বার্সাকে মরিনহোর হুঁশিয়ারি
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ এখনো ১১ দিন বাকি। কিন্তু এরই মধ্যে নিজের ‘কাজ’ শুরু করে দিয়েছেন হোসে মরিনহো। কাজ বলতে প্রতিপক্ষ শিবিরের দিকে কথার তোপ দাগানো। গ্রুপ পর্বেই এবার বার্সেলোনার মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান। সেই দুই দল আবারও মুখোমুখি ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে। স্বাভাবিকভাবেই গ্রুপ পর্বের ফলাফলের দিকে চোখ সবার। যে দুটো ম্যাচে প্রথমে নিজেদের মাঠে গোলশূন্য ড্রয়ের পর ন্যু ক্যাম্পে গিয়ে ০-২ গোলে হেরে এসেছিল ইন্টার।আর্সেনালকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়া বার্সেলোনাই সেমিফাইনালে ফেবারিট। সবাই তা-ই বলছেন। কিন্তু সেই কথায় সায় দিলে মরিনহো আবার ‘মরিনহো’ কেন! সেমিফাইনালে বার্সেলোনা অন্য এক ইন্টার মিলানকেই দেখবে, হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইন্টার মিলানের পর্তুগিজ কোচ মরিনহো, ‘এবার আমরা অন্য রকম খেলব। পুরোপুরি ভিন্ন।’সেমিফাইনালের প্রথম লেগটা হবে ইন্টার মিলানের মাঠে। ফিরতি লেগটা ন্যু ক্যাম্পে বলে একটা সুবিধা বার্সেলোনা পাবে। তবে এর জন্য ইন্টার ভালোভাবেই প্রস্তুতি নেবে বলেই জানিয়ে দিলেন মরিনহো, ‘এই দুই ম্যাচে কী করতে হবে সেটা আমরা জানি।’সিএসকেএ মস্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইন্টার। ইতালিয়ান পরাশক্তিরা সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল ১৯৬৫ সালে। আর এবার সেমিফাইনালে উঠল সাত বছর পর। কোয়ার্টার ফাইনালের দুই লেগের জয় মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা পাঁচটি ম্যাচ জিতল মরিনহোর দল। বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালে ভালো খেলার প্রেরণা এখান থেকেই খুঁজে নিতে চায় তারা। ‘এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা ৫ ম্যাচ জিতলাম আমরা। খুব সহজে সেমিফাইনালে উঠেছি। আর সেমিফাইনালে জায়গা পাওয়াটা আমাদের প্রাপ্যই ছিল। চ্যাম্পিয়নস লিগে ইন্টারের ইতিহাস পরিবর্তন হয়ে যাওয়ার কথাই বলতে পারি আমরা। আত্মবিশ্বাস আর সামর্থ্যের দিক দিয়ে এই ইন্টার দলটা অন্য রকম’—বললেন নিজের দলের প্রতি প্রগাঢ় আস্থা রাখা মরিনহো।শুধু আত্মবিশ্বাস দিয়ে কি ভয়ালসুন্দর বার্সাকে আটকানো যায়! একের পর এক দলকে তছনছ করে দিয়েই যে সেমিফাইনালে উঠেছে পেপ গার্দিওলার সর্বজয়ী দলটি। মরিনহোর বিশ্বাস, তাঁর মানসিকতায় বদলে যাওয়া দলটি পারবে। আর যদি না পারে তাতেও ক্ষতি নেই। যে ভিত্তি এবার গড়া হয়েছে, এর ওপর দাঁড়িয়ে পরের চ্যাম্পিয়নস লিগে আরও ভালো খেলবে ইন্টার। ২০০৪ সালে পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জেতানো মরিনহোর প্রত্যয়টা এমনই। এএফপি।