের চেয়ে এ ম্যাচে বার্সা অনেক ভালো খেলেও জয় পায়নি বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সা দ্বিতীয় গোল খাওয়ার আগেই ২-১-এ এগিয়ে যেতে পারত। মেসির একটি শট লেগেছে ক্রসবারে। অ্যালেক্সিস সানচেজের আরেকটি শট লেগেছে ডান পোস্টে। তা ছাড়া ম্যাচের সেরা খেলোয়াড় হওয়া সেল্টিক গোলরক্ষক ফ্রেজার ফরস্টার এদিন সাতটি সেভ করেছেন, যার কয়েকটিই দুর্দান্ত।মেসির কণ্ঠে হতাশা ছিল স্পষ্ট, ‘আমরা সবকিছু ভালোমতোই করছিলাম। দুই সপ্তাহ আগে তাদের বিপক্ষে যেমন খেলেছি, তার চেয়ে আজ ভালোও খেলেছি। কিন্তু বল কোনোমতেই ভেতরে ঢুকছিল না। ন্যু ক্যাম্পে একই ব্যাপার ঘটেছে। ওরা রক্ষণাত্মক খেলে দ্রুত পাল্টা-আক্রমণের সুযোগ খুঁজেছে। কর্নার আর সেট পিসেও ওরা সাবলীল। এভাবেই করেছে দুটি গোল।’ থিয়াগোর জন্য সামনে আরও ভালো গোল করবেন বলেও কথা দিয়েছেন বাবা, ‘শেষ পর্যন্ত এই গোলের কোনো মূল্য থাকল না। ম্যাচটা তো ততক্ষণে আমরা হেরেই গেছি। থিয়াগোকে উৎসর্গ করার জন্য অবশ্য আরও অনেক গোল পড়েই রয়েছে।’কর্নার থেকে প্রথম গোলটি খাওয়া ২১ মিনিটে। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার জর্ডি আলবা পাহারা দিয়ে রাখলেও ঠেকাতে পারেননি তাঁর চেয়ে আট ইঞ্চি লম্বা ওয়ানিয়ামার হেড। ৮৩ মিনিটে দ্বিতীয় গোলটি লং বল থেকে। গোলরক্ষকের শটে উড়ে আসা বলটা বার্সা রক্ষণের ভুলে ওয়াট একদম ফাঁকায় পেয়ে গিয়েছিলেন, একা ছিলেন ভিক্টর ভালদেসও। এবারও কেন গ্রীষ্মে কোনো দীর্ঘকায় সেন্টারব্যাক কেনা হলো না—আরেকবার উচ্চারিত প্রশ্নটিকে আরও একবার পাত্তা দিলেন না ভিলানোভা, ‘আমরা লম্বা খেলোয়াড়দের সই করাতেই পারতাম। তবে আমি বেঞ্চে থেকে উপভোগই করতে চাই (বলের দখল রেখে), আমরা এভাবেই খেলি। এরিক আবিদাল আর সেইডু কেইটাকে হারানোর পর থেকেই সেট পিসে ভুগতে হচ্ছে। কিন্তু আমরা যেটা করতে পারি—আরও বেশি আক্রমণ, যাতে ওরা কর্নারই না পায়।’এই পরাজয়েও অবশ্য ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে বার্সা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা সেল্টিকের দ্বিতীয় রাউন্ডের আশাও উজ্জ্বল হলো। সামনে এখনো দুই ম্যাচ। সেই কথা তো মনে করিয়ে দিচ্ছেনই। তবে এই জয়ের তৃপ্তি যে অন্য রকম, সেটি বলতেও ভোলেননি লেনন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় রাত এটি। এটা অবিস্মরণীয় অর্জন।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।