বার্সাকে হারিয়ে ম্যানইউর প্রতিশোধ!
দুই মাস আগের স্মৃতিটা নিশ্চয়ই ভুলে যায়নি ম্যানইউ। ভুলে যাওয়ার কথা নয় ম্যানইউ-ভক্তদেরও। ওয়েম্বলিতে ম্যানইউকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগ শিরোপা তুলে নিয়েছিল বার্সেলোনা। ওই ম্যাচের শোধটা ম্যানইউ নিয়ে নিল ল্যান্ডোভারে।বার্সাকে হারিয়ে ম্যানইউ বড় কোনো শিরোপা জিতেছে, এমনটা নয়। হোক না ম্যাচটি প্রীতির। তবে গত রাতের ২-১ গোলের জয়টা দুই মাস আগে পাওয়া ম্যানইউ-ভক্তদের মনঃকষ্টে কিছুটা হলেও প্রলেপ দেবে, সন্দেহ নেই।প্রীতি ম্যাচটা যে প্রীতির গণ্ডি ছাড়িয়ে ম্যানইউর জন্য ‘প্রতিশোধের’ ছিল, সেটা ম্যাচ শেষে বলে দিয়েছেন ডিফেন্ডার প্যাট্রিক ইভরা, ‘ম্যানইউর জন্য এটি কখনোই প্রীতি ম্যাচ ছিল না।’ম্যাচের ২২ মিনিটে গোলের সূচনা করেন ম্যানইউর নানি। ৭০ মিনিটে বার্সাকে সমতায় ফেরান থিয়াগো। তবে এর ছয় মিনিট পর ম্যানইউর জয়সূচক গোলটি করেন মাইকেল ওয়েন।এ ম্যাচে তারকাহীন ছিল বার্সা—ম্যানইউর প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ‘সহায়ক’ ছিল সম্ভবত এটিই। কোপা আমেরিকার পর এখনো দলে যোগ দেননি গত মৌসুমে বার্সার হয়ে ৫৩ গোল করা লিওনেল মেসি। মিডফিল্ডার জাভি হার্নান্দেজ খেলেননি। এমনকি ছিলেন না রক্ষণভাগের তিন কাণ্ডারি কার্লোস পুয়োল, জেরার্ড পিকে ও দানি আলভেজ। ওয়েবসাইট।