বার্সাকে ভড়কে দিয়েছিল বেটিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪-৩-৩। রিয়াল বেটিসের কোচ পেপে মেল বুঝিয়ে দিলেন, আক্রমণের জবাব আক্রমণ দিয়েই দিতে চান। কিন্তু ডেভিড হয়ে গোলিয়াথের সঙ্গে লড়তে যাওয়া! সেটিও বার্সেলোনার মাঠে, যে মাঠে এই মৌসুমে তারা একটি গোলও খায়নি।ভাষ্যকাররা বলেই দিলেন, মেলের এই সিদ্ধান্ত সাহসী কিন্তু সেটি বোকামিও। কিন্তু ষষ্ঠ মিনিটেই বার্সার গোলমুখে বেটিসের দুর্দান্ত আক্রমণ। প্রথমবার কর্নার হজম করে গোলটা বাঁচালেন ভিক্টর ভালদেস। দ্বিতীয় দফা কর্নার থেকেও বিপজ্জনক হেড ঠেকাতে হলো বার্সা গোলরক্ষককে।কিন্তু বার্সেলোনা প্রথম সুযোগেই বুকে বসিয়ে দিল ছুরি। দেখতে না-দেখতেই বেটিসের জালে দুই গোল! দশম মিনিটে ৪০০তম লিগ ম্যাচ খেলতে নামা জাভি করলেন প্রথম গোলটি, ফ্যাব্রিগাসের শট পোস্টে লেগে ফিরে আসার মুখে জাভির নির্ভুল নিশানা। দ্বাদশ মিনিটে অ্যালেক্সিস সানচেজের দুর্দান্ত ক্রস থেকে লিওনেল মেসির নিখুঁত ফিনিশিং। দুই মিনিটের মধ্যেই স্কোর হয়ে গেল ২-০! কী আশ্চর্য, সাহসী বেটিস ঠিকই ২-২ করে ফেলল! মৌসুমে প্রথমবারের মতো নিজেদের মাঠে গোল খেল বার্সেলোনা। সেটিও এক জোড়া! প্রথমে ৩২ মিনিটে রুবেন কাস্ত্রো। এর পর ৫২ মিনিটে ম্যান সিটি থেকে ধারে খেলতে আসা রকে সান্তা ক্রুজ। বার্সা শিবির তখন রীতিমতো আতঙ্কিত। আগের ম্যাচে জিততে জিততে ড্র করে ফিরতে হয়েছে এসপানিওল থেকে। এই ম্যাচেও সেই পরিণতি বরণ করলে রিয়াল আর নাগালের মধ্যেই থাকবে না। এই আতঙ্কের মধ্যেই টানা দ্বিতীয় ম্যাচে ইচ্ছাকৃত হ্যান্ডবলের অপরাধে হলুদ কার্ড দেখলেন মেসি। ন্যায্য পেনাল্টি দাবি করে উল্টো ডাইভিংয়ের দোষে হলুদ কার্ড দেখলেন ইনিয়েস্তাও। বার্সার একের পর এক আক্রমণ ঠেকিয়ে গেল বেটিসের রক্ষণ। অবশেষে ৭৫ মিনিটে জাভির লম্বা থ্রু দারুণভাবে রিসিভ করে বক্সের ডান প্রান্ত থেকে সানচেজের জোরালো শট এগিয়ে দিল বার্সাকে। এর মিনিট পাঁচেক আগে মেসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেটিসকে ১০ জনের দল বানিয়ে দিয়েছেন মারিও।সাহসী বেটিসের আশার কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন মেসি, ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে। ইনিয়েস্তার ন্যায্য পেনাল্টিটাই যেন অন্যভাবে পেয়ে গেল বার্সা। রিপ্লে বলছিল, দোরাদোর হাতে বল লাগার আগেই বল লেগেছিল আবিদালের হাতে। শেষ পর্যন্ত ৪-২ গোলের পরাজয়ের পরও সাহসী বেটিস পেল বার্সার স্যালুট। আর বার্সাও রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল পাঁচে। পেয়ে গেল আগামীকালের ‘এল ক্লাসিকো’র আত্মবিশ্বাসের জ্বালানিও। রিয়ালের মাঠে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এএফপি, রয়টার্স।